‘বাংলাদেশকে শাসন করবেন তিলকধারী ও গেরুয়া বসনধারী, পাকিস্তানেও তাই হবে’
‘আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশকে শাসন করবেন তিলকধারী ও গেরুয়া বসনধারী, পাকিস্তানেও তাই হবে’ - এমনই মন্তব্য করা হল। আর সেই মন্তব্য করা হয়েছে একটি মন্তব্যের প্রেক্ষিতে। বলা হয়েছিল যে একদিন হিজাব পরা কোনও মহিলা ভারতের প্রধানমন্ত্রী হবেন।
এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির 'হিজাব' মন্তব্য নিয়ে মুখ খুললেন ধর্মগুরু দেবকীনন্দন ঠাকুরজি মহারাজ। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রবিবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে তিনি বলেন যে ‘কাল কী হবে, সেটা কে দেখেছেন। কিন্তু আমার স্বপ্ন হল যে একজন তিলকধারী এবং একজন গেরুয়া বসনধারী বাংলাদেশেও শাসন করবেন এবং পাকিস্তানেও শাসন করবেন।’ উল্লেখ্য, বাংলাদেশে এখন হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে লাগামছাড়া অত্যাচার চলছে। একের পর এক হিন্দুদের খুন করা হচ্ছে। সেই আবহের মধ্যেই ধর্মগুরু এমন মন্তব্য করেছেন।

‘ভারতের প্রধানমন্ত্রী হবেন হিজাবধারী কোনও মহিলা’
তবে তিনি সেই কথা বলেছেন এআইএমআইএম প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে। শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুরে একটি নির্বাচনী জনসভায় ওয়াইসি আশাপ্রকাশ করেন যে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন হিজাবধারী কোনও মহিলা। কারণ ভারতের সংবিধানে প্রত্যেক ধর্মের মানুষকে সমানাধিকার এবং সমান মর্যাদা প্রদান করা হয়। পাকিস্তানে সেইসবের বালাই নেই। যে দেশে শুধুমাত্র একটি ধর্মের লোকজনই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে বসে থাকেন।
'পাকিস্তানে শুধুমাত্র একটি ধর্মের লোকজনই প্রধানমন্ত্রী হন'
ওয়াইসির কথায়, 'পাকিস্তানের সংবিধানে বলা হয়েছে যে শুধুমাত্র একটি ধর্মের লোকজনই সেই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু বাবাসাহেব আম্বেদকরের লেখা (ভারতের) সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে, যে কোনও নাগরিকই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মেয়রও হতে পারেন। সর্বশক্তিমানের কৃপায় এমন একটা দিন আসবে, যখন আমি বা বর্তমান প্রজন্মের কেউই থাকবেন না। কিন্তু হিজাব পরা একজন মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন।'
'বিজেপিকেও নিশানা করেন ওয়াইসি'
সেইসঙ্গে বিজেপিকে নিশানা করে হায়দরাবাদের সাংসদ বলেন, 'আমি নিশ্চিত যে সেই দিনটা অবশ্যই আসবে (যেদিন হিজাব পরা কোনও মহিলা ভারতের প্রধানমন্ত্রী হবেন)। আপনারা (মহারাষ্ট্রের শাসক হল বিজেপির নেতৃত্বাধীন জোট) মুসলিমদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়াচ্ছেন, তা বেশিদিন টিকবে না।'
মুসলিম মহিলারাও হিজাব-বিরোধী, ওয়াইসিকে আক্রমণ বিজেপির
আর সেই মন্তব্যের পরে ওয়াইসিকে আক্রমণ শানান বিজেপি সাংসদ অনিল বোন্দে। তিনি দাবি করেন, দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলছেন ওয়াইসি। অর্ধেক সত্যটা তুলে ধরছেন। মুসলিম মহিলারা হিজাবের বিরোধিতা করছেন। কারণ তাঁরা কারও অধীনে থাকতে চান না। ইরানের মহিলারাও হিজাবের বিরোধিতা করছেন বলে দাবি করেন বিজেপি সাংসদ। সেইসঙ্গে তিনি দাবি করেন, ভারতে জনসংখ্যার ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। সেই পরিস্থিতিতে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি সাংসদ।
E-Paper











