উত্তরাখণ্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী উপলক্ষে রবিবার দেরাদুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি অনুষ্ঠান হওয়ার কথা আছে। তার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি নোটিশ ভাইরাল হয়ে যায়। তা নিয়ে মুখ খুলল বিশ্ববিদ্যালয়।
উত্তরাখণ্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী উপলক্ষে রবিবার দেরাদুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি অনুষ্ঠান হওয়ার কথা আছে। তার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো নোটিশ ভাইরাল হয়ে যায়। তাতে দাবি করা হয় যে দেবভূমি উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানে উপস্থিত থাকলে তাঁদের ইন্টারনাল মার্কস হিসেবে ৫০ নম্বর দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই ভাইরাল দাবির সত্যতা এবার সামনে এসেছে।
মোদীর অনুষ্ঠানে যোগ দিলেই পরীক্ষায় ৫০ নম্বর দেওয়ার কোনও জারি করা হয়নি, সাফ জানাল বিশ্ববিদ্যালয়। (ছবি সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস এবং এক্স)
ভাইরাল নোটিশে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় বিটেক সিএসই (দ্বিতীয় বর্ষ) এবং বিসিএ (দ্বিতীয় বর্ষ)-এর সমস্ত পড়ুয়াকে ৯ নভেম্বর দেরাদুনের প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। নোটিশে লেখা ছিল, ‘(প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে) হাজির থাকার বিষয়টিকে ভারতীয় জ্ঞান পরম্পরা কোর্সের অংশ হিসেবে গণ্য করা হবে এবং প্রত্যেক পড়ুয়াকে ৫০ ইন্টারনাল মার্কস দেওয়া হবে।’
মোদীর সমাবেশে যোগ দিলে ৫০ নম্বর মিলবে?
যদিও সেই নোটিশে কোনও আধিকারিকের স্বাক্ষর ছিল না। তা সত্ত্বেও এটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে নিশানা করতে শুরু করে। কংগ্রেসের মুখপাত্র বলেন, ‘বিজেপির কাছে এখন আর কর্মীও নেই, নেতাও নেই, তাই এখন পড়ুয়াদের জোর করে ডাকা হচ্ছে।’ অন্যদিকে, আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণ কটাক্ষ করে লিখেছেন, ‘দেবভূমি উত্তরাখণ্ড ইউনিভার্সিটিতে মোদীর সমাবেশে যোগ দিলে ৫০ নম্বর মিলবে! আর মোদী মোদী চিৎকার করলে কত?’
‘ভুয়ো’ নোটিশ, দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
কেন্দ্রীয় সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সেই নোটিশকে ‘ভুয়ো’ বলে উল্লেখ করা হয়েছে। ভাইরাল সেই নোটিশের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ফ্যাক্টচেক সংস্থা পিআইবি ফ্যাক্টচেক এটিকে ‘ভুয়ো’ বলে জানিয়েছে। পিআইবি এক্সে পোস্ট করে বলেছে, ‘দেবভূমি উত্তরাখণ্ড ইউনিভার্সিটির নামে জারি করা একটি চিঠিতে দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এবং এর জন্য ইন্টারনাল মার্কস দেওয়া হবে। এই চিঠিটি ভুয়ো। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন কোনও নির্দেশ জারি করা হয়নি।’