Abhishek Sharma T20I records update: বিশ্বরেকর্ড গড়ে T20I-তে ১,০০০ রান পূরণ অভিষেকের, তবে টপকাতে পারলেন না বিরাটকে
বিশ্বরেকর্ড গড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১,০০০ রান পূরণ করলেন অভিষেক শর্মা। তবে টপকাতে পারলেন না বিরাট কোহলিকে। বিশ্বরেকর্ড গড়লেও একটি রেকর্ডের নিরিখে বিরাট এখনও এগিয়ে থাকলেন অভিষেকের থেকে। কোন ক্ষেত্রে?
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা। আইসিসির টেস্ট খেলিয়ে দেশ তথা পূর্ণ সদস্যভুক্ত দেশগুলির মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম ১,০০০ রানের মাইলস্টোন ছোঁয়ার নজির গড়লেন ভারতীয় তারকা। শনিবার ব্রিসবেনে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামেন অভিষেক, তখন ১,০০০ রানের মাইলস্টোন ছোঁয়ার জন্য তাঁর ১১ রান দরকার ছিল। অজিদের ক্যাচ ফেলার সুযোগ নিয়ে গাব্বায় সেই রানটা তুলে ফেলেন। সঙ্গে গড়ে ফেলেন ইতিহাস। এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৮টি টি-টোয়েন্টি (২৭টি ইনিংস) ম্যাচ খেলেছেন অভিষেক। করেছেন ১,০১২ রান। বল খেলেছেন মোট ৫৩৪টি। করেছেন দুটি শতরান। সেইসঙ্গে পাঁচটি অর্ধশতরানও করেছেন ভারতের তরুণ তুর্কি।
আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১,০০০ রান করা খেলোয়াড়ের তালিকার শীর্ষে উঠে এলেন অভিষেক। সেই তালিকার প্রথম পাঁচে কারা আছেন, তা দেখে নিন।
ইনিংসের নিরিখে ভারতীয়দের মধ্যে T20I-তে দ্রুততম ১,০০০ রান
১) ২৭ ইনিংস: বিরাট কোহলি।
২) ২৮ ইনিংস: অভিষেক শর্মা।
৩) ২৯ ইনিংস: কেএল রাহুল।
৪) ৩১ ইনিংস: সূর্যকুমার যাদব।
৫) ৪০ ইনিংস: রোহিত শর্মা।
অস্ট্রেলিয়ায় T20I-তে ভারতের অক্ষুণ্ণ রেকর্ড
তবে যে ম্যাচে অভিষেক সেই রেকর্ড গড়েছেন, তা আবহাওয়ার কারণে ভেস্তে গিয়েছে। অস্ট্রেলিয়া টসে জেতার পরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের স্কোর ছিল ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান। তারপরে প্রকৃতির কারণে ম্যাচ থমকে যায়। পরিত্যক্ত হয়ে গিয়েছে ম্যাচ। তার ফলে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে গিয়েছে ভারত। সেইসঙ্গে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল টিম ইন্ডিয়া।
শেষ ৩ বছরে ভারতের কাছে ৩ সিরিজে হার অজিদের
সার্বিকভাবে ২০২২ সাল থেকে চতুর্থবার টি-টোয়েন্টি সিরিজ হারল অস্ট্রেলিয়া। তার তিনটিই হেরেছে ভারতের বিরুদ্ধে। ২০২২ সালে অ্যাওয়ে সিরিজে ভারতের বিরুদ্ধে ১-২ ব্যবধানে। ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হেরে গিয়েছিল। ২০২৩ সালে ভারতের মাটিতে সিরিজ হেরেছিল ১-৪ ব্যবধানে। আর এবার ঘরের মাঠে ভারতের কাছে ১-২ ব্যবধানে সিরিজ হেরে গেল। তাও একটা সময় ১-০ ব্যবধানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া।
News/News/Abhishek Sharma T20I Records Update: বিশ্বরেকর্ড গড়ে T20I-তে ১,০০০ রান পূরণ অভিষেকের, তবে টপকাতে পারলেন না বিরাটকে