৮ বছর পর বড়পর্দায় একসঙ্গে রাহুল-প্রীতি, আসছে হ্যাপি হ্যাপি ফ্যামিলি, কী বললেন নায়ক?

অনুরাগের ছোঁয়া শেষ হতে না হতেই নতুন চমক রাহুল মজুমদারের।  ৮ বছর পর আবার তিনি জুটি বাঁধতে চলেছেন স্ত্রী প্রীতি বিশ্বাসের সঙ্গে।

Published on: Dec 12, 2025 8:29 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘অনুরাগের ছোঁয়া’ শেষ হয়েছে, বেশিদিন অপেক্ষা করালেন না রাহুল মজুমদার। ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন সুখবর দিলেন অভিনেতা। ৮ বছর পর আবার তিনি জুটি বাঁধতে চলেছেন স্ত্রী প্রীতি বিশ্বাসের সঙ্গে। তাও আবার বড়পর্দায়।

৮ বছর পর পর্দায় জুটি রাহুল-প্রীতির
৮ বছর পর পর্দায় জুটি রাহুল-প্রীতির

২০১৭ সালে ‘রংরুট’ ছবিতে প্রথমবার এই জুটি অভিনয় করেছিলেন। ওই ছবিতেই প্রথম একে অপরের সঙ্গে দেখা হয়েছিল রাহুল এবং প্রীতির, তারপর বন্ধুত্ব, প্রেম, বিয়ে। এর মধ্যেই দম্পতির জীবনে এসেছে ছোট্ট অতিথি আইরা। সব কিছু সামলে আবার বড় পর্দায় ফিরছে রাহুল-প্রীতি জুটি। ছবির নাম হ্যাপি হ্যাপি ফ্যামিলি। পরিচালনায় রাহুল বিশ্বাস।

আরও পড়ুন: মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন শাহরুখ, নিজেই জানালেন সে কথা

সম্প্রতি নতুন ছবি নিয়ে হিন্দুস্থান টাইমস বাংলাকে রাহুল বলেন, ‘এখন প্রায় প্রত্যেক পরিবারেই একাধিক সমস্যা থাকে। এই সমস্যা নিয়ে আমাদের সকলকে ডিল করতে হয়। ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’ হল এমন একটি এজেন্সি যারা মানুষের পরিবারের সমস্যা মেটায়। আমি সেই ফ্যামিলির একটা পার্ট। আজকাল অনেকের মেন্টাল ব্লকেজ থাকে, কেউ খেতে খুব ভালোবাসে-প্রীতির চরিত্রটা সেইরকম। আজকাল সোশ্যাল মিডিয়ায় চলছে কেউ মোটা হলেই বডি শেমিং করা। তার কোনও রোগ আছে কিনা, কোনও হরমোন্যাল ইমব্যালেন্সের প্রবলেম আছে কিনা। কেউ সেগুলো বিচার করে না'।

রাহুল আরও বলেন, ‘প্রীতির সঙ্গে কাজ করাটা সবসময়ই বাড়তি পাওয়ান। ও নিজেও মা হওয়ার পর ক্যামেরার সামনে দাঁড়াতে ইতস্তত বোধ করছিল। আমি এবং ওর দাদা জোর করি যে তুই কর।'

আরও পড়ুন: মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করতেই মার খেতে হল অঙ্কুশকে, বাঁচাতে পারবে ঐন্দ্রিলা?

অভিনেতা বলেন, ‘এত বছর পর প্রীতির সঙ্গে অভিনয় করতে পেরে ভীষণ ভালো লাগছে। এতদিন পর ওর সঙ্গে আবার কাজ করতে পারলাম, ও একজন দুর্দান্ত অভিনেত্রী। তবে ও প্রথম প্রথম রাজি হয়নি কারণ ও ভীষণ ভয় পাচ্ছিল সব ব্যাপারটা নিয়ে। এই সমস্যাও তুলে ধরা হয়েছে ছবির মধ্যে।’

সবশেষে রাহুল বলেন, ‘লোকের চিন্তা করে যদি আমরা পথ চলা বন্ধ করে দিই তাহলে তো আমাদেরই ক্ষতি হয়ে যাবে। লোকে যে যাই বলুক না কেন আমাদের নিজেদের মতো এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মূল মন্ত্র আর এটাই দেখানো হয়েছে ছবির মধ্যে।’

রাহুল জানান, ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই ছবির পোস্টার এবং ট্রেলার মুক্তি পাবে। খুব সম্ভবত আগামী বছরের গোড়ার দিকেই মুক্তি পাবে এই ছবিটি।

প্রসঙ্গত, মা হওয়ার পর আবার নতুন করে কাজে ফেরার চেষ্টা করছেন প্রীতি, আর এটাই অভিনেত্রীর ভক্তদের কাছে বড় খবর। অন্যদিকে ‘অনুরাগের ছোঁয়া’ শেষ হতেই আবার বড় পর্দায় রাহুলকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।