Salman-Dharmendra: তিনি ধর্মেন্দ্রর ছেলে! বাবা হারানোর শোকের ভুগছেন, বিগ বসের মঞ্চে চোখে জল সলমনের

ধর্মেন্দ্র আর নেই! সলমনের মুখে এই দুঃসংবাদ শুনে চমকে যান তিনমাস ধরে বিগ বসের ঘরেবন্দি সদস্য়রা। পিতৃতুল্য ধর্মেন্দ্রকে হারিয়ে শোকস্তব্ধ সলমন।

Published on: Dec 08, 2025 7:30 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'বিগ বস ১৯' এর গ্র্যান্ড ফিনালেতে আবেগঘন সলমন খান, চোখে জল নিয়ে এদিন নিজের গুরু দায়িত্ব পালন করলেন ভাইজান। হিন্দি সিনেমার হি-ম্যান ধর্মেন্দ্রর প্রয়াণে মনভার সকলের, তবে ধর্মন্দ্রর মৃত্যু সলমনের কাছে ব্যক্তিগত শোক। তাই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। ধর্মেন্দ্রর মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে গিয়েছিলেন 'বিগ বস ১৯' এর ফাইনালিস্টরা। এরপরই সলমন খান ও শোয়ের প্রতিযোগীরা উঠে দাঁড়িয়ে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান।

তিনি ধর্মেন্দ্রর ছেলে! বাবা হারানোর শোকের ভুগছেন, বিগ বসের মঞ্চে চোখে জল সলমনের
তিনি ধর্মেন্দ্রর ছেলে! বাবা হারানোর শোকের ভুগছেন, বিগ বসের মঞ্চে চোখে জল সলমনের

সলমন বলেন, ‘আপনারা যখন ভেতরে ছিলেন তখন আমরা আমাদের হি-ম্যানকে হারিয়েছিলাম। আমরা সেরা মানুষটিকে হারিয়েছি। আমি মনে করি না যে ধরমজির চেয়ে ভাল ব্যক্তি আর কেউ আছেন। তিনি রাজার মতো জীবনযাপন করেছেন, খোলা হৃদয়ে সময় কাটিয়েছেন। তিনি ৬০ বছর ধরে মানুষকে বিনোদন দিয়েছেন। তিনি আমাদের সানি দেওল, ববি দেওল এবং এশা দেওলের মতো অভিনেতাদের উপহার দিয়েছেন’। ভাইজান আরও বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চলচ্চিত্র জগতে আসার পর থেকে শেষ পর্যন্ত তাঁর একটাই স্বপ্ন ছিল কাজ করা, ভালো কাজ করা। সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিনি কৌতুক করেছেন,রোম্যান্স করেছেন, ড্রামা করেছেন। সব ধরনের চরিত্রই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। আমার ক্যারিয়ারের গ্রাফ, আমি কেবল ধরমজিকে অনুসরণ করেছি এবং অন্য কোনও অভিনেতাকে অনুসরণ করিনি। কারণ তিনি একজন নিরীহ মানুষ এবং পেশিসুলভ শরীর নিয়ে এসেছিলেন। তিনি একটি মনোমুগ্ধকর চরিত্র, একটি শক্তি নিয়ে এসেছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর কাছে এটি ছিল। তোমাকে ভালোবাসি ধরমজি। ’

ধর্মেন্দ্র জীবদ্দশায় জানিয়ে গিয়েছেন, তাঁর বায়োপিক হলে ছেলে সানি বা ববি নন সেই ছবিতে অভিনয় করবেন তাঁর আরেক ‘বেটা’ সলমন খান। ভাইজানকে পুত্রস্নেহে কাছে টেনে নিয়েছিলেন ধর্মেন্দ্র। নিজের পিতৃতুল্য সিনিয়র অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ সলমন খান।