বাংলাদেশে ফের হিন্দু খুন! ল্যান্ড ক্রুজারে পিষে মারা হল যুবককে, গ্রেফতার বিএনপি নেতা
গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর দখল, উপাসনালয় ভাঙচুর এবং বেছে বেছে হত্যার ঘটনা নিয়ে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বেড়েছে।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের গ্রাফ যেন থামার নাম নিচ্ছে না। বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর যে পরিকল্পিত দমনপীড়ন শুরু হয়েছে, তার সাম্প্রতিকতম শিকার হলেন রাজবাড়ি জেলার সদর উপজেলায় যুবক রিপন সাহা (৩০)। স্রেফ পেট্রোলের বকেয়া টাকা চাওয়ায় তাঁকে ল্যান্ড ক্রুজার গাড়ি চাপা দিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল। এক প্রাক্তন বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন জেলা যুবদল সভাপতি আবুল হাশেম সুজন এবং তাঁর গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। রাজবাড়ি সদর উপজেলার এই পৈশাচিক ঘটনা ফের প্রমাণ করল, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা বর্তমানে খাদের কিনারায়।

নৃশংস ঘটনা
নৃশংস ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সংলগ্ন ‘করিম ফিলিং স্টেশন’-এ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার রিপন সাহা ওই পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন। সেই সময় প্রাক্তন বিএনপি ও যুবদল নেতা আবুল হাশেম সুজন তাঁর ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে তেল নিতে আসেন। অভিযোগ, ফুল ট্যাঙ্ক তেল নেওয়ার পর টাকা না দিয়েই তিনি গাড়ি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন। কর্তব্যরত রিপন সাহা টাকা আদায়ের জন্য গাড়ির সামনে গিয়ে তাঁদের আটকানোর চেষ্টা করলে, হাশেমের নির্দেশে চালক রিপনের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করলেও রাজনৈতিক প্রভাবে অপরাধীদের শাস্তি হওয়া নিয়ে সন্দিহান স্থানীয় হিন্দু সমাজ।
কী বলছে বাংলাদেশ পুলিশ?
বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে একটি কালো গাড়ি পেট্রল পাম্পে আসে এবং প্রায় ৫,০০০ টাকা (ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৭১০ টাকা) মূল্যের তেল নেয়। চালক টাকা না দিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রিপন গাড়িটি আটকানোর চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, গাড়িটি সেই সময় তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় করিম পেট্রল পাম্পের কর্মীরা জানান, শুক্রবার ভোরে একটি কালো ল্যান্ড ক্রুজার গাড়ি ওই ফিলিং স্টেশন থেকে ৫,০০০ টাকা মূল্যের জ্বালানি নেয়। রিপন টাকা পরিশোধ না করেই গাড়িটি চলে যাওয়ার সময় বাধা দিলে চালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করে রাজবাড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানিয়েছেন, পুলিশ ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। গাড়িটির মালিক আবুল হাশেম ওরফে সুজন (৫৫) এবং তার চালক কামাল হোসেনকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। হাশেম রাজবাড়ি জেলা বিএনপি-র প্রাক্তন কোষাধ্যক্ষ এবং জেলা যুবদলের প্রাক্তন সভাপতি। পেশায় তিনি একজন ঠিকাদার।
হিন্দুদের উপর নির্যাতন ও ভারত সরকারের বার্তা
গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর দখল, উপাসনালয় ভাঙচুর এবং বেছে বেছে হত্যার ঘটনা নিয়ে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে গত কয়েক মাসে বাংলাদেশে একের পর এক হিন্দু হত্যার ঘটনা প্রকাশ্যে আসছে। রাজবাড়ির এই ঘটনার মাত্র কয়েকদিন আগে ৭ জানুয়ারি উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে খালে ঝাঁপ দিয়ে প্রাণ হারান মিঠুন সরকার নামে এক যুবক। গত ৩ জানুয়ারি খোকন চন্দ্র দাসের ওপর হওয়া বর্বরোচিত হামলা গোটা বিশ্বে নিন্দার ঝড় তুলেছিল। এর আগে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। গত ২৪ ডিসেম্বর রাজবাড়ির পাংশা উপজেলাতেও অমৃত মণ্ডল নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনা ঘটে।
মানবাধিকার সংগঠনগুলির মতে, বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা এখন তলানিতে এসে ঠেকেছে। বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া এই লাগাতার আক্রমণ নিয়ে ভারত সরকার বারবার উদ্বেগ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়েছে যে, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৈতিক দায়িত্ব। তবে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের আশ্বাস সত্ত্বেও পরিস্থিতির কোনও গুণগত পরিবর্তন না হওয়ায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন অত্যন্ত শীতল পর্যায়ে পৌঁছেছে। মানবাধিকারের বুলি আউড়ালেও ঘরের ভেতর হিন্দুদের এই রক্তক্ষরণ রুখতে বাংলাদেশ প্রশাসনের চরম ব্যর্থতা আজ বিশ্ববাসীর সামনে স্পষ্ট। প্রশ্ন উঠছে, এই মৃত্যুমিছিল কী তবে চলতেই থাকবে?
E-Paper











