মেসি বিতর্কে শুভশ্রীর পাশে রাজ, টিটাগড় থানায় করলেন অভিযোগ দায়ের
যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে না দেখতে পেয়ে যতটা ক্ষুব্ধ দর্শক, তার থেকেও যেন সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে না দেখতে পেয়ে যতটা ক্ষুব্ধ দর্শক, তার থেকেও যেন সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। হাজার হাজার টাকার টিকিটের বিনিময়ে যেখানে মেসিকে এক সেকেন্ডের জন্য দেখতে পারলেন না সাধারণ মানুষ, সেখানে মেসির একদম পাশে দাঁড়িয়ে শুভশ্রীর ছবি তোলা এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট এই সব কিছু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় এই ট্রোলিং নিয়ে শুভশ্রী কোনও কথা না বললেও স্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য প্রথম থেকেই মাঠে নেমেছেন রাজ চক্রবর্তী। শুভশ্রীকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়া তোলপাড় ঠিক তখনই একটি পোষ্টের মাধ্যমে পরিচালক লেখেন, ‘শুভশ্রী একজন মা, একজন অভিনেত্রী, একজন বন্ধু আবার কারও ফ্যান। আপনারা কতটুকু জানেন ওকে? অভিনেত্রী বলে কি ও মেসি ভক্ত হতে পারে না?’
আরও পড়ুন: জুবিনের কনসার্টে চরম বিশৃঙ্খলা, গান শুনতে এসে আহত একাধিক
সোশ্যাল মিডিয়ায় ট্রোলের জবাব শুধু দিয়েই ক্ষান্ত হননি রাজ। স্ত্রীকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, তার যোগ্য জবাব দেওয়ার জন্য এবার টিটাগড় থানায় অভিযোগ দায়ের করলেন তারকা বিধায়ক। শুভশ্রীকে যেভাবে নোংরা কুৎসিত ভাবে আক্রমণ করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান রাজ।
এই দিন থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একজন নারীকে তাঁর শারীরিক গঠন এবং বাচ্চাকাচ্চা নিয়ে যেভাবে অপমান করা হচ্ছে বা নোংরা ইঙ্গিত করা হচ্ছে সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যারা কমেন্ট করেছেন তাদের আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি।’
রাজ আরও বলেন, ‘শুধু শুভশ্রী বলে নয় পথে ঘাটে যে কোনও মেয়েকে যদি এইভাবে আক্রমণ করা হয় তাহলে তখনও আমি একইভাবে প্রতিবাদ জানাব। দর্শকরা হাজার হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে পাননি। তা অত্যন্ত দুঃখজনক কিন্তু তা বলে শুভশ্রীকে ব্যক্তিগত আক্রমণ করা যায় না।’
আরও পড়ুন: ‘বর্ষা’ এখন অতীত, স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আগেই প্রেমে মজলেন পর্দার ‘বুবলাই’
সবশেষে বিধায়ক বলেন, ‘আমার সামনে যদি এমন কথা কেউ বলে বা কারও বলার সাহস থাকে তাহলে বলে দেখাক। আমার সামনে এমন কথা বললে আমি তার জিভ এবং চোখ দুটোই উপড়ে ফেলতে পারি। ক্ষমতা থাকলে আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলুক।’
প্রসঙ্গত, কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে যে দৃশ্য দর্শকরা দেখল, তারপরেই কিন্তু হায়দরাবাদ এবং মুম্বইতে দেখা গেল একেবারে অন্যরকম একটা দৃশ্য। কিন্তু মুম্বইয়ে করিনা কাপুর খান যখন তাঁর সন্তানদের নিয়ে মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুললেন তখনই আরও একবার প্রশ্ন উঠল তাহলে শুভশ্রীর বেলায় এমন ইঙ্গিত করা হল কেন? কেন করিনা কাপুর খানকে নিয়ে কেউ কোনও কথা বলছেন না? কেন শুধুমাত্র শুভশ্রীকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হল?












