মুসলিম-বিরোধী বিক্ষোভে তপ্ত নিউইয়র্ক! মেয়র মামদানির বাড়ির সামনে বোমা হামলা, ধৃত ১

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বিস্ফোরক ডিভাইগুলি কার্যকরী ইম্প্রোভাইজড বিস্ফোরক ছিল নাকি নকল ছিল, তা বোঝা যাচ্ছে না।

Published on: Mar 08, 2026 11:51 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নিউইয়র্কে মুসলিম-বিরোধী বিক্ষোভের সময় মেয়র জোহরান মামদানির বাসভবন গ্রেসি ম্যানশনের বাইরে জ্বলন্ত বিস্ফোরক ডিভাইস ছুঁড়ে হামলার চেষ্টা করা হয়েছে। এই শনিবার মাঝরাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে মামদানি এবং তাঁর স্ত্রী রামা দুয়াজি নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছেন মেয়রের মুখপাত্র জো ক্যালভেলো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মেয়র মামদানির বাড়ির সামনে বোমা হামলা (Bloomberg)
মেয়র মামদানির বাড়ির সামনে বোমা হামলা (Bloomberg)

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একজন সদস্য জোহরান মামদানি। গত বছর নিউ ইয়র্কের মেয়র হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। এমনকী পরিত্যক্ত মেট্রো স্টেশনে মেয়র হিসেবে শপথ নিয়ে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিলেন মামদানি। এবার তাঁর বাসভবনের সামনেই হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। যদিও প্রাথমিক খবর অনুযায়ী, এই হামলায় কেউ গুরুতর আহত হননি। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় জোহরান মামদানির বাড়ির সামনে একদল বিক্ষোভকারী জমায়েত করেন। বিক্ষোভকারীরা ইসলামভীতি বা মুসলিম-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। সেই বিক্ষোভ চলাকালীনই হঠাৎ ভিড়ের মধ্য থেকে একজন দুষ্কৃতী জোহরান মামদানির বাড়ির প্রবেশপথ লক্ষ্য করে বিস্ফোরক জাতীয় বস্তু ছুঁড়ে মারে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে এবং হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউইয়র্ক পুলিশ বিভাগ। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ডিভাইসটি আসলে একটি জার, যা কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। এর ভেতরে নাট, বল্টু, স্ক্রু এবং একটি ফিউজ ছিল।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বিস্ফোরক ডিভাইগুলি কার্যকরী ইম্প্রোভাইজড বিস্ফোরক ছিল নাকি নকল ছিল, তা বোঝা যাচ্ছে না। তিনি আরও বলেছেন, মামদানির বাড়ির সামনে হামলার ঘটনা ইরানে চলমান শত্রুতার সঙ্গে জড়িত কিনা, তার খোঁজ চলছে। অতি-ডানপন্থী প্রভাবশালী জ্যাক ল্যাং-এর নেতৃত্বে মুসলিম বিরোধী বিক্ষোভ চলছে নিউইয়র্কে। গতকাল মামদানির বাড়ির সামনে ১২৫ জন বিক্ষোভ কারী জড়ো হয়েছিলেন। জানা যায়, বিক্ষোভ চলার সময়েই গাঢ় হুভযুক্ত সোয়েটশার্ট এবং বেইজ কার্গো প্যান্ট পরা এক ব্যক্তি কালো টেপে মোড়ানো একটি বিস্ফোরক ডিভাইস ছুঁড়ে মারে মামদানির বাড়ি লক্ষ্য করে। ওই সন্দেহভাজন ব্যক্তির নাম আমির বালাত (১৮)। তাঁকে পুলিশ আটক করেছে। এবং বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌঁছে নানা পরীক্ষা করে জানান, বিস্ফোরকগুলির মধ্যে কোনও শক্তিশালী উপাদান ছিল না। বিক্ষোভের সময় কিছু মুসলিম সমর্থকও ছিলেন। যাদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। বর্তমানে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আরও অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছেন। উল্লেখ্য, জোহরান আমদানি হলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একজন পরিচিত মুখ এবং ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নেতা। তিনি মানবাধিকার এবং প্যালেস্টাইনপন্থি অবস্থানের জন্য পরিচিত। হামলার পর একটি বিবৃতিতে জানানো হয়েছে, জোহরান মামদানি এবং তার পরিবার নিরাপদ আছেন।