Star Jalsha Parivaar Heroine Look: তৃণা-সুস্মিতার গ্ল্য়ামারের ছটায় ঝলমলে জলসা পরিবার, লাল গালিচায় ফ্লপ শো বিদ্য়ার!
গ্ল্যামারের যুদ্ধে এদিন কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি ছিলেন না। তৃণা-সুস্মিতাদের পাশে যখন সোনামণি সাহা এবং শোলাঙ্কি রায় এসে দাঁড়ালেন, তখন ফ্ল্যাশলাইটের ঝলকানি আরও বেড়ে গেল।
তিলোত্তমার স্টুডিও পাড়ায় গত সপ্তাহ শেষে নামল নক্ষত্রপুঞ্জ। উপলক্ষ্য— ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস ২০২৬’। প্রতি বছরের মতো এবারও পুরস্কারের লড়াইয়ের পাশাপাশি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল রেড কার্পেট। সাবেকিয়ানা আর আধুনিকতার মেলবন্ধনে এদিন ক্যামেরার ফ্ল্যাশ যেন থামতেই চাইছিল না। তবে গ্ল্যামারের এই যুদ্ধে কেউ পেলেন দশে দশ, কেউ আবার সাজের ভুলে হলেন বিড়ম্বনার শিকার।

তটিনীর নীল জাদু আর কথার স্টাইল:
সবুজ-নীল রঙের ওয়ান-শোল্ডার সিকুইন টপে ‘পরশুরাম’ মেগার তটিনী ওরফে তৃণা সাহা ছিলেন আক্ষরিক অর্থেই নজরকাড়া। তাঁর হাসিতে মজেছেন অনুরাগীরা। অন্য দিকে, ‘কথা’র সুস্মিতা দে বেছে নিয়েছিলেন অফ-শোল্ডার ব্ল্যাক করসেট গাউন, যা তাঁকে এক আধুনিক ডিভার লুক দিয়েছিল। লাল-কালোয় রেড কার্পেটে উত্তাপ বাড়ালেন ‘ওহ মোর দরদিয়া’র রণিতা।

সোনামণি-শোলাঙ্কির রাজকীয় উপস্থিতি:
রেড কার্পেটে এদিন নজর কেড়েছেন সোনামণি সাহা। পিচ রঙের ফ্লোরাল এমব্রয়ডারি করা জ্যাকেট স্টাইল লেহেঙ্গায় সোনামণিকে দেখাচ্ছিল ঠিক যেন কোনও ‘রাজকন্যা’। গলায় পান্না ও হিরের ভারী চোকার তাঁর আভিজাত্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। পিছিয়ে ছিলেন না শোলাঙ্কি রায়-ও। সাদা রঙের ওপর রুপোলি সিকুইনের কাজ করা স্লিভলেস হাই-নেক গাউনে তিনি ছিলেন মোহময়ী। তাঁর ছিমছাম মেকআপ আর কনফিডেন্স রেড কার্পেটে আলাদা জেল্লা যোগ করেছিল।

সফল প্রত্যাবর্তনেও ‘ফ্লপ’ স্বস্তিকার সাজ?
এদিন ৬টি পুরস্কার জিতে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ টিম বাজিমাত করলেও, খোদ নায়িকা স্বস্তিকা দত্ত ওরফে বিদ্যার সাজ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের একাংশ এই লুকটিকে সরাসরি ‘ফ্লপ’ তকমা দিয়েছেন। কামব্যাক যখন সুপারহিট, তখন ভক্তরা বিদ্যাকে পর্দার সাজের বাইরে একটু অন্যরকম লুকে দেখতে চেয়েছিলেন। কিন্তু স্বস্তিকার এই লুকটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। অনেকের মতেই, বিদ্যার সারল্য বা গ্ল্যামার— কোনওটাই যেন ঠিকমতো খোলতাই হয়নি এই পোশাকে।

পুরস্কার ও গ্ল্যামারের মিশেল:
পুরস্কারের মঞ্চে যখন বিদ্যার ঝুলিতে একের পর এক ট্রফি আসছিল, তখন সাফল্যের হাসি দেখা গেছে সবার মুখে। তবে ফ্যাশন পুলিশের কড়া নজরে এদিন সেরার শিরোপা ছিনিয়ে নিলেন রাজনন্দিনী। জলসা পরিবারে রানী ভবানীর দেখা মিলল কালো রঙা শিফন শাড়িতে। পাড়ে সুতোর ফুলেল এমব্রয়ডারি করা। ওদিকে চরিত্রের বয়সের সঙ্গে সাজুয্য রেখেই সেজেছিলেন অপরাজিতা মানে চিরসখার কমলিনী। গোলাপি শাড়িতে ফাটাফাটি লুকে অভিনেত্রী। সব মিলিয়ে ২০২৬-এর স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস যেমন অভিনয়ের জয়গান গাইল, তেমনই রেড কার্পেটে রেখে গেল গ্ল্যামারের এক রঙিন ছাপ।
E-Paper











