ব্যস্ত শিডিউল, শুটিংয়ের চাপ— এসবের মাঝেই টলিউড সুপারস্টার দেব প্রমাণ করে দিলেন কেন তিনি অনুরাগী থেকে শুরু করে নিজের অফিসের কর্মীদের কাছেও মধ্যমণি। সম্প্রতি নিজের অফিসের এক কর্মীর বোনের বিয়েতে সশরীরে হাজির হয়ে নবদম্পতিকে চমকে দিলেন অভিনেতা।
টলিউডের ‘খোকাবাবু’ যে বড় মনের মানুষ, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এবার তিনি যা করলেন, তাতে তাঁর অনুরাগীরা রীতিমতো আপ্লুত। কোনও বড় সেলিব্রেটি বা তারকার বিয়ে নয়, বরং নিজের অফিসের এক বিশ্বস্ত কর্মীর বোনের বিয়েতে আশীর্বাদ করতে পৌঁছে গেলেন খোদ দেব।
বিয়ের আসরে জাঁকজমক বা হিরো-সুলভ ভাবমূর্তি ঝেড়ে ফেলে দেব ধরা দিলেন একদম সাদামাটা লুকে। পরনে কালো হুডি আর মাথায় টুপি— ঠিক যেন বাড়িরই এক বড় দাদা। নবদম্পতির পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিলেন তিনি। কনের দাদার মতোই তাঁদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। বিয়ের মণ্ডপে দেবের এই আচমকা উপস্থিতি কনে ও বরের জন্য ছিল শ্রেষ্ঠ ‘ওয়েডিং গিফট’।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসতেই যথারীতি ভালোবাসা আর প্রশংসার জোয়ার বয়ে গিয়েছে। তবে প্রশংসার মাঝেই উঁকি দিচ্ছে সেই বহু পুরনো প্রশ্ন। দেবের এক অনুরাগী তো বলেই বসলেন, ‘দাদা, তুমি তো সবার বিয়েতেই হাজির থাকছ, সবার বোনকে আশীর্বাদ করছ, কিন্তু নিজের বিয়ের পিঁড়িতে কবে বসবে?’ অন্য এক ভক্তের রসিকতা, ‘সবার বোনের বিয়ের দায়িত্ব নিচ্ছ, এবার রুক্মিণী দিদির কথাটাও একটু ভাবো!’
কবে বাজবে দেবের বিয়ের সানাই? রুক্মিণী মৈত্রের সঙ্গে দেবের রসায়ন টলিপাড়ার ‘ওপেন সিক্রেট’। দেবের নিজের বিয়ে নিয়ে প্রশ্ন করলে তিনি সবসময়ই মিষ্টি হাসিতে তা উড়িয়ে দেন। তবে অন্যের বিয়েতে দেবের এই হাসিমুখ দেখে অনুরাগীরা এখন থেকেই মনে মনে দেবের বিয়ের ছবি কল্পনা করতে শুরু করে দিয়েছেন।
অফিসের কর্মীকে পরিবারের সদস্য মনে করা এবং তাঁর খুশিতে সামিল হওয়া— দেবের এই উদ্যোগ আরও একবার বুঝিয়ে দিল কেন তিনি শুধু পর্দার হিরো নন, বাস্তবেরও হিরো। দেব আশীর্বাদ তো দিলেন, কিন্তু ভক্তরা এখন পাল্টা আশীর্বাদ করছেন যাতে আগামীতে দেবের নিজের বিয়ের ছবিতেও এভাবেই হাসি ফুটে থাকে!
আপতত দেব বেজায় ব্য়স্ত তিনটি প্রোজেক্ট নিয়ে। দেশু৭-এর প্রচার শুরু করে দিয়েছেন পুরোদমে। পুজোয় আসবে সেই ছবি। তার আগে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমূল হকের বায়োপিক নিয়ে আসবেন দেব। এছাড়াও বছর শেষে আসছে টনিক ২। খাদানের সিকুয়েলের ঘোষণাও সেরে রেখেছেন দেব। যা আসবে ২০২৭-এ।