গিয়েছিলেন বিয়েবাড়িতে নাচতে, সেখানে শাহরুখকে অনুরোধ গুটখা বিজ্ঞাপনের ট্য়াগলাইন ‘বোলো জুবান কেশরী’ বলার, Viral Video
শাহরুখ খান সম্প্রতি দিল্লিতে একটি বিলাসবহুল বিয়েতে পারফর্ম করতে গিয়েছিলেন। যেখানে একজন অতিথি তাকে বিমল কেশরীর ট্যাগলাইন 'বোলো জুবান কেশরী' বলতে অনুরোধ করেন।
পানমশলা, গুটখা-র বিজ্ঞাপনে কাজ করা নিয়ে এর আগে নানা ধরনের বিপাকে জড়িয়েছেন শাহরুখ খান। এমনকী, তাঁর নামে জনস্বার্থ মামলাও হয়েছে। তবে এবার এক বিয়েবাড়ি গিয়ে পড়লেন বিপাকে! সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি দিল্লিতে একটি বিলাসবহুল বিয়েতে পারফর্ম করতে গিয়েছিলেন। যেখানে একজন অতিথি তাকে বিমল কেশরীর ট্যাগলাইন 'বোলো জুবান কেশরী' বলতে অনুরোধ করেন। অভিনেতা হালকা চালে তা কাটিয়ে দেন। বলেন, ‘আপনারা কি চান আমাকে ব্য়ান করা হোক’!

কিন্তু দেখা যায় যে, সেই বিয়েবাড়িতে উপস্থিত কিছু অতিথি বারংবার শাহরুখ খানকে ‘বোলো জুবান কেশরী’ বলার জন্য জোর জবরদস্তি করতে থাকেন। ভিডিয়োতে অতিথিদের উদ্দেশ্য করে শাহরুখকে বলতে শোনা যায়, ‘একবার ব্যাবসায়ীদের সঙ্গে ব্যবসা করে নাও, তারা তোমার পিছু ছাড়বে না। এই গুটখাওয়ালারাও পারে বটে!’
এরপর বিয়েবাড়িতে আসা সেই ঘ্যানঘ্য়ান করা অতিথির উদ্দেশে শাহরুখ খান পুণরায় বলেন, ‘আমি এটা যখনই বলি, তখনই টাকা নেই। তুমি তোমার বাবাকে বলো ডার্লিং’। তারপরও পিছু ছাড়ে না সেই মেয়েটি। এরপর শাহরুখকে বলতে শোনা যায়, ‘আমাদের ভালো জিনিস নিয়ে কথা বলা উচিত। আমি এখানে দাঁড়িয়ে জুবান কেশরী বলতে তো আসিনি। এটা ভুল এবং ইতমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। খুব খারাপ হবে ব্য়াপারটা, এসব ভুলভাল কথা বাদ দাও। আপনার জন্য এবার আমাকেও ব্যান করে দেবে… আপনি কি আমার ভক্ত নাকি বিমলের ভক্ত?’
এই ভিডিয়ো নিয়ে রীতিমতো হতবাক নেটপাড়া। মেয়েটির উপর খানিক বীতশ্রদ্ধও বটে। একজন লেখেন, ‘খুব বিব্রতকর পরিস্থিতি।’ দ্বিতীয়জন লেখেন, ‘বড়লোক বাড়ির মেয়ে, ভাবে টাকা দিয়ে সব হয়! সম্মানটুকু করতে পারে না মানুষকে।’ তৃতীয় কমেন্টে লেখা, ‘আমি ভাবছি এত কী করে মাথা ঠান্ডা শাহরুখ খানের’!
কাজের সূত্রে, শাহরুখ খানের পরবর্তী প্রজেক্ট ‘কিং’। গত মাসে তাঁর জন্মদিনে সিনেমার বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক উন্মোচন করেছিলেন নির্মাতারা। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স দ্বারা সমর্থিত, পরিচালক সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত কিং-এর ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করছেন শাহরুখের মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মা-প্রমুখ।












