Ranojoy-Shyamouti: ১৪ ফেব্রুয়ারি বিয়ে, একইদিনে রিসেপশন! ২৩ বছরে সাত পাক শ্য়ামৌপ্তির,রণজয় বয়সে কত বড়?
তাঁর জীবনে প্রেম এসেছে বারবার, কিন্তু থিতু হননি রণজয়। অবশেষে মাত্র ২৩ বছরের শ্যামৌপ্তির গলায় মালা দিতে চলেছেন গুড্ডির নায়ক।
তিনি ছোটপর্দার অনুজ স্য়ার। কারুর কাছে আবার আদরের অনিকেত। রণজয় বিষ্ণু বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক। কিন্তু হাজারো মহিলা অনুরাগীর হৃদয় ভেঙে প্রেম দিবসেই সাত পাক ঘুরবেন অভিনেতা। পাত্রী তাঁর ‘গুড্ডি’ নায়িকা শ্যামৌপ্তি মুদলি। গত কয়েক বছরে রণজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনা হয়নি।

সোহিনীর সঙ্গে ব্রেকআপ হোক বা পুরোনো সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া- সবই চলেছে। কিন্তু শেষমেশ শ্য়ামৌপ্তিতেই বাঁধা পড়ছেন রণজয়। ভ্যালেন্টাইন্স ডে-র দিন দক্ষিণ কলকাতার সার্দান অ্য়াভিনিউর এক বাড়িতে হবে রণজয়-শ্যামৌপ্তির বিয়ের অনুষ্ঠান। একইদিনে বিয়ে আর রিসেপশন। ছিমছাম অনুষ্ঠান করেই বিয়েটা সারবেন দুজনে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তাঁরা। যদিও এখনই নিজেদের বিয়ে নিয়ে সংবাদমাধ্য়মের সামনে মুখ খুলতে না-রাজ দুজনে।
তবে ঘনিষ্ঠসূত্রের খবর, বাড়তি দেখনদারির পথে হাঁটবেন না রণজয়। সাদামাটা বিয়ের অনুষ্ঠানই পছন্দ তাঁর। একটা সময় সোহিনী সরকারের সঙ্গে মাখোমাখো সম্পর্ক ছিল রণজয়ের। লিভ ইনও করেছেন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক আজ অতীত। বছর কয়েক আগে শোভনে বাঁধা পড়েন সোহিনী। এখন তাঁর সুখী দাম্পত্য। ওদিকে রণজয় আগামী মাসেই তাঁর ‘গুড্ডি’ নায়িকা শ্যামৌপ্তির সঙ্গে সাত জন্মের বন্ধনে বাঁধা পড়বেন।
প্রাক্তন প্রেমিকা সোহিনীর বিয়ের পরপরই নায়কের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে হাজির হন তাঁর একাধিক প্রাক্তন প্রেমিকা! সেই বিতর্ক এখন খানিক থিতু হয়েছে। সেই গোটা বিতর্কিত পর্বে রণজয়ের হাতটা শক্ত করে ধরেছিলেন শ্যামৌপ্তি। স্টার জলসার গুড্ডি ধারাবাহিকের সেটে শুরু তাঁদের বন্ধুত্ব। তাতে প্রেমের রঙ লাগে মাস কয়েক পরে। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি সেভাবে কথা বলেননি তাঁরা।
বয়সে নায়কের চেয়ে অনেকটা ছোট অভিনেত্রী। কিন্তু তাঁর ম্য়াচিউরিটি অবাক করা। কমিটমেন্ট ফোবিয়া নেই, তাই তো মাত্র ২৩ বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন শ্যামৌপ্তি। ২০০২ সালের ৪ নভেম্বর জন্ম শ্যামোপ্তির। সেই অর্থে ২৩ বছর বয়স নায়িকার। অন্যদিকে, রণজয়ের জন্ম ১৯৮৮ সালের মার্চ মাসে। সুতরাং দুজনের বয়সে ফারাক প্রায় ১৪ বছরের! কিন্তু তাঁদের বয়সের এই ব্যাবধান কোনওদিন দুজনের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়নি। এবার নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন রণজয়-শ্যামৌপ্তি।
রণজয়কে শেষ ছোটপর্দায় দেখা গিয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। মাঝে গুঞ্জন উঠেছিল জীতু কমলের বদলি হিসাবে চিরদিনই তুমি যে আমার এ দেখা যাবে তাঁকে। যদিও সে-সব এখন অতীত। এখন শ্যামৌপ্তির ‘সান্টা’ রণজয় বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
E-Paper











