মেসিকে সামনে পেয়ে উৎফুল্ল আব্রাম, তুলল ছবি! আর ছেলের ফোটো তুলে দিলেন বাবা শাহরুখ খান
শনিবার বাবা শাহরুখ খানের সঙ্গে সল্টলেক স্টেডিয়ামে হাজির হন আব্রাম খান। শুধু তাই নয়, ছেলের সঙ্গে আর্জেন্টিনার ফুটবলার গ্রেট লিওনেল মেসির ছবিও তুলে দেন সুপারস্টার।
শুক্রবার গভীর রাতে কলকাতায় পা রেখেছিলেন দুই তারকা লিওনেল মেসি ও শাহরুখ খান। কিং খানের সঙ্গে এসেছিলেন খুদে আব্রাম খানও। আর শনিবার বাবার সঙ্গে মাঠেও হাজির হন এই খুদে। শুধু তাই নয়, ছেলে আব্রামের সঙ্গে আর্জেন্টিনার ফুটবলার গ্রেট লিওনেল মেসির ছবিও তুলে দেন সুপারস্টার।

হায়াত রিজেন্সি হোটেলে উঠেছেন ফুটবল তারকা। শনিবার তিনি সেখান থেকেই অনলাইনেই উদ্বোধন করেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তাঁর ৭০ ফুট উঁচু মূর্তির। এদিকে সল্টলেক স্টেডিয়ামে মিনিট ৩০ ছিলেন তিনি। ভিড় বাড়তে থাকলে, উপস্থিত জনতাকে উদ্যোক্ত ও পুলিশরা সামাল দিতে না পারার কারণ, তড়িঘড়ি মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে মেসির সঙ্গে হোটেলেই দেখা করে নেন শাহরুখ খান ও আব্রাম। যুবভারতীতে আসার আগেই হয় সেই সৌজন্য সাক্ষাৎ। যুবভারতী রণক্ষেত্রের চেহারা নেওয়ায়, বাইরে থেকেই বিদায় নিতে হয়েছিল কিং খানকে।
আব্রামকে মেসি, তার সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের সাথে কিছু ছবি তুলতেও দেখা গিয়েছে। এমনকী, ফুটবল তারকাদের সঙ্গে ছেলে যখন বাক্য়ালাপে ব্যস্ত, তখন গভীর হাসি ছিল বাদশার মুখে। খুব খুশি দেখাচ্ছিল জুনিয়র খানকেও।
উল্লেখযোগ্যভাবে, ২০১১ সালের পর এটি লিওনেল মেসির প্রথম ভারত সফর। তার আগের সফরে, কিংবদন্তি ফুটবলার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন, যেখানে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল।
এদিকে মেসির মূর্তি নিয়ে নানা মুনির নানা মত। কেউ মিল খুঁজে পেয়েছেন হৃতিক রোশনের সঙ্গে, কেউ আবার কয়েকধাপ এগিয়ে পকেট পরোটা খ্যাত রাজুদার সঙ্গে। তবে মেসি বেশ খুশি। তাঁকে বলতে শোনা যায়, ‘আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আসা সম্মানের ও আনন্দের। আমি খুব খুশি এখানে আসতে পেরে। এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করতে পেরে ভালো লাগছে। আর্জেন্তিনা দলের প্রতি এই শহরের ভালোবাসা আছে।’ এমনকী বিশ্বব্যপী ছড়িয়ে থাকা মেসির একাধিক ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই মূর্তির ছবি শেয়ার করা হয়। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মেসির এই মূর্তির ছবি শেয়ার করেন।












