Sreelekha Mitra: ‘শীতে আমার পিঠটা না খুলে দিলে হত না?’ রাগলেন শ্রীলেখা! দিলেন পিঠে খাওয়ার পরামর্শ
Sreelekha Mitra: শরীরে নেই সুতোর লেশমাত্র। শ্রীলেখার ‘খোলা পিঠ’-এর ছবি ভাইরাল। ছবি পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন খোদ শ্রীলেখা। কী ঘটেছে?
শ্রীলেখা মিত্র আর বিতর্ক যেন পরস্পরের পরিপূরক। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না অভিনেত্রীর। সোশ্য়াল মিডিয়াতেও বরাবর ঠোঁটকাটা শ্রীলেখা। সম্প্রতি সোশ্যালে ঘুরে বেড়াচ্ছে অভিনেত্রীর খোলা পিঠের ছবি। শরীরে নেই সুতোর লেশ, কাঁধের কাছে ফুলের ট্যাটু। শ্রীলেখার এমন ‘হট’ ছবিতে মন্তব্যের বন্যা। কিন্তু শ্রীলেখার সেই ছবি কি সত্যি তাঁর?

না, গোটাটাই AI-এর কারসাজি। শ্রীলেখার এমন ভুয়ো ছবি ছড়ানো হয়েছে। সেই নিয়ে বেশ ক্ষুব্ধ অভিনেত্রী। তিনি ফেসবুকে বীতশ্রদ্ধ ভঙ্গিতে লেখেন, ‘এই শীতে আমার পীঠটা না খুলে দিলে হত না?’ তবে শ্রীলেখার খোলা পিঠে যে ট্যাটু রয়েছে তা কিন্তু আসল। যদিও রঙে কারসাজি করা হয়েছে।
ভুয়ো ছবির পাশে নিজের একটি শাড়ি পরা ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। সেখানে দেখা যাচ্ছে শ্রীলেখার কাঁধের সেই ট্যাটু। অভিনেত্রী লেখেন, ‘বলে দেওয়া ভালো ,ট্যাটুটা যদিও আমার,( রঙ টা আবার এনাদের করা) তবে বলি কি..অন্য রমনীর পিঠের দায়িত্ব আমার পিঠে চাপিয়ে দেবেন না। আমার পিঠের চর্চা না করে বরং শীতের মরসুমে পিঠে খান বেশী আরাম পাবেন'। গোটা ঘটনা সাইবার ক্রাইমকে জানিয়েছেন অভিনেত্রী।
টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ বিশেষ নেই। কিন্তু গত কয়েক বছরে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নামের সঙ্গে ‘অভিনয়’-এর চেয়েও বেশি যে শব্দটি জুড়ে গিয়েছে, তা হলো ‘বিতর্ক’। সামাজিক মাধ্যম হোক বা সংবাদমাধ্যমের সাক্ষাৎকার— সোজাসাপ্টা কথা বলতে গিয়ে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। শ্রীলেখার অনুরাগীদের কাছে তিনি ‘সাহসী’ ও ‘প্রতিবাদী’, কিন্তু সমালোচকদের মতে তিনি ‘অহেতুক বিতর্কপ্রিয়’।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের পাশাপাশি টলিউডেও নেপোটিজম নিয়ে শোরগোল পড়েছিল। সেই সময় একটি ভিডিও বার্তায় শ্রীলেখা সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি ছিল, ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’-এর জন্য যোগ্য হওয়া সত্ত্বেও তিনি অনেক কাজ হারিয়েছেন।
নিজের বয়স বা পোশাক নিয়ে ট্রোলিংয়ের শিকার হলে শ্রীলেখা সবসময়ই কড়া জবাব দিয়েছেন। শাড়ি বা ওয়েস্টার্ন পোশাকে ছবি দিয়ে ট্রোলড হওয়ার পর তিনি সপাটে বলেছিলেন, ‘আমার শরীর, আমার ইচ্ছা।’ মদের গ্লাস হাতে ছবি পোস্ট করেও তিনি সামাজিক রক্ষণশীলতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ট্রোলড হয়ে জবাব দিয়েছেন, 'আমার টাকায় আমার বাড়িতে আমি মদ খাচ্ছি…'।
শ্রীলেখা মিত্রের মতে, তিনি কোনো ‘লবি’ বা ‘গোষ্ঠী’ মেনে চলেন না। সেই কারণেই নাকি বামমনস্ক অভিনেত্রীর হাতে কাজ নেই, তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোনওভাবেই তিনি সিরিয়ালের দুনিয়ায় ফিরবেন না। সোশ্যাল মিডিয়ায় তাঁর নিয়মিত পোস্ট— কখনও সহকর্মীদের খোঁচা দিয়ে, কখনও বা ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে— অনেক সময়ই নেটিজেনদের দুভাগে ভাগ করে দেয়। তবে একথা অস্বীকার করা জো নেই গ্ল্যামার জগতের গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়েও নিজের শর্তে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব।
E-Paper











