Bangladesh Army Latest Update: ভোটের আগে ভারতের ‘বন্ধু’-র সঙ্গে দেখা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের, কী কথা হল?

আগামী মাসেই বাংলাদেশে সাধারণ নির্বাচন আছে। তার আগে ভারতের 'বন্ধু' দেশের প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেখা করলেন। তাঁদের মধ্যে কথাও হল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যা সামনে এসে গিয়েছে।

Published on: Jan 21, 2026 11:22 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সামনেই সাধারণ নির্বাচন। তার আগে ভারতের 'বন্ধু' দেশের প্রতিনিধির সঙ্গে দেখা করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আসলে ভারতের 'বন্ধু' দেশ ইতালির প্রতিরক্ষা মন্ত্রকের মাত্তেও পেরেগ্রা দি ক্রেমনাগোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। মঙ্গলবার ঢাকার সেনাসদরে সেই প্রতিনিধি দলের সদস্যরা দেখা করেন বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে। সেই সাক্ষাতের বিষয়ে বাংলাদেশের সেনার তরফে দাবি করা হয়েছে যে দু'দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়াও অন্যান্য ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভারতের 'বন্ধু' দেশের প্রতিনিধির সঙ্গে দেখা করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
ভারতের 'বন্ধু' দেশের প্রতিনিধির সঙ্গে দেখা করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

এবার বাংলাদেশে লড়াই বিএনপি ও জামায়াতের মধ্যে

এমনিতে বাংলাদেশে এখন সাধারণ নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূল লড়াইটা হতে চলেছে বিএনপি এবং জামায়াতে ইসলামির মধ্যে। যদিও রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আপাতত অ্যাডভান্টেজে আছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। যে দলের চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তারেক রহমানকে বিশেষ বার্তা মোদীর

গত মাসে খালেদার মৃত্যুর পরে ঢাকায় আসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। দেখা করেন তারেকের সঙ্গে। হাতে তুলে দেন মোদীর লেখা চিঠি। মোদী বলেন, 'বাংলাদেশের উন্নতির পাশাপাশি ভারত ও বাংলাদেশের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে উনি (খালেদা জিয়া) একাধিক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। (খালেদা জিয়ার) প্রয়াণে অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তাঁর স্বপ্ন ও আদর্শ চিরকালের মতো অম্লান থাকবে। আমি নিশ্চিত যে আপনার (তারেক) দক্ষ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁর আদর্শ মেনে এগিয়ে যাবে। সেইসঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর এবং ঐতিহাসিক সম্পর্কের নয়া সূচনা ও আরও সমৃদ্ধশালী করে তোলার ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে তাঁর আদর্শ।'

চিকেনস নেকের কাছে ঘুরে গিয়েছে চিনা প্রতিনিধি

যদিও আপাতত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তেমন আহামরি নয়। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে ভারত-বিদ্বেষী মনোভাব বেড়েছে। চিনের সঙ্গে দহরম-মহরম বেড়েছে বাংলাদেশের। তারইমধ্যে শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থিত তিস্তা নদী প্রকল্প এলাকা পরিদর্শনের জন্য চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেই মতো সেখানে তিনি গিয়ে ঘুরেও এসেছেন। বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত এই তিস্তা প্রকল্পের এলাকা। এর পূর্ব দিকে সীমান্তের এপারেই 'চিকেনস নেক' অবস্থিত। এই সংকীর্ণ ২২ কিলোমিটার এলাকার দুই পাশে দুই দেশ। উত্তরপূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করে এই ২২ কিমি পথ। এই আবহে বাংলাদেশের দিকে এই চিনা তৎপরতা ভারতের জন্য চিন্তার বিষয় হতে পারে।