T20 World Cup: ভারতীয় শিবিরে বড় ধাক্কা! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিষেক, নামিবিয়া ম্যাচে অনিশ্চয়তা

গত রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগের ম্যাচের আগেও অভিষেক শর্মা পুরোপুরি সুস্থ ছিলেন না। কিন্তু শারীরিক অস্বস্তি নিয়েই তিনি মাঠে নেমেছিলেন।

Published on: Feb 11, 2026 2:10 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। পিটিআই-র প্রতিবেদন অনুযায়ী, পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন তারকা ব্যাটার অভিষেক শর্মা। আগামী বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় গ্রুপ পর্যায়ের ম্যাচ। কিন্তু বর্তমানে যে শারীরিক অবস্থা, তাতে এই বাঁহাতি ওপেনারের মাঠে নামা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিষেক শর্মা (PTI)
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিষেক শর্মা (PTI)

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগের ম্যাচের আগেও অভিষেক শর্মা পুরোপুরি সুস্থ ছিলেন না। কিন্তু শারীরিক অস্বস্তি নিয়েই তিনি মাঠে নেমেছিলেন। অভিষেক প্রথম বলেই আউট হন। ভারত বোলিংয়ে নামার সময়ও তিনি মাঠে নামতে পারেননি। তাঁর জায়গায় পুরো ইনিংস ফিল্ডিং করেন সঞ্জু স্যামসন। ম্যাচ শেষ হওয়ার পর বিজয় উদযাপনেও তাঁকে দেখা যায়নি। ম্যাচের পর তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। জ্বরে মাথা তুলতে পারছিলেন না। তাঁকে ড্রিপও দিতে হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বিসিসিআই-এর এক সূত্রের খবর অনুযায়ী, 'পেটের সংক্রমণের জন্য দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অভিষেক শর্মা। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আজই ছাড়পত্র পাবেন কিনা, বলা যাচ্ছে না। তবে নামিবিয়ার বিরুদ্ধে নামা এখন কঠিন বলেই মনে হচ্ছে।'

মঙ্গলবার সহকারী কোচ রায়ান টেন ডসচাতে সাংবাদিকদের বলেন, ‘অভির এখনও পেটের কিছু সমস্যা রয়েছে। আমরা আশা করছি, দু'দিনের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে। ওকে ম্যাচে পাওয়া যাবে।’ মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের প্র্যাকটিসে ছিলেন না অভিষেক। এদিকে, ভারতীয় দলে যুক্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর। সংবাদিক বৈঠকে টেন ডসচাতে জানিয়েছেন, সুন্দর সোমবার দলভুক্ত হয়েছে। আজ অনুশীলন করবে। যশপ্রীত বুমরার ফিটনেস নিয়েও মুখ খোলেন। ডসচাতে বলেন, ‘দশ দিনের বিরতির পরে বুমরা নিয়মিত বল করছে। ও অনেকটা ভাল আছে। আজও বোলিং করবে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক সূর্যকুমার যাদব নিয়ে ডসচাতের মত, ‘কৃতজ্ঞ যে আমাদের অধিনায়ক এমন ইনিংস খেলেছেন। গত এক বছরে ওর ফর্ম ওঠা-নামা করেছে। কিন্তু ও পাশে ভাল লোকজন রয়েছে বলেই ফর্মে ফিরে এসেছে। নেতৃত্ব, ধারাবাহিকতা, সবটাই ওর খেলায় স্পষ্ট।' ও। তবে ব্যাটিং লাইনআপে অভিষেকের অভাব চিন্তায় রাখছে ম্যানেজমেন্টকে। টিম ইন্ডিয়ার নজর এখন এই তরুণ তুর্কির দ্রুত আরোগ্যের দিকে।