দাউ দাউ করে জ্বলছে কারখানা! মরুরাজ্যে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৭ শ্রমিকের, আটকে আরও...
সোমবার সকালে ভিওয়াড়ি এলাকায় একটি কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে।
রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল কমপক্ষে সাত শ্রমিকের। কারখানায় অন্তত ২ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিওয়াড়ি শহরের কাছে কুশখেরা-কারোলি শিল্পতালুকে। ইতিমধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

এদিন অতিরিক্ত জেলাশাসক সুমিতা মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের একটি দল ভোরের দিকে রুটিন টহলদারি করার সময়ে ওই কারখানায় আগুন দেখতে পায়। সঙ্গে সঙ্গেই সেখানে দমকল এবং উদ্ধারকারী দল পাঠানো হয়। মোট ৯ জন ভেতরে আটকে পড়ে ছিলেন। এখনও পর্যন্ত সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। কী ভাবে ওই রাসায়নিক কারখানায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, সোমবার সকালে ভিওয়াড়ি এলাকায় একটি কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৭ জন শ্রমিক আগুনে পুড়ে প্রাণ হারান।
সূত্রের খবর, জি-১, ১১৮ নম্বর প্লটের ওই কারখানাটি কয়েক মাস ধরে বন্ধ ছিল। সেখানে প্রচুর পরিমাণে কার্ডবোর্ড ও দাহ্য রাসায়নিক মজুত ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে প্রায় ২৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর কয়েকজন শ্রমিক বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও অন্তত ৭ জন ভেতরে আটকে পড়েন এবং আগুনে ঝলসে জীবন্ত দগ্ধ হন। পুলিশ জানিয়েছে, ওই কারখানায় রাসায়নিক পদার্থের পাশাপাশি আতশবাজি তৈরির কাজও চলত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, রবিবার রাসায়নিক মজুত করে রাখার ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ জনের। ওই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে কর্ণাটকের মান্ড্য এলাকায়। আহতদের ভর্তি করা হয়েছে মান্ড্য-র এমআইএমএস হাসপাতালে। কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখেছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর,এই ঘটনা ঘটেছে মান্ড্যর বাসারালু এলাকার কারাকাট্টে গ্রামে। যখন এই ঘটনা ঘটে তখন সেখানে কাজ করছিলেন ৬ জন। জানা গিয়েছে, শ্রমিকরা গ্যাস কাটার দিয়ে ট্যাঙ্কের ঢাকনা খোলার চেষ্টা করেন। তখনই সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ঠিক আগে ওই ট্যাঙ্ক থেকে রাসায়নিক বাষ্প বেরিয়ে আসে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
E-Paper











