IPL 2025-এ ঝড় তোলা বৈভব-আয়ুষ ডাহা ফেল, তবু ভারতীয় দল ৫০ ওভারে তুলল ৪৪৪, নয় নম্বরে নেমে বিধ্বংসী শতরান হরবংশের
ইয়ং লায়ন্স আমন্ত্রণী একাদশের বিরুদ্ধে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে হাফ-সেঞ্চুরি করেন ছয়, সাত ও আট নম্বরে নামা ব্যাটার। মারকাটারি সেঞ্চুরি করেন নয় নম্বরে নামা হরবংশ।
আইপিএলে ঝড় তোলা দুই তারকা বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে ব্যাট হাতে ব্যর্থ। তা সত্ত্বেও ভারতীয় দল ৫০ ওভারের ম্যাচে তুলে ফেলল প্রায় সাড়ে চারশো রান। সৌজন্যে নয় নম্বর ব্যাটার হরবংশ পাঙ্গালিয়ার মারকাটারি শতরান।

ভারতীয় এ-দল ক'দিন আগেই ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। ভারতের সিনিয়র দল এই মুহূর্তে ইংল্যান্ডে টেস্ট সিরিজে ব্যস্ত। সিনিয়র দলের পাশাপাশিই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফর শুরু হয় মঙ্গলবার। এদিন ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ইয়ং লায়ন্স আমন্ত্রণী একাদশের বিরুদ্ধে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে।
আরও পড়ুন:- Tilak Varma Hits Century: 'সবাই ভাবে আমি ভালো T20 ব্যাটার, তবে…' কাউন্টি অভিষেকেই শতরান করে নির্বাচকদের বার্তা তিলকের
সেই ম্যাচেই আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৪৪৪ রান সংগ্রহ করে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারতীয় দল। বৈভব সূর্যবংশীকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন আয়ুষ মাত্রে।
ক্যাপ্টেন আয়ুষ ৩ বলে ১ রান করে আউট হন। বৈভব সূর্যবংশী সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৭ রানে। ১৩ বলের সংক্ষিপ্ত ইনিংসে বৈভব ২টি চার ও ১টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে বিহান মালহোত্রা ৩১ বলে ৩৯ রান করেন। মারেন ৬টি চার ও ১টি ছক্কা। ১৮ বলে ২৩ রান করেন মৌল্যরাজসিংহ চাবদা। তিনি ৫টি চার মারেন।
আরও পড়ুন:- MLC 2025: ব্যাটে-বলে ঝড় তুললেন পোলার্ড, তবু মেজর লিগ ক্রিকেটে হেরেই চলেছে MI
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অভিজ্ঞান কুণ্ডু ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৬ রান করেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে রাহুল কুমার ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৭৫ রান করেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে কণিষ্ক চৌহান ৬৪ বলে ৭৯ রান করেন। তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন।
আট নম্বরে ব্যাট করতে নামা আরএস অম্বরিশ ৪৭ বলে ৭২ রানের ঝোড়া ইনিংস খেলেন। তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। নয় নম্বরে ব্যাট করতে নেমে হরবংশ ৫২ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার ও ৯টি ছক্কা মারেন।
Root Equals Dravid's World Record: লিডস টেস্টে জোড়া ক্যাচ ধরে রাহুল দ্রাবিড়ের বিশ্বরেকর্ড ছুঁলেন জো রুট
অর্থাৎ, ভারতের ছয়, সাত ও আট নম্বর ব্যাটার হাফ-সেঞ্চুরি করেন। সেঞ্চুরি করেন নয় নম্বরে ব্যাট করতে নামা তারকা। এছাড়া মহম্মদ এনান ৪ ও হেনিল প্যাটেল অপরাজিত ১ রানের যোগদান রাখেন। ইয়ং লায়ন্স মোট ১০ জন বোলারকে দিয়ে বল করায় এই ম্যাচে। মানি লামসডেন ৪টি উইকেট দখল করেন।
E-Paper

