বিফ-কাণ্ড অতীত! সোশ্যাল মিডিয়ায় ফিরলেন সায়ক, নেই কোনো কথা, কীসের ছবি দিলেন?
বিফ কাণ্ডের পর বিতর্কের জেরে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সায়ক চক্রবর্তী। ফিরলেন প্রায় সপ্তাহখানেক পর। নেই কোনো কথা, দিলেন শুধুই ছবি।
কদিন আগেই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল কনটেন্ট ক্রিয়েটার সায়ক চক্রবর্তীকে নিয়ে। পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি বন্ধুদের সঙ্গে। তাঁর অভিযোগ তিনি নাকি অর্ডার করেছিলেন মটন স্টেক। আর তার পরিবর্তে তাঁকে পরিবেশন করা হয় বিফ স্টেক। আর না বুঝেই তা খেয়ে নেন। পরে ওয়েটার এক প্লেট মটন স্টেক এনে রাখলে বোঝা যায়, অর্ডারের গন্ডগোল হয়ে গিয়েছে। এরপর এটা নিয়েই কনটেন্ট বানিয়ে ফেলেন সায়ক। চিৎকার করে ওয়েটারের ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মুসলিম শুনে বলে ওঠেন, ‘আমি ব্রাহ্মণ, আপনি আমাকে গো মাতা খাওয়ালেন’। তবে দেখা যায়, নেটিজেনদের কাছ থেকে আসে বিরূপ প্রতিক্রিয়া। উল্টে প্রশ্ন করা হয়, কেন তিনি এমন রেস্তোরাঁয় গিয়েছেন যেখানে বিফ রান্না করা হয়, যেখানে তিনি নিজের ‘ব্রাহ্মণত্ব’ নিয়ে এতই চিন্তিত। সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠে সাম্প্রদায়িক আশান্তি লাগানোর অভিযোগ। এমনকী, একাংশ তো নামের পাশে ‘বিজেপির দালাল’ ট্যাগও দেন বসিয়ে।

এই বিতর্কের জেরে নিজেকে একেবারেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেন সায়ক। তবে কয়েকদিন বিরতির পর এল ফেসবুক পোস্ট। তা কী পোস্ট করলেন তিনি? আসলেই যেন ভাষা হারিয়েছেন সায়ক। আশ্রয় খুঁজলেন প্রকৃতির মাঝে। প্রজাপতি, কাঠবিড়ালি, পাখি, শাপলা, চাঁদের ছবি দিলেন। তবে সেখানেও কোনো ক্যাপশন নেই।
আরও পড়ুন: লোপামুদ্রার জন্মদিনে সস্ত্রীক অরিজিৎ! খাওয়ান পায়েস, ফুল উপহার কোয়েলের, মিষ্টি মুহূর্ত ভাইরাল
আর এই পোস্টের কমেন্ট সেকশনে চোখ রাখতে দেখা গেল একজন কমেন্টে লিখেছেন, ‘এরাই প্রকৃত বন্ধু!!’ আরেকটি কমেন্টে লেখা, ‘সাফল্যের দিকে এগোলে শত্রুও তৈরি হয়। তোমার ফেরার অপেক্ষায় রইলাম’। আরেকজন লেখেন, ‘ভালো থেকো, প্রকৃতির সঙ্গে জুড়ে থেকো’।
একটা সময় টলিপাড়ার পরিচিত মুখ ছিলেন সায়ক চক্রবর্তী। বহু খ্যাতনামা ধারাবাহিকে অভিনয় করেছেন। আজকাল যদিও ভ্লগিংয়েই বেশি দেখা যায় তাঁকে। কখনো তাঁর রোজনামচা, কখনো শাড়ি বা গয়না বা বিউটি প্রোডাকটসের ব্র্যান্ডিং, কখনো রেস্তোরাঁর ফুড রিভিউ, এসবই তাঁর কনটেন্টের মুখ্য বিষয়। তবে সেসব এতদিন যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছিল সোশ্যাল মিডিয়া থেকে। ফলোয়ার্সও নেহাত কম নয়। ১.৪ মিলিয়ন ফলোয়ার্স তাঁর। এখন দেখার, বিতর্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে কবে ফেরেন তিনি।
E-Paper











