108 Maoist Surrendered: সম্মিলিত ভাবে মাথার দাম ৩.৯৫ কোটি টাকা, আত্মসমর্পণ ১০৮ মাওবাদীর

আত্মসমর্পণ করা মাওবাদীদের থেকে ৩.৬১ কোটি টাকা নগদ এবং প্রায় ১ কেজি সোনা উদ্ধার করা হয়েছে, যার বাজার দর প্রায় ১.৬৪ কোটি টাকা। এছাড়াও বিপুল সংখ্যক অস্ত্রও পাওয়া গিয়েছে তাদের থেকে। এর মধ্যে ১০১টি আগ্নেয়াস্ত্র।

Published on: Mar 12, 2026 2:03 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারত থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করতে বিগত বহু মাস ধরে অভিযান চালানো হচ্ছে। অনেক শীর্ষ স্থানীয় মাওবাদী নেতাকে ইতিমধ্যেই খতম করে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এই মাঝে অনেক মাওবাদী আবার আত্মসমর্পণও করেছেন। এবার বস্তারে একযোগে ১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন বলে জানা গিয়েছে। এই মাওবাদীদের মাথার দাম সম্মিলিত ভাবে ৩.৯৫ কোটি টাকা ছিল বলে জানা গিয়েছে।

বস্তারে একযোগে ১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন
বস্তারে একযোগে ১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন

আত্মসমর্পণকারী মাওবাদী ক্যাডারদের অনেকেই দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার জন্য ২০২৬ সালের ৩১ মার্চের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে এত সংখ্যক মাওবাদী আত্মসমর্পণ করলেন বস্তারে। মধ্য ভারতে মাওবাদীদের দমনের ক্ষেত্রে এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে দাবি করা হচ্ছে।

আত্মসমর্পণকারীদের মধ্যে ছিলেন ডিভিসিএম রাহুল তেলাম, পশ্চিম বস্তার ডিভিশন থেকে পান্ড্রু কোওয়াসি এবং ঝিত্রু ওয়াম, পূর্ব বস্তার ডিভিশন কমিটি থেকে ডিভিসিএম রামধর ওরফে বীরু, উত্তর বস্তার ডিভিশন কমিটি থেকে ডিভিসিএম মল্লেশ, পিএলজিএ ব্যাটালিয়ন নং ১ থেকে সিওয়াইপিসি কমান্ডার মুচাকি এবং ডিভিসিএম কোসা মান্ডাভি (অন্ধ্র-ওডিশা সীমান্ত অঞ্চল)।

এদিকে আত্মসমর্পণ করা মাওবাদীদের থেকে ৩.৬১ কোটি টাকা নগদ এবং প্রায় ১ কেজি সোনা উদ্ধার করা হয়েছে, যার বাজার দর প্রায় ১.৬৪ কোটি টাকা। এছাড়াও বিপুল সংখ্যক অস্ত্রও পাওয়া গিয়েছে তাদের থেকে। এর মধ্যে ১০১টি আগ্নেয়াস্ত্র (সাতটি একে৪৭ রাইফেল, ১০টি আইএনএসএএস রাইফেল, একটি কার্বাইন, পাঁচটি এসএলআর, ৪টি লাইট মেশিনগান, ২০টি .৩০৩ রাইফেল, ২৫টি টুয়েলভ-বোর গান, ১১টি বিজিএল লঞ্চার, একটি মর্টার, ৩টি .৩১৫ বোর রাইফেল, ১৩টি ভরমার বন্দুক এবং একটি মেগা বিজিএল লঞ্চার)। রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিককালে একসঙ্গে এত সংখ্যক মাওবাদী আত্মসমর্পণ করেননি।

জানা গিয়েছে, আত্মসমর্পণ করতে চেয়ে প্রথমে গোপন সূত্রে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিলেন মাওবাদীরা। তারপর তাদের অস্ত্র এবং অর্থ-সোনা জঙ্গলের কোথায় লুকিয়ে রেখেছে, সেই তথ্য নিরাপত্তা বাহিনীকে দেয় মাওবাদীরা। ছত্তিশগড় পুলিশের ডিজি অরুণ দেব গৌতম জানিয়েছেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৭১৪ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More