Subhahsree Ganguly: বিয়ে বাড়িতে নিজের রিসেপশনের ৬ বছর পুরোনো শাড়ি রিপিট শুভশ্রীর! বউয়ের আঁচল সামলালেন রাজ
‘সাসটেইনেবল ফ্যাশন’-এ বিশ্বাসী শুভশ্রী। তারকারা পোশাক রিপিট করেন না সেই ধারণা ভেঙে দিলেন অভিনেত্রী। আলমারিতে সযত্নে গুছিয়ে রাখা ৬ বছর আগে রিসেপশনের শাড়ি ফের পরলেন রাজ ঘরণী।
পরিচালক অরিন্দম শীল এবং তাঁর সহবাস সঙ্গী শুক্লা দাসের পরিবারে এখন উৎসবের মেজাজ। শুক্লা দাসের প্রথম পক্ষের মেয়ের বিয়ের আসর বসেছিল তিলোত্তমায়। আর সেই বিয়ের সন্ধ্যায় চাঁদের হাট বসালেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে কেবল উপস্থিতি নয়, রাজ-শুভশ্রীর পারস্পরিক রসায়ন আর নায়িকার সাজপোশাকই হয়ে উঠল সন্ধ্যার মূল আকর্ষণ।

পুরনো স্মৃতিতে নতুন সাজ:
ভিড়ের মাঝেও সবার নজর কেড়ে নিল শুভশ্রীর পরনের শাড়িটি। এক লহমায় সময় যেন পিছিয়ে গেল ৬ বছর! শুভশ্রী এদিন যে সোনালী রঙের সূক্ষ্ম কারুকার্য করা শাড়িটি পরেছিলেন, সেটি তাঁর আলমারির কোনও সাধারণ পোশাক নয়। ২০১৮ সালে নিজের বিয়ের গ্র্যান্ড রিসেপশনে এই শাড়িটিই পরেছিলেন তিনি। সাধারণত বড়পর্দার তারকাদের একই পোশাক বারবার পরতে দেখা যায় না, কিন্তু শুভশ্রী সেই ধারণা ভেঙে দিলেন। নিজের জীবনের অন্যতম বিশেষ দিনের স্মৃতিকে সযত্নে আগলে রেখে তা নতুন করে মেলে ধরলেন এই বিয়ের আসরে।
কেয়ারিং স্বামী রাজ:
অনুষ্ঠানে পৌঁছানোর পর গাড়ি থেকে নামার সময় ধরা পড়ল এক দারুণ মুহূর্ত। দেখা গেল, শুভশ্রী গাড়ি থেকে নামতেই তাঁর শাড়ির আঁচল এবং কুঁচি সযত্নে ঠিক করে দিচ্ছেন রাজ। স্ত্রীর সাজপোশাক যাতে অবিন্যস্ত না হয়ে যায়, সেই দিকে কড়া নজর ছিল পরিচালকের। রাজের এই 'কেয়ারিং' স্বভাব দেখে মুগ্ধ নেটিজেনরা। তাঁদের এই ছোট্ট মুহূর্তটিই বুঝিয়ে দিল অফ-স্ক্রিনেও তাঁদের রসায়ন কতটা গভীর।
সাজগোজে আভিজাত্য:
৬ বছর আগের সেই রাজকীয় শাড়িই শুধু নয়, নায়িকার ব্লাউজটিও ছিল নিজের রিসেপশনেরই। শুধু শাড়ি পরার ধরনে টুইস্ট এনেছিলেন লেডি সুপারস্টার। সামনে আঁচল নয়, এদিন এক প্লিট করে শাড়ি পরেছিলেন রাজ ঘরণী। কানে বড় ঝুমকো আর চুলে টানটান খোঁপা— শুভশ্রীর লুকে ছিল স্নিগ্ধ আভিজাত্য। এদিন শুভশ্রীর সিঁথি লাল সিঁদুরে রাঙানো ছিল না, ৬ বছর আগের মতো। পাশে কালো রঙের পাঞ্জাবিতে রাজ চক্রবর্তীও ছিলেন সাবলীল। রাজের হাত ধরে শুভশ্রীর এই এন্ট্রি যেন রূপকথার সেই জুটির কথা মনে করিয়ে দিচ্ছিল।
অরিন্দমের পরিবারের পাশে রাজ-শুভশ্রী:
অরিন্দম শীল এবং শুক্লা দাসের সঙ্গে রাজ-শুভশ্রীর সম্পর্ক দীর্ঘদিনের। একই আবাসনে থাকেন তাঁরা। সেই সুবাদেই এই পারিবারিক অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন তাঁরা। নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি অরিন্দম ও শুক্লার সঙ্গে জমিয়ে আড্ডাও দেন টলিপাড়ার এই পাওয়ার কাপল।
শুভশ্রীর এই শাড়ি চিনতে ভুল করেননি শুক্লা দেবী। তিনি নায়িকাকে দেখেই বলেন, ‘এটা তোমার বিয়ের শাড়ি না?’ শুভশ্রীও হাসিমুখে বলেন, ‘আমার রিসেপশনের। আমি রিপিট করি। তারপর আজ ভ্যালেন্টাইনস ডে.. স্পেশ্যাল’। শুভশ্রীকে বাহবা জানিয়ে শুক্লা দাস বলেন, ‘অবশ্যই রিপিট করা উচিত’।
ইদানীংকালে বড় তারকাদের মধ্যে ‘সাসটেইনেবল ফ্যাশন’ বা পোশাক পুনর্ব্যবহারের যে চল শুরু হয়েছে, শুভশ্রী যেন তাতে নতুন মাত্রা যোগ করলেন। রিসেপশনের সেই নস্টালজিয়া আর রাজের ভালোবাসার পরশ— সব মিলিয়ে এই বিয়ের আসরে শুভশ্রীই ছিলেন লাইমলাইটে।
E-Paper











