Tollywood Actress Nickname: কেউ ‘টুনুমোনা’, কেউ ‘ভেবলি’, কেউ আবার ‘পুটাই’! জেনে নিন টলিউডের ৮ নায়িকার মজাদার ডাকনাম
টলিউডের নায়িকাদেরও রয়েছে বেশ মজার মজার ডাকনাম। আর য়া নিয়ে তাঁরা নিজেরাও কথা বলেছেন কখনো কখনো সাক্ষাৎকারে। স্বস্তিকা থেকে পাওলি, শুভশ্রী থেকে শ্রাবন্তী-মিমি, চলুন টলিউডের ৮ নায়িকার ডাকনাম জেনে নেওয়া যাক।
আচ্ছা আপনার সঙ্গে কখনো এরকম হয়েছে, সবার সামনে মা বা বাড়ির লোক এমন নামে ডেকে ফেলল আপনাকে যে আপনি লজ্জায় লাল! শুধু আপনার নয়, টলিউডের নায়িকাদেরও এরকম মজার মজার ডাক নাম আছে। চলুন আজ না হয় সেগুলো নিয়েই একটু চর্চা করা যাক।
টলিউডের ৮ নায়িকার মজাদার ডাকনাম।
১. মিমি চক্রবর্তী: মিমি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন মা তাঁকে ডাকে ‘মোনা সোনা’ বলে। আসলে ‘মোটু সোনা’-র বদলে এই ডাক আরি কী! মিমির বাবা ডাকেন ‘বকপাখি’, কারণ মাঝে মাঝেই নাকি তিনি এক পায়ে দাঁড়িয়ে থাকেন।
২. রাইমা সেন: নেটপাড়ার সেনসেশন রাইমা সেনের ডাক নাম কী জানেন? অফিসিয়ালি বাড়ির নাম ‘ডোলু’। তবে কাছের মানুষরা ডলস, ডলজি, ডোলি নামেও ডেকে থাকেন তাঁকে।
৩. ঋতুপর্ণা সেনগুপ্ত: তিনি এখনও এভারগ্রিন। ঋতুপর্ণাকে নিয়ে দর্শকদের মনের প্রশ্ন কখনোই আসলে ফোরানোর নয়। টলিপাড়ার সুন্দরী এই নায়িকার ডাকনাম ‘চুমকি’। তাঁর বাবা তাকে এই নামটি দিয়েছিলেন। সঙ্গে অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তাঁর পরিবারের অন্য সব সদস্যরা চুমকি-র পাশাপাশি তাঁকে ‘টুনুমোনা’ বলেও ডেকে থাকেন।
৪. স্বস্তিকা মুখোপাধ্যায়: স্বস্তিকার ডাক নামটিও বেশ মজার-- ‘ভেবলি’! অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শুধু বাড়িতে নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণ ঘোষের কল্যাণে কাজের জায়গাতেও আজকাল সবাই তাঁর এই নামখানা জেনে গিয়েছে।
৫. পাওলি দাম: পাওলিকে ভালোবেসে কাছের মানুষরা ডাকেন ‘পাও’ বলে। আর এই ডাকটা খুব ভালোবাসেন অভিনেত্রী। এমনকী, অভিনেত্রীর বরও তাঁকে এই নামেই ডাকে। তবে অভিনেত্রীর আরও একটি নাম রয়েছে তা হল বুড়ি।
৬. শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়: শ্রাবন্তীর বাবা তাঁর জন্মের পর নাম রেখেছিলেন ‘গিন্টু'। অবশ্য এখন অনেকেই এই নামটির সঙ্গে পরিচিত। তাঁর বোন এখনও তাঁকে এই নামেই ডাকে।
৭. শুভশ্রী গঙ্গোপাধ্যায়: ইউভান-ইয়ালিনির মাম্মাকে টলিউডে অনেকেই ভালোবেসে ডাকে ‘শুভ’ বলে। তবে অভিনেত্রীর ডাকনাম ‘পুটাই’। জন্মের পর তাঁর এক কাকা নায়িকাকে এই নাম দেন।
৮. সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়: সায়ন্তিকা একবার বলেছিলেন, ‘বাবা আমাকে দধিমণি বলে ডাকে, কারণ ছোটবেলা আমি দুধ খাওয়ার পরই তা তুলে দিতাম। আমি এখন বাবাকে বলি সবার সামনে যেন আমাকে ওই নামে না ডাকে। আর বাবা ঠিক আমার পিছনে লাগার জন্য তাই করবে। এখন তো বন্ধুরাও আমার সঙ্গে ঠাট্টা করে, আমাকে রাগানোর জন্য দধিমণি বলে ডাকে।’
News/Entertainment/Tollywood Actress Nickname: কেউ ‘টুনুমোনা’, কেউ ‘ভেবলি’, কেউ আবার ‘পুটাই’! জেনে নিন টলিউডের ৮ নায়িকার মজাদার ডাকনাম