Samrat-Moyna: ‘সন্তান জন্ম দেওয়াটা কোনো কৃতিত্ব নয়…’! স্ত্রী ময়নার তিন বার গর্ভপাত করানো সম্রাটের কথায় চটল নেটপাড়া
স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে এসে দম্পতি জানিয়েছিলেন যে, তিনবার গর্ভপাত করেছিলেন সম্রাট ও ময়না। তারপর থেকে বারংবার ট্রোলের মুখে পড়েছেন এই কারণে। এবারে কী যুক্তি দিলেন?
দেখতে দেখতে দাম্পত্যের বয়স ২৩ সম্রাট ও ময়না মুখোপাধ্যায়ের। মডেলিং থেকে অভিনয়, সর্বত্রই বেশ পরিচিত ও সফল মুখ সম্রাট। তবে দম্পতির বিয়ের বয়স ২৩ হলেও, সন্তানের জন্ম দিয়েছেন অনেক পড়ে। তাঁদের যমজ সন্তানের বয়স এখন মাত্র ৮। এর আগে স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে এসে দম্পতি জানিয়েছিলেন যে, তিনবার গর্ভপাত করেছিলেন তাঁরা। কারণ দুজনে তখন সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।

সম্প্রতি সঙ্গে সঙ্গীতা নামক পডকাস্টে এসে সম্রাট বলেন, ‘যখন স্ট্রাগল করছিলাম, তখন ময়না প্রেগন্যান্ট হয়। আমি তখন বলেছিলাম এই মুহূর্তে সন্তানাদি এলে, বিপদ হবে। ও আমার কথা শুনেছিল। আমরা গর্ভপাত করিয়েছিলাম। দেখো সন্তান জন্ম দেওয়াটা কোনো কৃতিত্ব নয়। কৃতিত্ব হচ্ছে যখন তুমি সেই সন্তানকে সঠিক শিক্ষা, সঠিক বেড়ে ওঠা দিতে পারবে। তুমি তোমার টাইমপাসের জন্য, তোমার ফূর্তির জন্য বাচ্চাটাকে নিয়ে আসছ। আমার বাচ্চাদের বয়স ৭ কিংবা ৮ বছর। আমি তো বুঝতে পারছি ওরা দুর্ধর্ষ একটা টাইম মাস। এবার ওরা আমার বুড়ো বয়সের লাঠি হবে এই ভেবে তো সন্তানকে আনিনি এই পৃথিবীতে।’
আরও পড়ুন: মুখ ঢেকে রেখেছিলেন প্রেমিকের! অভিষেক অতীত, জলসা অ্যাওয়ার্ডে এসে মিস্ট্রি ম্যানকে নিয়ে কী বললেন দিয়া?
তবে সম্রাটের এহেন মন্তব্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ার। একজন কমেন্টে লেখেন, ‘জানোই যখন দায়িত্ব নিতে পারবে না, তাহলে প্রোটেকশন কেন ইউজ করোনি। আশ্চর্য যুক্তি’! আরেকজন লেখেন, ‘কত মা বাবা স্ট্রাগল করছে সন্তান জন্ম দিতে, আজকের দিনে সন্তান জন্ম দেওয়া একটা বড় কৃতিত্ব! হ্যাঁ এবার যদি জন্ম না দিতে না চায় সেটা আলাদা ব্যাপার! বাচ্চা জন্ম দেওয়াটা ফুর্তি না, মদ খেয়ে লোক কে ধাক্কা মারাটা ফূর্তি!’
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ড্রিংক অ্য়ান্ড ড্রাইভের কেসে হাজতবাস হয়েছিল সম্রাটের। ২০২৪ সালের ২০ আগস্ট এই ঘটনায় আহত হন পেশায় আইসক্রিম ব্যবসায়ী, সৌরভ হালদার নামে এক যুবক।
এর আগে ইম্মার্ট জোড়ি শো-তে গর্ভপাত নিয়ে সম্রাটের সাফ জবাব ছিল, ‘তখন সবে আমাদের অভিনয় জীবন শুরু হয়েছে। এই সময়ে যদি আমরা আটকে পড়ি, চাপ হয়ে যেতে পারে।’ ওই রিয়্যালিটি শোয়ের সঞ্চালক ছিলেন অভিনেতা জিৎ। তিনি নিজে সম্রাটের এই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারেননি। বলেছিলেন, ‘পয়সা দিয়ে জীবনের সব কিছু হয়, এ আমি মানি না।’
E-Paper











