Sourav Das: নিজের বোনকে নিয়েই জড়ান বিতর্কে! তৃণমূলে নাম লিখিয়েও সরে দাঁড়ানো নিয়ে সৌরভের জবাব, ‘বয়স কম, রক্ত গরম ছিল…’
নিজের জন্মদিনের রাতের একটা ভিডিয়ো নিয়ে সৌরভ দাসের দিকে রীতিমতো রে রে করে তেড়ে এসেছিল নেটপাড়া। যার ফলে রীতিমতো ভেঙে পড়েন অভিনেতা। সেই সময় কটাক্ষ থেকে নিজেকে ও বাড়ির লোককে রক্ষা করতে সোশ্যাল মিডিয়া থেকেই সরে দাঁড়িয়েছিলেন। এমনকী, রাজনীতি থেকেও সরিয়ে নেন নিজেকে।
২০২১ সালে নিজের জন্মদিনের দিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সৌরভ দাস। তবে এরপরই একটা ভিডিয়ো বড় বিতর্কে জড়িয়ে দেয় অভিনেতাকে। দেখা যায় এক তরুণীকে জড়িয়ে ধরছেন নিজের জন্মদিনের পার্টিতে। নেটপাড়া সরব হয়, শালীনতার মাত্রা হারিয়েছিলেন অভিনেতা সেই সময়। পরে সৌরভ জানান, সেই মেয়েটি তাঁর বোন। তবে তাতেও ক্ষান্ত হয়নি ট্রোলাররা। এমনকী, কটাক্ষ থেকে নিজেকে ও বাড়ির লোককে রক্ষা করতে সোশ্যাল মিডিয়া থেকেই সরে দাঁড়িয়েছিলেন। এমনকী, রাজনীতি থেকেও সরিয়ে নেন নিজেকে।
সৌরভ দাস।
কেন সৌরভ রাজনীতি ছেড়েছেন, তা নিয়ে বারংবার জবাব দিয়েছেন তিনি। তাঁর সাফ জবাব, সেই মুহূর্তে প্রস্তুত ছিলেন না রাজনীতি করার জন্য। এমনকী, রাজনীতি করতে গেলে যতটা রেসপন্সিবল হতে হয়, তিনি ততটাও নন বলে জানান। এক সাক্ষাৎকারে টিভি নাইনকে সৌরভ বললেন, ‘বয়স কম ছিল। রক্ত গরম ছিল। ওই সময় একটু বেশিই ভাবছিলাম। তখন মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, যেটা আমি পরে বুঝেছি। আর তুমি যদি প্রস্তুত না হও, এই জগৎতায় তোমার পা বাড়ানোই উচিত নয়। সেটা তখন বুঝতে পারিনি।’
সৌরভ আরও বলেন, ‘এখন বুঝি এতটা সহজ কোনো কিছুই নয়। এখন যেটা করছি, অভিনয়, সেটাও নয়, ফিল্ম মেকিংয়ের প্রসেসটাও নয়, বা পলিটিক্যাল জায়গাটাও নয়। তাই তোমাকে জানতে হবে তুমি যেটা করতে চাও সেটার ব্যাপারে। আর যদি জানা না থাকে তোমার যাওয়া উচিৎই নয়। আমি কিন্তু ওই ২০২১ সালে যোগ দিয়েছিলাম, তার এক-দেড় মাসের মধ্যেই আমি বেড়িয়ে গিয়েছিলাম। আমি পরিবারেরই খেয়াল ঠিক করে নিতে পারছিলাম না ওই সময়, বাংলার পরিবারের খেয়াল কী করে নেব। বুঝেছিলাম এই কাজটা করতে গেলে আমাকে অনেক বেশি রেসপন্সিবল হতে হবে।’
তবে যাকে নিয়ে এই বিতর্ক, অর্থাৎ নিজের বোনকে কিন্তু ছোট থেকে মায়ের মতো করেই আগলে রেখেছিলেন দাদা সৌরভ। মা-বাবা দুজনেই চাকরি করতেন। বোনের খেয়াল রাখতেন সৌরভই। লেখাপড়ায় তুখোড় অভিনেতার বোন। তাই তো তাঁকে নিয়ে কথা বললে গর্বে চওড়া হয় ছাতি। সেই বোনকে ঘিরে যখন ‘কুৎসা’ ছড়ায়, তখন স্বাভাবিক থাকতে পারেননি। ভেঙে পড়েছিলেন। কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল নিঃসন্দেহে সৌরভের গোটা পরিবারই।
News/Entertainment/Sourav Das: নিজের বোনকে নিয়েই জড়ান বিতর্কে! তৃণমূলে নাম লিখিয়েও সরে দাঁড়ানো নিয়ে সৌরভের জবাব, ‘বয়স কম, রক্ত গরম ছিল…’