'বলা হচ্ছে আমার বাচ্চা দুটোকে মেরে ফেলা হবে....', মেসি-কাণ্ডে ফুঁসলেন 'মা' শুভশ্রী

মেসির অগণিত ভক্ত যারা তাঁদের পরিশ্রমের অর্থ ব্যয় করে একবারের জন্য চোখের দেখাও দেখতে পাননি তাঁকে। আর তাঁদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছিল লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের উপর। এবার এই নিয়ে সরব হলেন অভিনেত্রী

Updated on: Dec 15, 2025 11:51 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যুবভারতী ক্রীড়াঙ্গনে বাঙালির নাক যে কাটা গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই পুরো ঘটনায় সব থেকে বেশি যাঁরা মানসিক ভাবে আহত হয়েছিলেন তাঁরা হলেন মেসির অগণিত ভক্ত যারা তাঁদের পরিশ্রমের অর্থ ব্যয় করে একবারের জন্য চোখের দেখাও দেখতে পাননি মেসিকে। আর তাঁদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছিল লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের উপর।

'বলা হচ্ছে আমার বাচ্চা দুটোকে মেরে ফেলা হবে....', মেসি-কাণ্ডে ফুঁসলেন 'মা' শুভশ্রী
'বলা হচ্ছে আমার বাচ্চা দুটোকে মেরে ফেলা হবে....', মেসি-কাণ্ডে ফুঁসলেন 'মা' শুভশ্রী

নায়িকাকে নিয়ে সমাজমাধ্যম জুড়ে তুমুল ট্রোল শুরু হয়েছিল। হাজার হাজার টাকার টিকিটের বিনিময়ে যেখানে মেসিকে এক সেকেন্ডের জন্য দেখতে পারলেন না সাধারণ মানুষ, সেখানে মেসির একদম পাশে দাঁড়িয়ে শুভশ্রীর ছবি তোলা এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট এই সব কিছু ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক।

তবে নায়িকাকে কটাক্ষ করা নিয়ে প্রতিবাদ জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন স্বামী রাজ চক্রবর্তী। পরবর্তীতে পরিচালক থানায় গিয়ে এফ আই আরও দায়ের করেন। তাছাড়াও নায়িকার হয়ে সরব হন গায়িকা ইমন চক্রবর্তী।

আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শুভশ্রী নিজে। তিনি সোমবার একটি ভিডিয়ো শেয়ার করে বলেন, নমস্কার আমি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যুবভারতীতে মেসিকে নিয়ে যে ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে কিছু বলার জন্যই আমি এই ভিডিয়োটা আমি করছি। G.O.A.T ইভেন্টে আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। আমি হায়াতে গিয়েছিলাম আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন। আমাদের ইন্ড্রাস্ট্রির ছাড়াও অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে অনেকেই হাজির হয়েছিলেন। সেখানে জানানো হয়েছিল তিনি আসবেন, আমাদের সকলের সঙ্গে দেখা করবেন এবং ছবি তুলবেন। আমি সাড়ে ৮টা নাগাদ হায়াতে পৌঁছে যাই। ১০টা বেজে ১৫ মিনিট নাগাদ ওঁর সঙ্গে আমার দেখা হয়। আমি ছবি তুলি। যখন আমি বেরিয়ে আসছি তখন আমাকে পি আর টিম থেকে অনুরোধ করা হয়, যদি আমি যুবভারতীতে যাই তাহলে ওঁদের সুবিধা হয়। কারণ ওখানেও নানা কিছুর আয়োজন করা হয়েছিল।'

নায়িকা আরও বলেন, ‘আমি ছাড়াও শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মুখ্যমন্ত্রী সকলের ওখানে উপস্থিত হওয়ার কথা ছিল। অনেকে প্রশ্ন তুলেছেন আমাকে কেন ডাকা হয়েছে। সেটা আমার থেকে ভালো ওঁদের পি আর ভালো বলতে পারবেন। আমি রাজি হওয়ার পর হায়াত থেকে বের হয়ে যুবভারতীতে যাই। আমাদের জন্য একটা নির্দিষ্ট তাবুর ব্যবস্থা করা হয়। সেখানে অনেকেই আমরা বসেছিলাম। ওঁর জন্য অপেক্ষা করছিলাম। সেই সময় আমার পি আর টিম থেকে ছবিগুলো পোস্ট করা হয়। কিন্তু জ্যামার থাকার কারণে তা পোস্ট হয়না। আপনারা যাঁরা ওখানে উপস্থিত ছিলেন তাঁরা জানেন ওখানে নেট কাজ করছিল না। তারপর সাড়ে ১১টা নাগাদ মেসি ঢোকেন তারপর যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয় সেটা আমি নিজে দেখছি। আমরাও তাঁবু থেকে মেসিকে দেখতে পাইনি। দেখতে পাচ্ছিলাম ম্যানেজমেন্টের বিশৃঙ্খলার জন্য একটা সুন্দর অনুষ্ঠান হতে গিয়েও হল না।’

নায়িকার কথায়, ‘তারপর আমার শ্যুটিংয়ে যাওয়ার ছিল আমার দেরিও হয়ে গিয়েছিল তাই আমি বেরিয়ে গিয়েছিলাম। তারপর এত ভালো একটা অনুষ্ঠান হতে গিয়েও হল না দেখে আমি অনেকের সঙ্গে শ্যুটে গিয়ে আলোচনা করছিলাম। তারপর আর ইনস্টাগ্রাম খুলে দেখার হয়নি। আর আমি পরে দেখি আমি যে ঘটনা দেখে এসেছি তা বড় আকার নিয়েছে, আর কোনও না কোনও ভাবে ওই ঘটনার সঙ্গে আমার নাম জড়িয়ে গিয়েছে। আমি ইনস্টাগ্রাম খুলে দেখি যে আমার ছবিটা কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে, টেকনিক্যাল সমস্যার জন্য। আর প্রচুর জায়গায় শেয়ার হয়ে গিয়েছে।’

নায়িকা আরও বলেন, ‘এরপর আমাকে নিয়ে ট্রোল করা শুরু হয়, অকথ্য ভাষায় গালাগাল, আমাকে একটা অবজেক্ট বানিয়ে আপনারা এমনটা অবস্থা তৈরি করলেন যেন মনে হল মেসি যখন মাঠে ঢুকেছেন আমি ওঁকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা, আমি ওঁর সঙ্গে ছবি তুলেছি।’

তারপরই তিনি প্রশ্ন ছুঁড়ে দেন সকলের দিকে, ‘বলতে পারবেন কি আপনাদের ভিউ আমি কোনও ভাবে ব্লক করছি? আমি কি মাঠে কোথাও ছিলাম? আমার কী দোষ? আমাকে নিমন্ত্রণ করায় আমি হায়াতে গিয়ে ওঁর সঙ্গে ছবি তুলেছি সেটা দোষ? হ্যাঁ, আমি এটা মানছি টেকনিক্যাল সমস্যার জন্য আমার ছবিটা ভুল সময় পোস্ট হয়েছে, আর আমি ছবিটা ডিলিট করিনি। এটা আমার দোষ হতে পারে। কিন্তু আমাকে নিয়ে যেভাবে নোংরামি আপনারা করছেন সেটা কি ঠিক? আপনাদের অনেক কষ্টের রোজকার সেটা দিয়ে আপনারা আপনাদের স্বপ্নের মানুষকে দেখতে পেলেন না, আমি আপনাদের সঙ্গে সমব্যথী। কিন্তু আপনাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, সেই একই অন্যায় তো আপনারা আমার সঙ্গে করছেন। আপনার কি একবারো ভেবে দেখেছেন? আমি একজন মহিলা, বাংলা ছবিতে কাজ করি বলে কি আমাকে অ্যাটাক করছেন? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন, শাহরুখ কি আসেননি ছবি তুলতে? নেতারা আমার ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন। তৃণমূলের এম.এল.এ রাজ চক্রবর্তীর বউ, অমুকের প্রাক্তন প্রেমিকা! ২০২৬ আসছে একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে এভাবে সম্বোধন করছেন। এই সমাজে আমরা বাস করছি। বাহ! আপনারা আমার সঙ্গে ঠিক করলেন তো?'

শেষে নায়িকা বলেন, আমাকে যতক্ষন কিছু বলা হচ্ছিল আমি কিছু বলিনি। এই ঘটনায় রাগ স্বাভাবিক তাই আমাকে বলে আপনাদের যদি মন হালকা হয় তাই হোক। তা নিয়ে কিচ্ছু বলিনি। কিন্তু আমার দুটো বাচ্চা তাদের প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে। তারা তো ঘটনায় কোনো ভাবেই জড়িত ছিল না। তাই মা হয়ে এটা মেনে নিতে পারিনি। ওদের দয়া করে টানবেন না।'