Bangladesh Election 2026 Latest:হাসিনা-হীন বাংলাদেশে ভোটের আগের রাতেও হিংসা অব্যাহত,টাকা সহ আটক জামাত নেতা! ফলাফল কবে?
হাসিনা-হীন বাংলাদেশে ভোট ১২ ফেব্রুয়ারি। ভোটের ফল প্রকাশ কবে? ভোটে প্রার্থী সংখ্যা কত? একনজরে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন।
শেখ হাসিনা ২০২৪ সালে দেশ ছাড়ার পর এই প্রথম সাধারণ নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। রাত পোহালেই ১২ ফেব্রুয়ারি, ২০২৬ বৃহস্পতিবার ভোট গ্রহণ হতে চলেছে অন্তর্বর্তী সরকার ইউনুসের প্রশাসনের তত্ত্বাবধানে। বহু সমীক্ষা বলছে, এই ভোটে পাল্লা ভারী তারেক রহমানের বিএনপি-র। যে পার্টি এককালে শেখ হাসিনার আওয়ামি লিগের প্রধান বিপক্ষ দল ছিল। এছাড়াও ভোটে জামায়েত শিবির, এমসিপির ভোট অঙ্কের দিকেও নজর থাকবে বিশেষজ্ঞ মহলের। এদিকে, ভোটের আগের হিংসা অব্যাহত ওপার বাংলায়, লক্ষ লক্ষ টাকা সহ আটক হয়েছেন সেদেশের জামাত নেতা। বাংলাদেশের ভোটের ফলাফল কবে বরে হবে? দেখে নিন আপডেট।

লক্ষ লক্ষ টাকা সহ আটক জামাত নেতা, অব্যাহত হিংসা:-
বাংলাদেশে ভোটের আগের রাতে গোপালগঞ্জে তিন ভোটকেন্দ্রের সামনে ককটেল বোমা বিস্ফোরণ হয়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করা হয়েছে। এদিকে, বাংলাদেশের জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে ৯ জন আহত হয়েছেন বলে খবর। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক জামাত নেতার কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে বলে খবর। বাংলাদেশের ভোটের ঠিক আগের দিন বিমানবন্দরে আটক করা হল জামায়াতে ইসলামির এক নেতাকে আটক করা হয়েছে। মিডিয়া রিপোর্ট বলছে, তাঁর কাছে প্রথমে ব্যাগ খুলে ৫০ লাখ টাকা পাওয়া যায়। পরে পুলিশ জানিয়েছে তাঁর কাছ থেকে ৭৪ লাখ টাকা পাওয়া গিয়েছে। তাঁকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়। এছাড়াও বাংলাদেশের শরিয়তপুরের নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ মাস্টার গোলাম মোস্তফা নামে জামায়াতে ইসলামির এক কর্মীকে আটক করা হয়েছে। তাঁকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনা এখানেই শেষ নয়। বাংলাদেশের লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় চেকপোস্টে কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। তাঁর গাড়ি ও টাকা বাজেয়াপ্ত হয়েছে।
কখন ভোটের ফলাফল?
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে শুধু নির্বাচনই হবে তা নয়। সঙ্গে সেদিন আয়োজিত হতে চলেছে গণভোট। জুলাই সনদ নিয়ে গণভোটও বৃহস্পতিবারই আয়োজিত হবে। সে ক্ষেত্রে ‘হ্যাঁ’ বা ‘না’-তে ভোট দিতে হবে। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছেন, 'শুক্রবার সকাল ১০টার মধ্যে গণনা শেষ হবে।' গণ ভোট ও নির্বাচন একই দিনে আয়োজিত হওয়ার ফলে ভোট গণনার ফলাফল প্রকাশে সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে শুক্রবার গড়িয়ে যেতে পারে ভোটের ফলাফলের ঘোষণা। বেলা গড়িয়ে সেদিন বিকেলেও হতে পারে ভোটের ফলাফলের ঘোষণা। সাধারণ নির্বাচন এবং গণভোটের জন্য পৃথক ব্যালটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভোটারেরা একসঙ্গে দুই জায়গায় ভোট দেবেন। অন্তর্বর্তী সরকারের হাত থেকে নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যেতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে খবর
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হবে। ওপারের শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশে এই ভোটে মোট ৫০টি রাজনৈতিক দল ভোটে লড়ছে। প্রার্থীর সংখ্যা ২০২৮।
E-Paper











