আততায়ীর বন্দুক ছিনিয়ে 'হিরো!' বিশ্বজুড়ে সিরিয়ার আহমেদ আল আহমেদ জয়জয়কার,কে তিনি ?
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও তাঁকে 'হিরো' বলেছেন।
ইহুদিদের হানুকা উৎসব শুরু হচ্ছে, সেই উপলক্ষেই অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান, খাওয়া-দাওয়ার। আনন্দে মেতে যখন সবাই, সেই সময় হঠাৎ বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ১৫ জনের। এত কিছুর মাঝে একজন এখন সকলের হিরো। খালি হাতেই একা কুপোকাত করেছেন বন্দুকবাজকে। একজন নিরস্ত্র ব্যক্তির সাহসী পদক্ষেপে প্রাণে বেঁচেছেন বহু মানুষ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

রবিবার দুপুরে বন্ডি বিচে আচমকাই হামলা চলে। হঠাৎ দুই বন্দুকবাজ এসে উপস্থিত ইহুদিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শিশু-বয়স্ক কাউকে বাদ দেয়নি। চোখের সামনে একের পর এক মানুষকে লুটিয়ে পড়তে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি আহমেদ আল আহমেদ (৪৩)। হানুকা উৎসবে ফল বিক্রি করতে এসেছিলেন আহমেদ। ভিডিওতে দেখা গেছে, গাড়ির আড়াল থেকে দৌড়ে এসে আহমেদ এক বন্দুকবাজকে পেছন থেকে জাপটে ধরেন, তার হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন এবং পরে অস্ত্রটি তাক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাত্র ১৫ সেকেন্ডের এই ঘটনাকে অনেকেই সম্ভাব্য গণহত্যা ঠেকানোর মুহূর্ত হিসেবে দেখছেন। বিশ্বজুড়ে আল আহমেদের জয়জয়কার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও তাঁকে 'হিরো' বলেছেন। হামলার সময় আহমেদ নিজেও গুলিবিদ্ধ হন। তাঁর দুটি গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ওই রাতেই তার অস্ত্রোপচারের কথা ছিল।
৭নিউজকে আহমেদের তুতো ভাই মোস্তাফা জানান, 'বর্তমানে হাসপাতালে আহমেদের চিকিৎসা চলছে। ভেতরে ঠিক কী অবস্থা, তা এখনও নিশ্চিত নই। আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি শতভাগ একজন হিরো।' তিনি আরও বলেন, আহমেদের কোনও ধরনের অস্ত্র ব্যবহারের অভিজ্ঞতা ছিল না। তিনি কেবল ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। পরিস্থিতির ভয়াবহতা বুঝে হঠাৎ করেই তিনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিনসও বন্দুকধারীকে নিরস্ত্রকারী ব্যক্তির প্রশংসা করেছেন।তিনি বলেন, 'আমি জীবনে এমন অবিশ্বাস্য দৃশ্য আর দেখিনি। ওই ব্যক্তি একজন প্রকৃত নায়ক। তাঁর সাহসিকতার কারণেই আজ রাতে অনেক মানুষ বেঁচে আছে।' অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও সাহসী নাগরিকদের প্রশংসা করে বলেন, 'কিছু অস্ট্রেলিয়ান বিপদের দিকে দৌড়ে গেছেন অন্যদের বাঁচাতে। তারা প্রকৃত নায়ক, এবং তাদের সাহসিকতা বহু প্রাণ রক্ষা করেছে।'
আহমেদ আল আহমেদ কে?
স্থানীয় সংবাদমাধ্যম ৭নিউজকে এই ব্যক্তিকে শনাক্ত করেছে এবং জানিয়েছে যে দুটি গুলি লাগার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিডনির সাদারল্যান্ড শায়ারের বাসিন্দা আহমেদ দুই সন্তানের বাবা এবং ফলের ব্যবসা করেন। প্রকৃত পক্ষে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বাসিন্দা আহমেদ এক দশকেরও আগে অস্ট্রেলিয়ায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নিখাদ সাধারণ এক নাগরিক হিসেবে হয়তো আতঙ্কে সেই সময় তাঁরও অকুস্থল ছেড়ে পালানোর কথা। তবে তা না করে প্রবল সাহসিকতার নজির গড়লেন। উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে মাথা ঠান্ডা রেখে আততায়ীকে জাপটে ধরলেন পিছন থেকে। যতক্ষণ না সেই হামলাকারীর হাত থেকে বন্দুক ছিনিয়ে নেন, ততক্ষণ চলতে থাকে লড়াই। এর জেরে দু’টি গুলিও লাগে তাঁর। তবে ছিনিয়ে নেওয়া বন্দুকের নিশানায় আততায়ীকে পিছু হটতে বাধ্য করেন।












