Divyani Mondal: 'ক্ষত সারিয়েছো,আমার থেরাপি তুমিই!' কোন পুরুষের সুরের জাদুতে বিভোর দিব্যাণী? করলেন এই অঙ্গীকার!
ফুলকি নায়িকার অনুরাগীর সংখ্য়া নেহাত কম নয়। তবে জানেন কি দিব্যাণী নিজে মনপ্রাণ দিয়ে কোন তারকার ভক্ত?
কলকাতায় শীতের রাতে অনুভ জৈনের সুরের মায়াজালে যখন গোটা শহর ভাসছে, তখন ভিড়ের মাঝে একনিষ্ঠ শ্রোতা হয়ে দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রী দিব্যাণী মন্ডল। অনুভ মানেই ‘বারিষে’, ‘হুসন’, কিংবা ‘মিশরি’-র মতো গান যা অল্প সময়েই তরুণ প্রজন্মের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। তবে দিব্যাণীর কাছে অনুভ কেবল একজন গায়ক নন, তাঁর চেয়েও বেশি কিছু।

কনসার্টের মুহূর্তগুলো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিব্যাণী জানিয়েছেন, গত সাত বছর ধরে তিনি অনুভের গানের নিয়মিত শ্রোতা। এটি ছিল অনুভের তৃতীয় কনসার্ট যা দিব্যাণী সামনে থেকে উপভোগ করলেন। আবেগঘন পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘সাত বছর ধরে তোমার গান শুনছি অনুভ... প্রতিবার তোমাকে স্টেজে দেখলে এখনও স্বপ্ন মনে হয়। তোমার গান আমার এমন সব ক্ষত সারিয়ে দিয়েছে যা যে ক্ষতবিক্ষত ছিল তা আমি নিজেও জানতাম না। তোমার গান সত্যিই আমার কাছে থেরাপির মতো কাজ করে।’
অনুভের বিখ্যাত গান ‘মিশরি’-র লাইন উদ্ধৃত করে দিব্যাণী লিখেছেন, ‘ইয়ে চাঁদ অব চাঁদনি বনকে গিরো জারা’। কলকাতার শীতের রাতে অনুভের গলার সেই জাদুকরী মাদকতা যে দিব্যাণীর মন ছুঁয়ে গিয়েছে, তা তাঁর কথাতেই স্পষ্ট। তিলোত্তমাকে এমন এক অবিস্মরণীয় রাত উপহার দেওয়ার জন্য তিনি অনুভকে ধন্যবাদ জানাতেও ভোলেননি।
কেবল ভক্ত হিসেবেই নয়, একজন সহকর্মী হিসেবেও অনুভকে পাশে পাওয়ার স্বপ্ন দেখেন দিব্যাণী। পোস্টের শেষে তিনি নিজের ইচ্ছার কথা জানিয়ে লিখেছেন— ‘ম্যানিফেস্ট করছি, কোনোদিন যেন তোমার সাথে কাজ করার সুযোগ পাই।’ অভিনেত্রীর এই খোলাখুলি স্বীকারোক্তি আর অনুভের প্রতি তাঁর শ্রদ্ধা দেখে মুগ্ধ নেটিজেনরা। কনসার্টে সাদা রঙা শর্ট পার্টি ড্রেসে পাওয়া গেল দিব্যাণীকে। বন্ধুদের সঙ্গে অনুভ জৈনের গান শুনতে পৌঁছেছিলেন তিনি।
দিব্যাণীর এই পোস্টটি এখন ভাইরাল। অনেক ভক্তই বলছেন, ‘অনুভের গানের শক্তি এটাই, যা সরাসরি আত্মায় গিয়ে আঘাত করে।’ দিব্যাণীর এই ‘ফ্যান-গার্ল’ মোমেন্ট দেখে অনেকে কমেন্ট বক্সে তাঁর আগামী দিনের কাজের জন্য শুভকামনাও জানিয়েছেন। শহরের কনসার্ট শেষে অনুভ জৈন হয়তো পাড়ি দিয়েছেন অন্য শহরে, কিন্তু দিব্যাণীর মতো হাজারো অনুরাগীর মনে সেই ‘চাঁদনি’র আবেশ এখনও তাজা।
ফুলকি খ্যাত অভিনেত্রী শীঘ্রই বড় পর্দায় কেরিয়ার শুরু করতে চলেছেন। মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে দেখা যাবে তাঁকে, চর্চা এমনই।
E-Paper











