Owaisi on Tipu Sultan Controversy: টিপু সুলতানের আংটিতে 'রাম' লেখা ছিল না? বিতর্কের মাঝে বিজেপিকে প্রশ্নবাণ ওয়াইসির
মালেগাঁও ডেপুটি স্পিকার নিজের অফিসে টিপু সুলতানের প্রতিকৃতি স্থাপন করায় বিতর্ক তৈরি হয়। তখন টিপুকে শিবাজির সঙ্গে তুলনা করেন মহারাষ্ট্র কংগ্রেস প্রধান। যার জেরে কংগ্রেসের সামলোচনা করেন মুখ্যমন্ত্রী ফড়ণবীস। এই আবহে এবার বিজেপিকে আক্রমণ শানিয়ে ওয়াইসি বলেন, টিপু সুলতান হিন্দু-মুসলিম ঐক্যের উদাহরণ।
সম্প্রতি সুলতান টিপু সুলতানকে ছত্রপতি শিবাজি মহারাজের সাথে তুলনা করেছিলেন মহারাষ্ট্রের কংগ্রেস ইউনিটের সভাপতি হর্ষবর্ধন সপকাল। আর এই নিয়ে মারাঠা রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস হর্ষবর্ধন সপকালের মন্তব্যকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। আর অন্যদিকে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, টিপু সুলতান হিন্দু-মুসলিম ঐক্যের উদাহরণ।
বিজেপিকে আক্রমণ শানিয়ে ওয়াইসি বলেন, টিপু সুলতান হিন্দু-মুসলিম ঐক্যের উদাহরণ। (PTI)
এর আগে মালেগাঁও মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র নিহাল আহমেদের অফিসে টিপু সুলতানের প্রতিকৃতি স্থাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্ক নিয়ে জানতে চাওয়া হলে মহারাষ্ট্রের কংগ্রেস ইউনিটের সভাপতি হর্ষবর্ধন সপকাল শিবাজির সঙ্গে টিপুর তুলনা করেন হর্ষবর্ধন। এই পরিপ্রেক্ষিতে ফড়ণবীস বলেন, 'মহারাষ্ট্র এটা বরদাস্ত করবে না। ছত্রপতি শিবাজী মহারাজকে টিপু সুলতানের সঙ্গে তুলনা করার জন্য সপকালের ক্ষমা চাওয়া উচিত।' আর ফড়ণবীসের এই প্রতিক্রিয়ার জবাবে এবার এই বিতর্কে ঝাঁপালেন ওয়াইসি।
এই নিয়ে ওয়াইসি বলেছেন, 'টিপু সুলতান ১৭৯৯ সালে শহিদ হন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে টিপু শহিদ হন। টিপু জেলে থেকে আপনার বীর (বীর সাভারকর) মতো ব্রিটিশদের প্রেমপত্র লেখেননি। টিপু সুলতান ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য শহিদ হন। ব্রিটিশরা টিপুকে এতটাই ভয় পেয়েছিল যে টিপুর লাশ দেড় ঘণ্টা পড়ে ছিল, তারা সেটা তুলতে সাহস পায়নি। দেবেন্দ্র ফড়নবীস সাহেব, এটা কি সত্যি নয় যে টিপুর হাত থেকে যে আংটিটি বেরিয়ে এসেছিল, তাতে 'রাম' লেখা ছিল? এটি ২০১৪ সালে বার্সানিয়ায় নিলামে তোলা হয়েছিল।'
ওয়াইসি বলেন, ' এপিজে আবদুল কালাম তাঁর উইংস অব ফায়ার বইয়ে লিখেছেন, রকেট প্রযুক্তির মাধ্যমে টিপুর স্বপ্ন পূরণ হচ্ছে, এটা কি মিথ্যে? আপনি যদি এটা বিশ্বাস না করেন, তাহলেও আপনি গান্ধীকে তো অন্তত বিশ্বাস করবেন। তিনি তার 'ইয়ং এজ' পত্রিকায় লিখেছিলেন যে টিপু সুলতান হিন্দু-মুসলিম ঐক্যকে সমর্থন করতেন। আপ্পাজি রাম ছিলেন টিপু সুলতানের সেনাবাহিনীর সেনাপতি। তাঁর উপদেষ্টা ছিলেন কৃষ্ণ রাও। বিজেপি শুধু ঘৃণা সৃষ্টি করতে চাইছে। ভারতের প্রথম সংবিধান বইয়ে টিপুর ছবি রয়েছে।'
News/News/Owaisi On Tipu Sultan Controversy: টিপু সুলতানের আংটিতে 'রাম' লেখা ছিল না? বিতর্কের মাঝে বিজেপিকে প্রশ্নবাণ ওয়াইসির