রাত ৯টার বদলে, নতুন স্লট পেল সাত পাকে বাঁধা! জি বাংলার এই ধারাবাহিক ১ বছরেই বন্ধ
এর আগে রাত ৯টায় সম্প্রচারের ঘোষণা হলেও, কোনো অজ্ঞাত কারণে তা পিছিয়ে দেয় চ্যানেল। এবার নতুন স্লট দেওয়া হ রাহুল মজুমদারের ধারাবাহিক সাত পাকে বাঁধা-কে।
দ্বিতীয়বার স্লট ঘোষণা হল সাত পাকে বাঁধা ধারাবাহিকের। এর আগে চ্যানেলের তরফ থেকে প্রথম প্রোমো দিয়ে জানানো হয়েছিল যে ১৮ ফেব্রুয়ারি থেকে রাত ৯টার স্লটে আসবে এই মেগা। কিন্তু ঘোষণা হওয়ার পরেও, ধারাবাহিক শুরু হয়নি দেখে অনেকেই হতবাক হয়েছিলেন। সিরিয়ালের নায়ক রাহুল মজুমদার হিন্দুস্তান টাইমস বাংলাকে নিশ্চিত করেছিলেন যে, শ্যুটিং চলছে। তবে সম্প্রচার না হওয়ার কারণ সম্পর্কে তিনি অবগত নন।

কখন আসছে সাত পাকে বাঁধা?
মার্চের শুরুতে নতুন প্রোমো দিল চ্যানেল, আর বলাই বাহুল্য নতুন স্লট। ১৯ মার্চ থেকে আসছে ধারাবাহিকটি, বিকেল ৫.৩০-এ। অর্থাৎ রুবেল ও মোহনার তুই আমার হিরো-র জায়গা নিল এটি। অর্থাৎ স্টার জলসার শুধু তোমারই জন্যে-র মুখোমুখি হবে।
গল্পের নায়ক শুভ আর শাওনের সঙ্গে পরিচিতি হয়ে গিয়েছে দর্শকদরে অবশ্য আগেই। তাও বলে রাখা যাক, শাওনের বাবা শিক্ষামন্ত্রী, কিন্তু মেয়ের ব্যাপারে বড্ড উদাসীন। আর শাওনের বাবা সেক্রেটারি শুভ। খুব সাধারণ ঘরের ছেলে। নিম্ন মধ্যবিত্ত বাড়ি, তবে সেই বাড়িতে অর্থের অভাব থাকলেও, ভালোবাসা আছে ভরে ভরে। এই দুই ভিন্ন মেরুর মানুষ যখন একে-অপরকে ভালোবাসবে, তখন দেখার কোন খাতে এগোবে গল্প।
শুভ আর শাওনের ভালোবাসা
নতুন প্রোমোতে দেখা গেল পরীক্ষা দিতে যাচ্ছে শাওন। কিন্তু দেরি করে ফেলে ঘুম থেকে উঠতে। ঠাকুরের সামনে গিয়ে জোর হাত করে বলে, ‘পরীক্ষা ভালো হলে তবেই তো বাবা আমাকে ভালোবাসবে। আমাকে নিয়ে গর্ব করবে’। সেইসময় শাওনের পিসি এসে সাবধান করে বলে দেয়, বাবা যেহেতু শিক্ষামন্ত্রী, তাই ড্রইংরুমে এখন মিডিয়ার ভিড়। তাই ভুলেও সামনে না যেতে। কারণ সবাই জেনে যাবে, স্বয়ং শিক্ষামন্ত্রীর মেয়ে হয়ে সে পরীক্ষার দিনও দেরি করে ফেলছে।
এদিকে শাওনের জেদ, বাবার আশীর্বাদ ছাড়া সে কিছুতেই পরীক্ষা দিতে যাবে না। কিন্তু যখন সে বাবার সামনে আসে, দূর থেকেই শুনতে পায় বাবা বলছে, ‘মন দিয়ে পড়াশোনা করলে আশীর্বাদ ভিক্ষা করতে হয় না’! শুনেই থমকে যায় শাওন। বাবার আশীর্বাদ না নিয়েই বেরিয়ে যায় পরীক্ষা দিতে। তবে ব্যাপারটা নজরে আসে শুভর। সে নিজের স্যার অর্থাৎ শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের পেন তুলে দেয় শাওনের হাতে। বলে, ‘ম্যাম এই নিন স্যারের স্পেশাল আশীর্বাদ, স্যারের পেন। এটা দিয়ে পরীক্ষা দিলে পরীক্ষা ভালো হবেই।’
সাত পাকে বাঁধা ধারাবাহিকে দেখা মিলবে কাদের?
সাত পারে বাঁধা ধারাবাহিকে শুভর চরিত্রে দেখা যাবে রাহুল মজুমদারকে। শাওনের চরিত্রে অভিনয় করছেন নবাগতা সম্পূর্ণা রক্ষিত। দেবদূত ঘোষ শিক্ষামন্ত্রী,আর শাওনের পিসি চান্দ্রেয়ী ঘোষ।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











