AUS vs ENG Ashes 2025: ২ দিনে হারতে হয়নি - ‘নৈতিক জয়’ ইংরেজদের! স্মিথকে খুঁচিয়ে আগুনে পুড়ে খাক আর্চার

ব্রিসবেনে 'নৈতিক জয়' পেল ইংল্যান্ড। পার্থে প্রথম টেস্টে দু'দিনেই হেরে গিয়েছিল। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার 'প্রিয়' গোলাপি বলে চার নম্বর দিনে গিয়ে হারল ইংল্যান্ড। আর ইংরেজদের সেই 'নৈতিক জয়ের' দিনে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

Published on: Dec 07, 2025 3:14 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ব্রিসবেনে 'নৈতিক জয়' পেল ইংল্যান্ড। পার্থে প্রথম টেস্টে দু'দিনেই হেরে গিয়েছিল। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার 'প্রিয়' গোলাপি বলে চার নম্বর দিনে গিয়ে হারল ইংল্যান্ড। আর ইংরেজদের সেই 'নৈতিক জয়ের' দিনে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। কোনও দল ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরে অপর অ্যাশেজ সিরিজ হেরে যাওয়ার ঘটনা শেষবার ঘটেছিল সেই ১৯৩৬-৩৭ সালে। ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া ০-২ ব্যবধানে পিছিয়ে থেকেও সিরিজ জিতেছিল। কিন্তু ইংরেজদের যা হাল, তাতে অভাবনীয় কিছু না হলে সিরিজ জয় তো দূরস্ত, ০-৫ ব্যবধানে অ্যাশেজ না হারলেই বড় ব্যাপার হবে।

স্টিভ স্মিথ এবং জোফ্রা আর্চারের ঝামেলা। (ছবি সৌজন্যে এএফপি)
স্টিভ স্মিথ এবং জোফ্রা আর্চারের ঝামেলা। (ছবি সৌজন্যে এএফপি)

ইংল্যান্ডের ফানুস ফেটে গেল

অথচ অ্যাশেজ শুরুর আগে কোনও কোনও ইংরেজ জোর গলায় বলছিলেন যে ২০১০-১১ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জয়ের সবথেকে বেশি সম্ভাবনা আছে বেন স্টোকসের ইংল্যান্ড দলের। ওই সময়ের মধ্যে স্টোকসের এই দল 'সেরা'-র তকমাও দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। আর অস্ট্রেলিয়া 'সবথেকে খারাপ' অবস্থায় আছে বলে দাবি করেছিলেন প্রাক্তন ইংরেজ তারকা।

কিন্তু পার্থেই ‘ব্যাজবল’-এ মজে থাকা ইংল্যান্ডের চাকা পাঞ্চার করে দিয়েছিল অস্ট্রেলিয়া। আর ব্রিসবেনেও তাই হল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩৩৪ রান তোলে। জবাবে ৫১১ রান করেন অজিরা। দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অল-আউট হয়ে যান ইংরেজরা। জয়ের জন্য অজিদের সামনে লক্ষ্যমাত্রা দেয় ৬৫ রানের। দু'উইকেট হারিয়েই ১০ ওভারে সেই রানটা তুলে নেয় অস্ট্রেলিয়া। নয় বলে ২৩ রাবে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ।

আর্চারকে সবক শেখালেন স্মিথ

আর ইংল্যান্ড যে কতটা দিশেহারা, তার প্রমাণ মেলে জোফ্রা আর্চার এবং স্মিথের উত্তপ্ত বাক্য বিনিময়ের সময়। জয়ের জন্য যখন অস্ট্রেলিয়ার ১৯ রান বাকি ছিল, তখন স্মিথ একটা বল ব্যাটে লাগাতে না পারায় 'গরম, গরম' কথা বলেন আর্চার। যিনি ব্রিসবেন মোটে একটা উইকেট পেয়েছেন। আর তারপর চার এবং ছক্কা মারেন স্মিথ। আর আর্চারকে কটাক্ষ করে বলেন, 'জোরে বল করিস, যখন কিছু তোর পক্ষে যাচ্ছে না, চ্যাম্পিয়ন।'

পুরুষদের টেস্টে সর্বাধিক ক্যাচের নজির

১) জো রুট: ২১৩টি ক্যাচ (৩০৪টি ইনিংস)।

২) রাহুল দ্রাবিড়: ২১০টি ক্যাচ (৩০১টি ইনিংস)।

৩) স্টিভ স্মিথ: ২১০টি ক্যাচ (২৩১টি ইনিংস)।

৪) মাহেলা জয়বর্ধনে: ২০৫টি ক্যাচ (২৭০টি ইনিংস)।

৫) জ্যাক কালিস: ২০০টি ক্যাচ (৩১৫টি ইনিংস)।