Bangladesh: বাংলাদেশের T20 WC জটের মাঝেই সেদেশের মাটিতে হওয়া BPLই থমকে গেল? কী বলছে রিপোর্ট?

ক্রিকেট আঙিনায় একের পর এক ঘটনা বাংলাদেশে। এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল! 

Published on: Jan 15, 2026 7:03 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় ঘূর্ণিপাকে বাংলাদেশ ক্রিকেট! সেদেশের মাটিতে চলমান ক্রিকেট লিগ, 'বিপিএল' এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিসিবি। উল্লেখ্য, কিছুদিন আগে, এই ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড’ বা বিসিবি-ই সুর চড়িয়ে জানিয়েছিল, ভারতে সেদেশের টিম, টি২০ বিশ্বকাপ খেলবে না। আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে সরানোর পর বিসিবি, আইসিসিকে জানিয়েছে, তারা ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ খেলবে না, তবে টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলঙ্কার মাটিতে তারা খেলতে রাজি। এরপর পদ্মা দিয়ে বয়ে যায় বহু জল রাশি। আইপিএল-এ মুস্তাফিজুর ছাঁটাই কাণ্ড থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেটের একের পর এক পর্বের পর, এবার আইপিএলের ধাঁচে হওয়া বাংলাদেশের বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এমনই দাবি বাংলাদেশের ‘ঢাকা পোস্ট’ সহ একাধিক মিডিয়া রিপোর্টের।

বাংলাদেশে BPL অনির্দিষ্টকালের জন্য স্থগিত। (AFP)
বাংলাদেশে BPL অনির্দিষ্টকালের জন্য স্থগিত। (AFP)

বিশ্বকাপে ভারতে নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে বিসিবি, আইসিসিকে জানায়, তাদের দল ভারতে খেলতে আসবে না। এদিকে, তা নিয়ে কিছুদিন আগেই বাংলাদেশের স্টার ক্রিকেটার তামিম একটি মন্তব্য করেন। তাররই তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে কটাক্ষ করেন বিসিবির এক কর্তা নাজমুল ইসলাম। এরপর থেকেই ওই বিসিবি কর্তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। নাজমুলের ক্ষমা প্রার্থনা দাবি করা হয়। তাতে সায় দেননি নাজমুল। এরপর তাঁকে বোর্ডের কর্মকাণ্ড থেকে সরানোর দাবি তোলে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কোয়াব সাফ জানায়, দাবি মানা না হলে, ক্রিকেট খেলতে রাজি নন ক্রিকেটাররা। এদিকে, বাংলাদেশে বর্তমানে চলছে বিপিএল। আজ সকাল থেকেই বিপিএল-র ক্রিকেটের ২২ গজে কোনও ক্রিকেটার নামেননি। এরপর বিসিবি, অর্থ কমিটির দায়িত্ব থেকে নাজমুলকে সরায়। তবে তারপরও ক্রিকেটাররা মাঠে যাননি বলে খবর। তারপরই বিসিবি এই নয়া পদক্ষেপ করে বলে জানা যাচ্ছে।

বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি এবার সেদেশের ঘরের মাটিতে হওয়া বিপিএল স্থগিত করেছে অনির্দিষ্টকালের জন্য। এমনই তথ্য উঠে আসছে বাংলাদেশের মিডিয়ার তরফে। রাতে সব ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে অবহিত করবে বিপিএল টেকনিক্যাল কমিটি। এমনই খবর জানা যাচ্ছে।

এর আগে, মুস্তাফিজুর ইস্যুতে ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিসিবি। তারপরই তারা আসন্ন ২০২৬ টি২০ বিশ্বকাপের ম্যাচে ভারতে না খেলার সিদ্ধান্ত নেয়। তাতে সায় দেন বাংলাদেশের ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এরপর আইসিসির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে আলোচনার পরও বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকে।