‘সিনিয়ররা হাভাতের মতো খাচ্ছে!’ সোনার সংসারে মানসীর মন ফিশ ফ্রাইতে, উজ্জ্বলদার ‘জঘন্য’ বিরিয়ানি খেতে লম্বা লাইন

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড মানেই কেবল নাচ-গান আর পুরস্কারের লড়াই নয়, পর্দার পেছনের ভূরিভোজ আর হুল্লোড়ও সেখানে সমানভাবে উজ্জ্বল।

Feb 25, 2026, 16:02:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মঞ্চ আলো করে দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর গম্ভীর কণ্ঠস্বর আর রাজকীয় উপস্থিতিতে তখন মঞ্চ আলোকিত। কিন্তু জি বাংলা সোনার সংসারের এক কোণে তখন এক অন্য ‘নাটক’ চলছে। ‘তারে ধরি ধরি’ খ্যাত অভিনেত্রী মানসী সেনগুপ্তর নজর তখন অ্যাওয়ার্ড মঞ্চে নয়, বরং ফিশ ফ্রাইয়ের প্লেটে! সোনার সংসারের আসর থেকে তেমনই এক মজার ‘খাদ্য-অভিযান’ এখন নেটপাড়ায় ভাইরাল।

‘সিনিয়ররা হাভাতের মতো খাচ্ছে!’ সোনার সংসারে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে লম্বা লাইন
‘সিনিয়ররা হাভাতের মতো খাচ্ছে!’ সোনার সংসারে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে লম্বা লাইন

ফিশ ফ্রাই বনাম ডিনার:

নিম ফুলের মধু সিরিয়ালে শাশুড়ি-বউমার চরিত্রে দর্শক দেখেছে তনুশ্রী আর মানসীকে। বাস্তবে দুজনের সম্পর্ক বন্ধুত্বের। তনুশ্রীর ভ্লগে দেখা গেল মন দিয়ে ফিশ ফ্রাইতে কামড় বসাচ্ছেন মানসী। অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন, ডিনার হিসেবে তিনি বেছে নিয়েছিলেন কুড়কুড়ে ফিশ ফ্রাই। তাঁর দাবি, মাত্র দুটি ফিশ ফ্রাই খেয়েই তিনি পেট ভরিয়েছেন। কিন্তু সহ-অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য কি আর এত সহজে ছাড় দেওয়ার পাত্রী? তনুশ্রীর পাল্টা দাবি, ‘দুটো নয়, ও চার-চারটে ফিশ ফ্রাই পেটে পুরেছে!’ এখানেই শেষ নয়, সতীর্থর সঙ্গে মজা করতে গিয়ে তনুশ্রী হেসে বলেই দিলেন, ‘সিনিয়ররা সব হাভাতের মতো খাচ্ছে!’

উজ্জ্বলদার বিরিয়ানি-বিলাস:

বিগত কয়েক বছরের মতো এবারও সোনার সংসারের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘উজ্জ্বলদার বিরিয়ানি’। স্টুডিও পাড়ার এই বিরিয়ানি যেন এক ঐশ্বরিক টান। টেকনিশিয়ান থেকে শুরু করে নামী নায়ক-নায়িকা—উজ্জ্বলদার বিরিয়ানির কাউন্টারে এবারও ছিল চাঁদের হাট। উজ্জ্বলদার বিরিয়ানি প্লেটে না পড়লে যেন সোনার সংসারের ডিনারটাই অপূর্ণ থেকে যায়। এমনকি বহু তারকাকে নিজেদের লাইন বজায় রেখেই প্লেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

যদিও জগদ্ধাত্রীর মেনান মানে অভিনেত্রী গৌরব ঘোষালের মুখে কিন্তু অন্য কথা। সোনার সংসারে হাজির ছিলেন তিনি। ওইদিন রাতে এক ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘আজ আমরা আবার একটা জঘন্যতম বিরিয়ানি খেয়েছি। কার বিরিয়ানি, কোথায় খেয়েছি বলব না’। তবে যে পোশাক পরে মেনান সোনার সংসারে এসেছিলেন, সেই পোশাকেই দেখা মিলল তাঁর। দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি নেটপাড়ার। এই নিয়ে জলসা ফ্যানেরা ট্রোল করতে ছাড়েনি সোনার সংসারকে।

মানসী ও তনুশ্রীর এই মিষ্টি ঝগড়া আর বিরিয়ানির সুবাস মিলিয়ে সোনার সংসারের এবারের আসর আক্ষরিক অর্থেই জমজমাট।