Bangladesh Awami League Update: দিল্লিতে হাসিনার বার্তার পর বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের 'অভয়' BNP-র!

মির্জা ফখরুল বলেন, 'হাসিনা আপা ভারতে গিয়ে তাদের কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন। আমরা সেই কর্মী-সমর্থকদের পাশে আছি।' 

Published on: Jan 24, 2026 1:38 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের 'রক্ষা' করার বার্তা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দিল্লি থেকে যেদিন শেখ হাসিনা ইউনুসকে জনসমক্ষে তোপ দাগলেন, সেদিনই মির্জা ফখরুল বলেন, 'হাসিনা আপা ভারতে গিয়ে তাদের কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন। আমরা সেই কর্মী-সমর্থকদের পাশে আছি।' উল্লেখ্য, ইউনুস জমানায় শুধুমাত্র আওয়ামী লীগ করার দোষে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। এই আবহে মির্জা ফখরুল বলেন, 'যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি আমরা তাদের কোনো শাস্তি হতে দেব না।'

বাংলাদেশ জুড়ে জামাতের দাপাদাপির মাঝে আওয়ামীপন্থী এবং হিন্দুদের নিজেদের দিকে টানতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। (AP)
বাংলাদেশ জুড়ে জামাতের দাপাদাপির মাঝে আওয়ামীপন্থী এবং হিন্দুদের নিজেদের দিকে টানতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। (AP)

বিএনপি নেতা বলেন, 'একটি দল হিন্দু, মুসলমান ভাগ করতে চাইছে, কিন্তু আমরা তা কখনোই চাই না। আমরা এই দেশের সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সবাই মিলে একসঙ্গে সুন্দর দেশ গড়ে তুলতে চাই। যারা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাই দেশকে বাঁচাতে শক্তি দিয়ে আবারও উঠে দাঁড়াতে হবে। হিন্দু ভাই ও মা-বোনদের নিরাপত্তা দিতে হবে, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে।'

উল্লেখ্য, বাংলাদেশ জুড়ে জামাতের দাপাদাপির মাঝে আওয়ামীপন্থী এবং হিন্দুদের নিজেদের দিকে টানতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। এদিকে গতকাল দিল্লি থেকে মহম্মদ ইউনুসকে ‘বিদেশিদের হাতের পুতুল’ বলে উল্লেখ করেন হাসিনা। এদিকে ওয়াশিংটন পোস্টের সদ্য প্রকাশিত একটি রিপোর্টে কার্যত সেই দাবি সত্যি প্রমাণিত হচ্ছে। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ঢাকায় এক জামাতপন্থী মহিলা সাংবাদিকের সঙ্গে কথা হয়েছিল মার্কিন কূটনীতিকের। সেই কথোপকথনের সময় নাকি মার্কিন দূত 'আশা' ব্যক্ত করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যেকোনও সময়ের সবচেয়ে ভালো করবে জামাত। এমনকী তাঁকে আরও বলতে শোনা যায়, 'আমরা (আমেরিকা) চাই তারা (জামাত) আমাদের বন্ধু হোক'। এই বৈঠকটি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হয়েছিল। এদিকে বিএনপির ওপর জামাত এবং ইউনুস সরকার যে চাপ সৃষ্টি করেছে, তাতেও মার্কিনিরা আপ্লুত বলে জানান সেই মার্কিন দূত। সেখান থেকেই এই কথোপকথনের রেকর্ডিং ভাইরাল হয়েছে। ওয়াশিংটন পোস্টের পাশাপাশি আলজাজিরাও এই রেকর্ডিং হাতে পেয়েছে।