ধর্মেন্দ্রর স্বাস্থ্যের খোঁজ নিতে হেমার বাড়িতে সস্ত্রীক শত্রুঘ্ন, টুইট করে কী খবর দিলেন?
ধর্মেন্দ্রকে তাঁর বড় ভাই বলে মনে করেন শত্রুঘ্ন সিনহা। ধর্মেন্দ্র শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে, হেমা মালিনীর বাড়িতে যান শত্রুঘ্ন। সঙ্গে ছিলেন স্ত্রী পুনম সিনহাও।
বেশ কিছুদিন ধরেই বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা বিশেষ ভালো নেই। শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম সিনহা এবার বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হেমা মালিনীর বাড়িতে যান। শত্রুঘ্ন নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন। হেমার সঙ্গে দুটি ছবিও পোস্ট করেছেন তিনি।
হেমা মালিনির সঙ্গে দেখা করতে গেলেন শত্রুঘ্ন ও পুনম সিনহা।
প্রসঙ্গত, ধর্মেন্দ্র এবং হেমা একসঙ্গে থাকেন না। ধর্মেন্দ্র তাঁর বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। শত্রুঘ্ন সিনহা টুইটারে লেখেন, ‘আমার প্রিয় বন্ধু, খুব ভালো মানুষ, দুর্দান্ত তারকা/অভিনেত্রী, খুব প্রতিভাবান শিল্পী, দক্ষ সাংসদ হেমা মালিনীর সঙ্গে আমি ও আমার বেটার হাফ পুনম সিনহার সঙ্গে দেখা হয়েছে। আমাদের প্রার্থনা তাঁদের সবার সঙ্গে রয়েছে এবং আমরা আমার বড় ভাই (ধর্মেন্দ্র) এবং তাঁর পরিবারের কুশল সংবাদ নিয়েছি।’
সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় ধর্মেন্দ্রকে। তাঁর অবস্থা গুরুতর হওয়ার খবর এলে, গণমাধ্যমে নেতিবাচক গুজব ছড়াতে শুরু করে। এরপরই ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি নিজের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
ধর্মেন্দ্রর ডিসচার্জের পর হেমা জবানবন্দি দিয়েছিলেন যে এটি তাঁর জন্য একটি কঠিন সময়। কিন্তু তিনি নিজেকে দুর্বল হিসেবে দেখতে চান না এই সময়তে। ধর্মেন্দ্র বাড়ি ফিরে এসেছেন এটা স্বস্তির বিষয়। হেমা আরও বলেছিলেন যে তাঁর সন্তানরা ঘুমাতে পারছে না।
এমনকী, ধর্মেন্দ্রর বাড়ির বাইরে জড়ো হওয়া পাপারাৎজিদের দেখে রেগে যান সানি দেওল। তিনি ফটোগ্রাফারদের অনুরোধ করেন যাতে তাঁরা এভাবে বিরক্ত না করে। এরপরই তাঁর বাড়ির বাইরে থেকে মিডিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। বলিউডের অনেক তারকাই ধর্মেন্দ্র ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে।
News/Entertainment/ধর্মেন্দ্রর স্বাস্থ্যের খোঁজ নিতে হেমার বাড়িতে সস্ত্রীক শত্রুঘ্ন, টুইট করে কী খবর দিলেন?