Vijay Crishna: প্রয়াত শাহরুখের অনস্ক্রিন বাবা! ৮১ বছর বয়সে প্রয়াত দেবদাস খ্যাত বিজয় কৃষ্ণ
চলে গেলেন অভিনেতা বিজয় কৃষ্ণ। সঞ্জয় লীলা বনশালির দেবদাস ছবিতে শাহরুখ খান (দেবদাস)-এর বাবার চরিত্রে তাঁর অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক।
টিনসেল টাউনে শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত কালজয়ী ছবি ‘দেবদাস’-এ শাহরুখ খানের রাগী-বদমেজাজিবাবা নারায়ণ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। সোমবার রাতে মুম্বইতে বার্ধক্যজনিত সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

দেবদাস-এর সেই রাগী বাবা আর নেই:
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেবদাস’ ছবিতে বিজয় কৃষ্ণের অভিনয় ছিল অত্যন্ত বলিষ্ঠ। যেখানে তিনি এমন এক জমিদারের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি তাঁর আভিজাত্যের খাতিরে ছেলের ভালোবাসা মেনে নিতে পারেননি। শাহরুখের সঙ্গে তাঁর সংঘাতের দৃশ্যগুলো আজও সিনেমা প্রেমীদের মুখে মুখে ফেরে। কেবল দেবদাস নয়, তিনি মঞ্চাভিনয় এবং থিয়েটার জগতেরও এক অত্যন্ত পরিচিত নাম ছিলেন।
রতন টাটা যোগ:
অভিনয় জগতের বাইরেও বিজয় কৃষ্ণের একটি বড় পরিচয় ছিল। তিনি ছিলেন ভারতের বিশিষ্ট শিল্পপতি রতন টাটার পরিবারের আত্মীয়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বহু বলিউড তারকা এবং থিয়েটার জগতের ব্যক্তিত্বরা। অনেকেই জানিয়েছেন, পর্দার আড়ালে বিজয় ছিলেন অত্যন্ত অমায়িক এবং শিল্পমনা এক মানুষ।
৮১ বছর বয়সে তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না দীর্ঘদিনের সহকর্মী লিলিট দুবে। থিয়েটার থেকে সিনেমা— দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বিজয়ের সঙ্গে পথ চলেছেন লিলিট। অভিনেতা হিসেবে বিজয় যেমন ছিলেন বলিষ্ঠ, মানুষ হিসেবেও ছিলেন অত্যন্ত আকর্ষণীয় ও রসবোধসম্পন্ন।
লিলিটের আবেগঘন পোস্ট:
ইনস্টাগ্রামে বিজয়ের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে লিলিট লিখেছেন, ‘হৃদয় ভেঙে গেল... আমাদের প্রিয় বিজয় কৃষ্ণ আর নেই। ২৫ বছরেরও বেশি সময় ধরে আমাদের থিয়েটার পরিবারের এবং ‘ড্যান্স লাইক আ ম্যান’-এর অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। একজন দুর্দান্ত অভিনেতা, সুপুরুষ এবং প্রখর রসবোধ সম্পন্ন মানুষ— আমাদের সবার কাছে তিনি ছিলেন অত্যন্ত আদরের।’
থিয়েটারের ‘জয়রাজ’:
বিজয়ের অভিনয় জীবনের বড় অংশ জুড়ে ছিল মঞ্চ। লিলিট দুবের জনপ্রিয় নাটক ‘ড্যান্স লাইক আ ম্যান’-এ বিজয় ‘জয়রাজ’ চরিত্রে অভিনয় করতেন। সেই স্মৃতি রোমন্থন করে লিলিট আরও লেখেন, ‘শান্তিতে ঘুমাও আমার জয়রাজ... তোমাকে কোনোদিন ভুলব না। তুমি এখানে যেমন আমাদের বিনোদন দিয়েছো, স্বর্গের দেবতাদেরও সেভাবেই আনন্দ দিও। তাঁর স্ত্রী স্মিতা এবং দুই মেয়ে নাইরিকা ও ফ্রেয়ানের জন্য অনেক ভালোবাসা ও প্রার্থনা।’
নস্টালজিয়া ও শেষ বিদায়:
বিজয় কৃষ্ণের মৃত্যুতে একটি যুগের অবসান হলো। বিশেষ করে যাঁরা নব্বইয়ের দশকের শেষ বা দু’হাজারের শুরুর দিককার বলিউড ছবির অনুরাগী, তাঁদের কাছে তিনি ছিলেন এক অত্যন্ত নির্ভরযোগ্য চরিত্রাভিনেতা। মুম্বইতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











