Shreya Ghoshal: হাঁটু মুড়ে অন্তঃসত্ত্বা অনুরাগীর বেবিবাম্পে হাত দিয়ে গুনগুন শ্রেয়া ঘোষালের! কী করল গর্ভের সন্তান?
অন্তঃসত্ত্বা অনুরাগীর সঙ্গে শ্রেয়ার মিষ্টি মুহূর্ত ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
শ্রেয়া ঘোষালের গান যেমন মিষ্টি, তেমন তিনি মানুষটিও। গায়িকার অনুরাগীর সংখ্যা অনেক। যাতে রয়েছে আট থেকে আশি। এবার এক অন্তঃসত্ত্বা অনুরাগীর সঙ্গে শ্রেয়ার একটি মিষ্টি মুহূর্ত ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

পাপারাজ্জি অ্যাকাউন্ট varindertchawla একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল, কালো জ্যাকেট আর পিচ রঙের ড্রেস পরে আছেন সেই মহিলা। বেবিবাম্প দেখেই স্পষ্ট, আট কিংবা নয় মাসের অন্তঃসত্ত্বা সে। সেই ভক্তের সামনে হাঁটু মুড়ে বসেন গায়িকা। দুই হাতে আগলে বেবিবাম্প।
এরপরই শ্রেয়া গুনগুনিয়ে উঠলেন, ‘পিয়া বোলে, পিউ বলে…’! পরিণীতা সিনেমার সেই জনপ্রিয় গানটি। আর শ্রেয়ার কথা শুনেই স্পষ্ট বোঝা গেল, তিনি সেই মহিলার বেবিবাম্পে হাত রেখে, গর্ভের সন্তানের নড়াচড়াও টের পাচ্ছেন। গান শেষে ‘অল ইজ ওয়েল’ বললেন শ্রেয়া। গর্ভবতী সেই মহিলার সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। দুজনেই শ্রেয়ার এই মিষ্টি ব্যবহারে রীতিমতো অভিভূত।
শ্রেয়ার এই ভিডিয়ো দেখে প্রশংসায় ভরাল নেটপাড়া। একজন লেখেন, ‘সুপার কিউট! ওর মতো কেউ নেই।’ আরেকজন লেখেন, ‘ওএমজি! খুব স্পেশাল মুহূর্ত।’ তৃতীয়জনের কমেন্ট, ‘মিষ্টি, গুণী, মাটির মানুষ, আর সুন্দরী… যত প্রশংসা করা হবে শ্রেয়া ম্যামের, ততই যেন কম!’
শ্রেয়া ঘোষাল এখন নিজেও মাম্মা। ২০২১ সালে বেবি বয়ের মা হয়েছেন গায়িকা। তিনি ও তাঁর স্বামী শিলাদিত্য সান্যাল ছেলের নাম রেখেছেন দেবয়ান। মাঝেমাঝেই খুদে দেবয়ানকে গান শোনাতে দেখা যায় শ্রেয়াকে। এমনকী, একটি কনসার্টে ছেলেকে কোলে নিয়ে গানও গেয়েছিলেন।
২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রেয়া। বিয়ের ছয় বছরের মাথায় প্রথম সন্তানকে স্বাগত জানান। শ্রেয়ার স্বমী শিলাদিত্য পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। দুজনে ছোট্টবেলার বন্ধু। আর সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। ১০ বছর প্রেম করার পর, দুজনে যান ছাদনাতলাতে।












