Bangladesh Cricket Controversy: 'আত্মঘাতী গোল' BCB কর্তার, BPL বয়কটের ডাক 'অপমানিত' বাংলাদেশি ক্রিকেটারদের

বিসিবি ডিরেক্টর নাজমুল বলেছিলেন, 'ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কী ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!'

Published on: Jan 15, 2026 9:38 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশ ক্রিকেট মানেই যেন বিতর্ক। টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্তে অনড় বিসিবি। এই আবহে ১৪ জানুয়ারি বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে না যায়, তাহলে খেলোয়াড়দের কি ক্ষতিপূরণ দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে, নাজমুল বলেছিলেন, 'ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কী ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!' এই মন্তব্যে চরম অপমানিত বাংলাদেশি ক্রিকেটাররা। আৎ জল এতটাই গড়িয়েছে যে নাজমুল পদত্যাগ না করলে ১৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা বিপিএলের ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন সেই দেশের ক্রিকেটাররা।

নিজের দেশের ক্রিকেটারদেরই অপমান করলেন বিসিবি ডিরেক্টর, প্রতিবাদে বিপিএল বয়কটের ডাক ক্রিকেটার সংগঠনের
নিজের দেশের ক্রিকেটারদেরই অপমান করলেন বিসিবি ডিরেক্টর, প্রতিবাদে বিপিএল বয়কটের ডাক ক্রিকেটার সংগঠনের

উল্লেখ্য, আইসিসি থেকে প্রতিবছর বাংলাদেশ ২০.৪ মিলিয়ন ডলার পায়। এ ছাড়া আইসিসির রিজার্ভ মানি থেকে চার বছর পর পায় ৪ মিলিয়ন ডলার। তবে বিশ্বকাপে না খেলতে গেলে নাকি বিসিবির কোনও ক্ষতি হবে না। ইতিমধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি ফি হিসেবে আইসিসির কাছ থেকে এরই মধ্যে ৫ লাখ ডলার তারা পেয়েছে। তবে বিশ্বকাপ খেলতে না গেলে যে সেই টাকা ফেরত দিতে হতে পারে, সেই বিষয় নিয়ে কোনও মন্তব্য তিনি করেননি। এদিকে বিশ্বকাপ না খেলতে গেলে স্বভাবতই বাংলাদেশি ক্রিকেটারদের লোকসান। তারা ম্যাচ ফি থেকে বঞ্চিত হবেন। এই সংক্রান্ত ক্ষতিপূরণ তাদের দেওয়া হবে কি না, সেই প্রশ্নের জবাবে নিজের দেশের ক্রিকেটারদের অপমান করে বসলেন বোর্ড কর্তা।

নাজমুল বলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেতে পেরেছি? কোনও একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’

এই আবহে নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মহম্মদ মিঠুন বলেন, 'আপনারা সবাই জানেন শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। প্রথমে একজনের ওপর, এরপর এখন সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, এসব কখনও গ্রহণযোগ্য নয়। এটা আমরা আশা করি না। ভাষা প্রয়োগের দিক থেকে একজন পরিচালকের আরও সাবধান হওয়া উচিত। বিশেষ করে উনি যা বলেছেন, এটা পুরো ক্রিকেটাঙ্গনকে মর্মাহত করেছে। উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি ১৫ জানুয়ারির ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।' পরে চাপের মুখে বিসিবির তরফ থেকে নাজমুলের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করা হয়। তবে নাজমুল এখনও পদত্যাগ করেননি।