Katrina-Vicky: ক্য়াটরিনা এখন ফুল-টাইম মা! বউকে ‘সুপারহিরো’ তকমা, ৩ মাসের ছেলেকে নিয়ে অকপট ভিকি
মাতৃত্বের এক নতুন অধ্যায়ে ক্যাটরিনা কাইফ, আর সেই যাত্রায় তাঁর সবচেয়ে বড় অনুরাগী হয়ে পাশে আছেন স্বামী ভিকি কৌশল। তাঁদের তিন মাসের পুত্রসন্তান বিহান-কে আগলে রাখার এই দিনলিপি নিয়ে ভিকি সম্প্রতি যে মন্তব্য করেছেন, তা মন জয় করেছে সবার।
পর্দায় তিনি ‘অ্যাকশন কুইন’, কিন্তু বাস্তব জীবনে ক্যাটরিনা কাইফ এক লড়াকু মা। গত নভেম্বরে ক্যাটরিনা ও ভিকি কৌশলের কোলে এসেছে তাঁদের প্রথম সন্তান ‘বিহান’। মাতৃত্বের এই তিন মাসের সফর ক্যাটরিনা যেভাবে সামলেছেন, তাতে স্ত্রীকে ‘সুপারহিরো’ এবং যোদ্ধা তকমা দিতেও দ্বিধা করলেন না ভিকি।

মাতৃত্বের লড়াইয়ে ক্যাটরিনা:
সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়ে ভিকি খোলাখুলি কথা বলেন তাঁদের নতুন জীবন নিয়ে। সঞ্চালক নেহা ধুপিয়া যখন তাঁকে ‘নিউ ড্যাড’ হিসেবে তাঁর অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করেন, ভিকি সোজাসাপ্টা স্বীকারোক্তি দেন। তিনি বলেন, ‘তিন মাসের বাচ্চার ক্ষেত্রে বাবার করার মতো খুব অল্পই কাজ থাকে। আমি এই মুহূর্তে কেবল মা আর ছেলের জন্য চিয়ারলিডার হয়ে পাশে থাকার চেষ্টা করছি। আমি ওকে খুব ভালোবাসি।’
স্ত্রীর জন্য গর্ব:
গর্ভকালীন সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ক্যাটরিনার যে মানসিক ও শারীরিক দৃঢ়তা, তা দেখে অভিভূত ভিকি। তাঁর কথায়, ‘ক্যাটরিনা এখন একজন সুপারহিরো। গর্ভাবস্থার পুরো সময়টায় ও যেভাবে নিজেকে সামলেছে এবং এখন মা হিসেবে যে ভূমিকা পালন করছে, তা এক কথায় অনবদ্য। আমি ওর জন্য গর্বিত।’
বিহানের বাবা হওয়ার অনুভূতি:
২০২৫ সালের ৭ নভেম্বর জন্ম হয়েছিল বিহান কৌশলের। ছেলের নাম রাখার নেপথ্যেও ছিল ভিকির ‘উরি’ ছবির চরিত্র বিহান শেরগিলের যোগসূত্র। ভিকি জানান, বাবা হওয়ার এই অনুভূতি শব্দে প্রকাশ করা কঠিন। তাঁর মতে, এটি একটি অত্যন্ত ‘গ্রাউন্ডিং’ বা মাটির কাছাকাছি নিয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা। প্রতিদিন এক নতুন আবেগের মুখোমুখি হচ্ছেন তিনি।
ছুটিতে ক্যাটরিনা, কাজে ভিকি:
ছেলের জন্মের পর থেকে ক্যাটরিনা এখন পেশাদার জীবন থেকে বিরতি নিয়ে পুরোপুরি ‘ফুল-টাইম মা’। অন্য দিকে, ‘ছাবা’র সাফল্যের পর ভিকি এখন ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির প্রস্তুতিতে। তবে কাজের ফাঁকে বাড়ি ফিরলেই এখন ভিকির পুরো জগত জুড়ে কেবল বিহান আর তাঁর ‘সুপারহিরো’ মা।
২০২৫ সালে বক্স অফিসেও রাজত্ব করেছেন ভিকি, সৌজন্যে ছাবা। ছত্রপতি সম্ভাজি চরিত্রে তাঁর অবিশ্বাস্য অভিনয়ের পাশাপাশি রশ্মিকা মান্দানার সাথে তাঁর নতুন অনস্ক্রিন রসায়নের জন্য অভিনেতা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন। আগামিতে সঞ্জয় লীলা বনশালির বহুল প্রতীক্ষিত ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এ সঞ্জুর সহ-অভিনেতা রণবীর কাপুর এবং রাজির সহ-অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে ভিকিকে।
E-Paper











