Iman-Mamata: মমতার ১৫ বছরের উন্নয়নের পাঁচালি গাইলেন একসময়ের SFI নেত্রী ইমন! তৃণমূলের হয়ে ভোটে লড়বেন?
Iman-Mamata: মমতা সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান পেশ নবান্নে, গানে গানে তৃণমূল সরকারের প্রশংসা করলেন ইমন। তবে কি এবার ভোটে লড়বেন গায়িকা?
ছাত্রীজীবনের এসএফআই করেছেন ইমন চক্রবর্তী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নেত্রী ছিলেন গায়িকা। সিপিআইএমের ছাত্র সংগঠনের কলকাতা জেলা কমিটিরও সদস্য ছিলেন জাতীয় পুরস্কার জয়ী শিল্পী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছুই। বদল এসেছে ইমনের ভাবনাতেও।

দিন কয়েক আগেই টলিপাড়ায় জোরচর্চা শুরু হয়েছিল ইমন নাকি এবার ভোটে লড়বেন তৃণমূলের হয়ে। সেই গুঞ্জনে জল ঢেলেছিলেন গায়িকা। তবে ফের সরগরম ইমনের প্রকাশ্য রাজনীতিতে আসবার চর্চা। মঙ্গলবার নবান্নে বসে নিজের সরকারের ১৫ বছরের কাজকর্মের খতিয়ান দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
গত ১৫ বছরে বাংলার মা-মাটি-মানুষের জন্য কী কী করেছেন তৃণমূল সুপ্রিমো, সেই সব হিসাব-নিকাশ দেন মুখ্য়মন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা ছ'টা ভাষায় এই রিপোর্ট কার্ড প্রকাশ করছি। আজ আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট কার্ড আমরা উদ্বোধন করলাম। এর জন্যে একটা বিশেষ গান অবধি তৈরি করেছি। আগে মা-বোনেরা পাঁচালি গাইতেন। আগের দিনের গৌরবকে আমরা তুলে এনেছি। বাংলার মনীষীদের ছোঁয়া তাতে থাকছে। ইমন এই গান করেছে।'
এরপরই গান ধরলেন ইমন। ‘বলতে এসেছি কথা উন্নয়নের….এই উন্নয়ন আজ মানুষের সম্মান। বহুগুনে উন্নত জীবনের মান’, পাঁচালি গেয়ে এইভাবেই দিদির প্রশংসায় পঞ্চমুখ শিল্পী ইমন চক্রবর্তী। কীতর্নিয়া সুরে ইমনের এই গান শুনে আপ্লুত ‘দিদি’। হাতজোড় তিনি জানান, ‘দারুণ, দারুণ। মানে খুবই সুন্দর। আমাদের পুরনো দিনের কথা মনে পড়ছে। সবাই আসুন, ইমনকে স্ট্যান্ডিং ওভেশন দিই। ওকে অভিবাদন জানাই।’
এদিন ইমনকে কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় দিয়ে শিল্পীক বরণ করে নেন শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের ঘটনা ফের প্রশ্ন উস্কে দিল, তবে কি সত্যি ২০২৬ সালে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন ইমন? চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির কালীপুজো-তেও স্বামী নীলাঞ্জনকে নিয়ে হাজির হয়েছিলেন ইমন। তারপর থেকেই ইমনের ভোটে লড়ার জল্পনা তৈরি হয়। সেই প্রসঙ্গে ইমন আগেই জানিয়েছেন, ‘আমার গান দিদি ভীষণ পছন্দ করেন। সব সময় সেকথা বলেন। আমার মনে হয় যে উনি আমার গানের গুনমুগ্ধ শ্রোতা, আমার অন্যান্য শ্রোতাদের মতোই। আর সেই ভালোবাসাটা যেন সব সময় পাই। আমার কাছে যদি কখনও প্রস্তাব আসে, তাহলে আমি নিশ্চয়ই সেটা নিয়ে তাদের সঙ্গে কথা বলব, আলোচনা করব, ভাববো, দেখব। কিন্তু এখন কিচ্ছু আসেনি।’












