6 Iranian Boats Tried to Halt US Tanker: হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাঙ্কারকে ঘিরে ফেলল ৬টি ইরানি বোট, তারপর...

ইরানের ৬টি সশস্ত্র বোট নাকি তেলের ট্যাঙ্কারটি আটকানোর চেষ্টা করেছিল হরমুজ প্রণালীতে। পরে সেখানে মার্কিন রণতরী যায় এবং ট্যাঙ্কারটিকে নিরাপদে সেখান থেকে নিয়ে আসে। এই সব ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আরব সাগর অঞ্চলে।

Published on: Feb 04, 2026 7:42 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মার্কিন পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার দখল করার চেষ্টা করে ইরানিরা। দাবি করা হচ্ছে, ইরানের ৬টি সশস্ত্র বোট নাকি তেলের ট্যাঙ্কারটি আটকানোর চেষ্টা করেছিল হরমুজ প্রণালীতে। পরে সেখানে মার্কিন রণতরী যায় এবং ট্যাঙ্কারটিকে নিরাপদে সেখান থেকে নিয়ে আসে। এই সব ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আরব সাগর অঞ্চলে। রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানি বোটগুলিতে .৫০ ক্যালিবারের বন্দুক ছিল। সেই ইরানি বোটগুলি তেলের ট্যাঙ্কারটিকে ঘিরে ফেলে সেটির ইঞ্জিন বন্ধ করার জন্য 'নির্দেশ' দিয়েছিল। সশস্ত্র ইরানিরা ট্যাঙ্কারে উঠবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল।

ইরানের ৬টি সশস্ত্র বোট নাকি তেলের ট্যাঙ্কারটি আটকানোর চেষ্টা করেছিল হরমুজ প্রণালীতে। (প্রতীকী ছবি) (REUTERS)
ইরানের ৬টি সশস্ত্র বোট নাকি তেলের ট্যাঙ্কারটি আটকানোর চেষ্টা করেছিল হরমুজ প্রণালীতে। (প্রতীকী ছবি) (REUTERS)

তবে ইরানিদের হুমকিতে নাকি মার্কিন ট্যাঙ্কারটি ইঞ্জিন বন্ধ করেনি। উলটে তারা দ্রুত গতিতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে একটি মার্কিন রণতরীর কাছে সাহায্য চায় সেটি। এই আবহে আমেরিকার একটি যুদ্ধজাহাজ গিয়ে সেই ট্যাঙ্কারটিকে নিরাপদে সেখান থেকে নিয়ে আসে। এদিকে আরব সাগরে মার্কিন যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে নাকি একটি ইরানি ড্রোন ধেয়ে গিয়েছিল ৩ ফেব্রয়ারি। সেই ঘটনায় মার্কিন এক যুদ্ধজাহাজ ইরানি ড্রোনটিকে ধ্বংস করে।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই ইরানের ওপর মার্কিন হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার 'বন্ধু' হিসেবে পরিচিত একাধিক দেশ ইতিমধ্যেই ঘোষণা করেছে, তাদের আকাশসীমা কিংবা মাটি ব্যবহার করে ইরানের ওপর হামলা করা যাবে না। এই আবহে কয়েকদিন আগে মার্কিন সেনার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইজরায়েলি সেনার চিফ অফ স্টাফ আয়ল জমির। পরে ইজরায়েলি সেনা কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন সেই দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ৩ ফেব্রুয়ারি আবার মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক হয় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। ইরান নিয়েই তাঁদের কথা হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে। ইরান দাবি করেছে, তাদের ওপর হামলা হলে আমেরিকার জন্য তার ফল ভালো হবে না। তবে ইরানের তরফ থেকে আলোচনার বার্তাও গিয়েছে আমেরিকার কাছে। এই আবহে ট্রাম্প আশা ব্যক্ত করেন, শীঘ্রই একটি সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে।