ইন্ডিগোর বিশৃঙ্খলায় ঊর্ধ্বমুখী বিমানভাড়া! হ্রাস টানতে নয়া নির্দেশিকা কেন্দ্রের, যাত্রীরা টিকিটের...
ইন্ডিগোর সংকটের সুযোগ নিয়ে অন্যান্য সংস্থার বিমানের ভাড়া আকাশ ছুঁয়েছে। বিভিন্ন রুটে প্রায় চারগুণ বেড়েছে বিমান ভাড়া।
টানা চার দিন ধরে চলা ইন্ডিগোর বিমান বিশৃঙ্খলায় জেরবার অবস্থা যাত্রীদের। আর এই আবহে মওকা বুঝে বিভিন্ন রুটে অস্বাভাবিক হারে বেড়েছে বিমানের টিকিটের দাম। ডায়নামিক ফেয়ারের সুযোগে নিজেদের ইচ্ছেমতো টিকিটের দাম হাকাচ্ছে বিমান সংস্থাগুলি। যার জেরে নাভিশ্বাস অবস্থা যাত্রীদের। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এক নির্দেশিকায় জানানো হয়েছে, নির্ধারিত নিয়মের বাইরে বিমানের টিকিটের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, 'চলমান বিপর্যয়ের সময় নির্দিষ্ট কিছু বিমান সংস্থা অস্বাভাবিকভাবে বেশি ভাড়া আদায়ের বিষয়ে উদ্বেগের বিষয়টি অসামরিক বিমান পরিবহন মন্ত্রক গুরুত্ব সহকারে নিয়েছে। যাত্রীদের কোনও রকম অতিরিক্ত মূল্যবৃদ্ধি থেকে রক্ষা করতে মন্ত্রক তার নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করেছে। ক্ষতিগ্রস্ত সব রুটেই ন্যায্য ও যৌক্তিক ভাড়া নিশ্চিত করতে নতুন নির্ধারিত ক্যাপ মানতে এয়ারলাইন্সগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।' ভাড়া নিয়ন্ত্রণ না করলে এই পরিস্থিতিতে যাত্রীদের ওপর বিপুল আর্থিক চাপ পড়বে, বিশেষত বয়স্ক যাত্রী, ছাত্রছাত্রী, চিকিৎসার প্রয়োজনীয় যাত্রীরা ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এছাড়া বিমানভাড়া এখন থেকে রিয়েল-টাইমে নজরদারির আওতায় থাকবে। উড়ান সংস্থা ছাড়াও অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মগুলিকেও পর্যবেক্ষণে রাখা হবে। কেন্দ্র সতর্ক করে বলেছে, 'নির্ধারিত নিয়ম ভাঙলে অবিলম্বে সংশোধনী ব্যবস্থা নেওয়া হবে।'
শনিবার সকাল থেকে এখনও চার শতাধিক উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে। দিল্লি, মুম্বই, আমেদাবাদ, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদ। দেশের প্রতিটি প্রধান শহরের বিমানবন্দরে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে যাত্রীদের। বাদ পড়েনি কলকাতা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে উড়ান বাতিলের খবর পেয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় অনেককে। ইন্ডিগোর সংকটের সুযোগ নিয়ে অন্যান্য সংস্থার বিমানের ভাড়া আকাশ ছুঁয়েছে। বিভিন্ন রুটে প্রায় চারগুণ বেড়েছে বিমান ভাড়া। দিল্লি-মুম্বাই রুটে এই ভাড়া পৌঁছায় প্রায় ৬৫ হাজার টাকায়। অন্যদিকে, কলকাতা-মুম্বাই রুটে এই ভাড়া পৌঁছায় প্রায় ৯০ হাজার টাকায়। এই আবহে ইন্ডিগোকে ক্ষতিগ্রস্ত যাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এক বিবৃতিতে জানানো হয়েছে, ' মন্ত্রক নির্দেশ দিয়েছে যে বাতিল বা ব্যাহত সকল ফ্লাইটের রিফান্ড প্রক্রিয়া ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার রাত ৮ টার মধ্যে সম্পন্ন করতে হবে। টিকিট বাতিলের ফলে যে সব যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা প্রভাবিত হয়েছে, তাদের জন্য কোনও অতিরিক্ত চার্জ না নেওয়ার জন্য বিমান সংস্থাগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে।'
উল্লেখ্য, ইন্ডিগো সংস্থা, সাধারণত দিনে প্রায় ২,৩০০টি ফ্লাইট পরিচালনা করে। তবে পাইলট সংকট এবং পরিকল্পনার ত্রুটির কারণে বিমান চলাচল এখন বিপর্যস্ত। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে, ১৫ ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।












