Raj on Dev-Subhashree: ‘দেব-শুভশ্রীর বিয়েটা হলে ভালোই হত…’, বউ প্রাক্তনের হাত ধরতেই বড় মন্তব্য রাজের!

টলিউডের অন্দরে কান পাতলে এক সময় দেব-শুভশ্রীর প্রেমকাহিনি নিয়ে জল্পনার অন্ত ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সমীকরণ বদলেছে। শুভশ্রী এখন রাজ-ঘরনী। সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীর একটি মন্তব্য এই পুরনো কাসুন্দি আবার উসকে দিয়েছে। ‘শুভশ্রী আমার কপালেই ছিল’, দেবের সঙ্গে প্রেম নিয়ে রাজের গলায় এ কেমন সুর!

Published on: Jan 20, 2026 11:30 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অতীত কি সত্যিই কখনও পিছু ছাড়ে? নাকি অতীতকে মেনে নিয়েই বর্তমানে সুন্দর করে বাঁচা যায়? টলিউডের পাওয়ার কাপল রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের রসায়ন অন্তত দ্বিতীয় কথাটাই বলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্ত্রী-দুই সন্তানের মায়ের অতীত নিয়ে রাজ যা বলেছেন তা অনেককেই অবাক করেছে। একসময় দেব এবং শুভশ্রীর প্রেম ছিল টলিপাড়ার ‘হট টপিক’। কাকতালীয় ব্য়াপার হল, দেশু জুটির শুরুটা রাজের হাত ধরেই।

‘দেব-শুভশ্রীর বিয়েটা হলে ভালোই হত…’, বউ প্রাক্তনের হাত ধরতেই বড় মন্তব্য রাজের!
‘দেব-শুভশ্রীর বিয়েটা হলে ভালোই হত…’, বউ প্রাক্তনের হাত ধরতেই বড় মন্তব্য রাজের!

দেব- শুভশ্রীর প্রেমের সাক্ষী থেকেছেন রাজ। সেই স্মৃতি মনে করে টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রাজের মন্তব্য, ‘আমারও এক সময় মনে হয়েছিল ওদের বিয়ে হলে বোধহয় ভালোই হত!’ তবে তার পরেই এল সেই অমোঘ স্বীকারোক্তি— ‘কিন্তু শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল। কিছু করার নেই। আর আমি শুভশ্রীর কপালে ছিলাম কিছু করার নেই। আমরা কিন্তু খুব হ্যাপি। আর দেবের সঙ্গেও যার বিয়ে হবে সে খুব হ্যাপি থাকবে। দেব খুব ভালো ছেলে।’

স্ত্রীর প্রাক্তন প্রেম নিয়ে এমন পরিণত জবাব বোধহয় খুব কম পুরুষই দিতে পারবে। বিশেষত দীর্ঘ এক দশক পর ফের দেবের হাত ধরেছেন শুভশ্রী। দেবের ৫১তম ছবির নায়িকা রাজ ঘরণী। রবিবার ফেসবুক লাইভেও এসেছিলেন দুজনে। ধুমকেতুর সাফল্যের পর বাংলা ছবির স্বার্থে ফের প্রাক্তন প্রেমিকের নায়িকা হতেও কুণ্ঠাবোধ করেননি শুভশ্রী। ভুলেছেন সব তিক্ততা। সেই আবহে রাজের এই মন্তব্য় সত্য়িই প্রশংসার দাবি রাখে।

এক সময় দেব-শুভশ্রী জুটি মানেই ছিল বক্স অফিস হিট। পর্দার রসায়ন বাস্তবেও গড়িয়েছিল অনেক দূর। তবে বিচ্ছেদ হওয়ার অনেকটা পর শুভশ্রীর জীবনে আসেন রাজ। রাজের কথায়, সবটাই ভাগ্যের লিখন। তিনি অকপটে স্বীকার করেছেন যে, দেব-শুভশ্রী জুটির অনুরাগীদের মতো তিনিও এক সময় তাঁদের সম্পর্কের শুভকামনা করেছিলেন। কিন্তু শেষমেশ নিয়তি শুভশ্রীকে রাজের ঘরনী হিসেবেই নির্ধারণ করে রেখেছিল।

রাজের এই মন্তব্য আসলে তাঁর এবং শুভশ্রীর মধ্যকার গভীর বিশ্বাসের প্রতিফলন। কোনো লুকোছাপা নয়, বরং স্ত্রীর অতীতকে সম্মান জানিয়েই রাজ বুঝিয়ে দিয়েছেন তাঁদের বর্তমান সম্পর্কের ভিত কতটা মজবুত। শুভশ্রটিও বারবার জানিয়েছেন, রাজের মধ্যেই তিনি তাঁর কাঙ্ক্ষিত স্থিরতা খুঁজে পেয়েছেন। আজ তাঁরা দুই সন্তানের বাবা-মা, আরবানার সেই সুখের নীড় এখন টলিপাড়ার অন্যতম আদর্শ ঠিকানা।

রাজের এই ‘স্পোর্টিং’ মন্তব্যে খুশি নেটিজেনরাও। অনেকেই বলছেন, প্রাক্তনকে নিয়ে এমন সাবলীল কথা কেবল রাজ চক্রবর্তীর পক্ষেই বলা সম্ভব। তিক্ততা ভুলে সদ্ভাব বজায় রাখা আর জীবনসঙ্গিনীর অতীতকে সহজভাবে গ্রহণ করাই হল প্রকৃত ভালোবাসার লক্ষণ।

রবিবার ফেসবুক লাইভেও দেব-শুভশ্রী নিজেদের অনুরাগীদের কাছে আবেদন করেন, তাঁদের সঙ্গীদের কটূক্তি না করতে। দেব বলেন,'দয়া করে এমন কিছু মন্তব্য করবেন না যাতে আমাদের মনে না হয় যে আমাদের সঙ্গীকে অপমান করা হচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমি জানি স্যোশাল মিডিয়া কারুর নিয়ন্ত্রণে নেই, যে যা খুশি লিখতে পারেন। কিন্তু লেখার আগে একটু বুঝতে চেষ্টা করবেন যে ‘দেশু ৭’-এর উন্মাদনার মাধ্যমে আবার বাংলা ছবির অবস্থার একটু পরিবর্তনের চেষ্টা করছি, তাহলে লিখবেন না।’ অন্যদিকে, শুভশ্রী বলেন, ‘আমরা এটাই চাইব যে আমাদের যতটা সম্মান করা হচ্ছে তার থেকেও বেশি সম্মান আমাদের সঙ্গীদের দেওয়া হোক।’