Abhishek Sharma: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক শর্মা! কী হয়েছে তাঁর? মুম্বইতে থাকাকালীনই…

ঠিক কী হয়েছে ভারতের ‘রান মেশিন’ অভিষেক শর্মার? 

Published on: Feb 11, 2026 7:05 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাত পোহালেই বৃহস্পতিবার রয়েছে টি২০ বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ। ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে দিল্লিতে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তবে তার আগেই ভারতীয় শিবির থেকে ফের উদ্বেগের বার্তা। এদিন সকালেই জানা যায়, হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ‘রান মেশিন’ অভিষেক শর্মা। তবে বিকেল গড়াতেই সুখবর দিয়েছে সূর্য বাহিনী! জানা গিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিষেক। তবে তিনি নামিবিয়ার ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে এখনও কিছু নিশ্চিত সিদ্ধান্ত হয়নি।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক শর্মা!/ -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (AFP)
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক শর্মা!/ -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (AFP)

এদিকে, বুধবার এক সাংবাদিক সম্মেলনে অভিষেকের সতীর্থ তিলক ভর্মা জানিয়েছেন, অভিষেককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীয় ওপেনার অভিষেকের কয়েকটি টেস্ট হয়েছে বলে জানা গিয়েছে। তিলক বলেন,'উনি (অভিষেক) কয়েকটি টেস্টের জন্য হাসপাতালে যান। তিনি আজ ছাড়া পেয়েছেন। আমাদের আরও একদিন আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য।' অনেকেই মনে করছেন ২২ গজে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক না নামলে, সেক্ষেত্রে ঈশান কিষাণের সঙ্গে সঞ্জু স্যামসন ওপেন করতে পারেন। তবে ১৫ ফেব্রুয়ারি রবিবার পাকিস্তানের বিরুদ্ধের ম্যাচে অভিষেকের ব্যাট-তাণ্ডব দেখা যাবে কি না, তা এখন বহুমূল্য প্রশ্ন।

কী হয়েছে অভিষেকের?

জানা গিয়েছে, অভিষেকের পেটের সমস্যার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ‘টাইমস অফ ইন্ডিয়া’র খবর অনুসারে, মুম্বইতে থাকাকালীনই অভিষেক শর্মা এমন কিছু খেয়েছিলেন যার ফলে তাঁর পেট খারাপ হয়। মুম্বইতে ম্যাচের দিন তাঁর শারীরিক অবস্থাও ভালো ছিল না বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও অভিষেক, টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ আমেরিকার বিরুদ্ধে খেলেনে। তবে সেদিন তিনি প্রথম বলেই আউট হয়ে যান। সেদিন ভারতের ব্যাটিং পারফরম্যান্সও বেশ খারাপ ছিল। ২৯ রানে সেদিন ইউএসএর বিরুদ্ধে জিতে যায় ভারত। জানা গিয়েছে, পেটের সংক্রমণ এতটাই বেড়ে যায় অভিষেকেরজ্বরও আসে। দিল্লি পৌঁছে অভিষেকের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। জানা যাচ্ছে, ডিহাইড্রেশন ও আনুষাঙ্গিক কিছু সমস্যার জন্য দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় অভিষেককে। এর আগে, ভারতীয় টিম গুয়াহাটি, বিশাখাপত্তনম, নাগপুর, তিরুঅনন্তপুরম সহ একাধিক জায়গায় সফর করে। তারপরই টি২০ বিশ্বকাপ সফরে অংশ নেয় ভারত। জানা গিয়েছে, বুধবার মাঠে অনুশীলনেও যাননি অভিষেক। জানা যাচ্ছে, অভিষেক নিজের ব্যক্তিগত ট্রেনারকে দিল্লি ডেকে নেন। যিনি ভারত বনাম পাকিস্তান ম্যাচ পর্যন্ত অভিষেকের সঙ্গে থাকবেন বলে খবর।