CM to Bangladeshi Leaders: 'ভারত চুপ থাকবে না', উত্তরপূর্ব দখলের স্বপ্ন দেখা বাংলাদেশিদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বাংলাদেশের নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাশাত আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছিলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করা এবং এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সমর্থন করা।
উত্তর-পূর্ব ভারতকে আলাদা করার বিষয়ে বাংলাদেশের একাধিক নেতা সাম্প্রতিককালে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এই সব বক্তব্যকে 'বিপজ্জনক' বলে অভিহিত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রসঙ্গে মঙ্গলবার তিনি বলেন, বাংলাদেশের একাংশ বারবার বলছে যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে তারা নিজেদের দেশের সঙ্গে জুড়বে। এই সব দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বিবৃতি। এ ব্যাপারে ভারত নীরব থাকবে না।
ভারত বিরোধী জঙ্গিদের সাহায্য করার বার্তা দিয়েছিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ (AFP)
এর আগে সোমবার বাংলাদেশের নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাশাত আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছিলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করা এবং এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সমর্থন করা। এই আবহে হিমন্ত বলেন, 'গত এক বছর ধরে ওই দেশ থেকে বারবার বক্তব্য আসছে যে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত। তবে ভুললে চলবে না, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তি এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমনটা ভাবতে পারে? এটা নিয়ে ভাবাও ভুল, কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তাভাবনায় গলদ আছে।'
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় এবং কোনওভাবেই বাংলাদেশকে খুব বেশি সহায়তা দেওয়া উচিত নয়। তিনি বলেন, 'আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। তারা যদি এভাবে আচরণ করতে থাকে তবে আমরা চুপ করে বসে থাকব না।'
এদিকে শুধু হাসনাত নন, এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভারতকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। তাঁর কথায়, 'ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্বও বাংলাদেশের ওপর নির্ভরশীল। ফলে তাদের সাবধান থাকতে হবে।' এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'ভারত যদি মনে করে হাসিনা ও ওসমান হাদির ঘাতকদের আশ্রয় দিয়ে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে, তা কোনও দিন হবে না।' ভারতের দিকে ইঙ্গিত দিয়ে ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 'যদি দেশের লড়াই দেশের বাইরে যায়, তাহলে মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে।'
উল্লেখ্য, যে ওসমান হাদিকে গুলি করায় এই সব ভারত বিদ্বেষ প্রকাশ পাচ্ছে, সেই ওসমান নিজে চরম ভারত বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। সেই হামলার ঘটনায় ভারতের 'র'-এর দিকে আঙুল তুলেছেন হাদির বোন মাহফুজা। এদিকে বাংলাদেশের তরুণ নেতাদের অভিযোগ, ওসমান হাদিকে গুলি করা কায়সার এবং তাঁর সহযোগী ভারতে পালিয়ে গিয়েছেন। এই ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত বিরোধী সুর চড়ছে বাংলাদেশের ছাত্র নেতাদের গলায়।
News/News/CM To Bangladeshi Leaders: 'ভারত চুপ থাকবে না', উত্তরপূর্ব দখলের স্বপ্ন দেখা বাংলাদেশিদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর