Bangladesh in ICC T20 WC Latest Update: বাংলাদেশকে টি২০ বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলবে ICC? বদলে খেলতে পারে কোন দেশ?
ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, তাদের ম্যাচগুলি অন্যত্র স্থানান্তর করা হবে না। তাদের গ্রুপও অন্য কোনও দলের সঙ্গে অদলবদল করা হবে না। এই আবহে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, তাহলে বিশ্বকাপ থেকেও তাদের ছেঁটে ফেলা হতে পারে।
আইসিসি টি২০ বিশ্বকাপে খেলতে ভারতে আসতে চায় না বাংলাদেশ। ভারতের ওপর চাপ বাড়াতে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলি খেলতে আগ্রহী বিসিবি। তবে এবার বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারে বাংলাদেশ। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, তাদের ম্যাচগুলি অন্যত্র স্থানান্তর করা হবে না। তাদের গ্রুপও অন্য কোনও দলের সঙ্গে অদলবদল করা হবে না। এই আবহে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, তাহলে বিশ্বকাপ থেকেও তাদের ছেঁটে ফেলা হতে পারে। বাংলাদেশের জায়গায় নতুন দল প্রবেশ পেতে পারে বিশ্বকাপে।
আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, তাদের ম্যাচগুলি অন্যত্র স্থানান্তর করা হবে না। (AFP)
এই অচলাবস্থা নিয়ে ঢাকাতে সম্প্রতি আইসিসি ও বিসিবি কর্মকর্তারা বৈঠক করেছিলেন। বাংলাদেশ অনড় যে তারা বিশ্বকাপ খেলতে চায়, তবে তাদের ম্যাচগুলি ভারতের বাইরে নিয়ে যাওয়া উচিত। এখন আইসিসি তাদের ২১ জানুয়ারির সময়সীমা দিয়েছে। বাংলাদেশ যদি ততদিন পর্যন্ত অবস্থানে অটল থাকে, তাহলে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে আইসিসি। সেই ক্ষেত্রে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। বর্তমান ব়্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিশ্বকাপে প্রবেশ করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। এই সিদ্ধান্তে চরম অপমানিত হয়েছিল বাংলাদেশ। এর জেরে বাংলাদেশের ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি তুলেছিল, টি২০ বিশ্বকাপে যেন বাংলাদেশ দল ভারতে খেলতে না যায়। সেই পরিস্থিতিতে ভারত খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠিও লেখে বাংলাদেশ। বিসিবি এখনও দাবি করে যাচ্ছে, সরকারি ভাবে ভেন্যু পরিবর্তন নিয়ে তাদের দাবি এখনও নাকচ করেনি আইসিসি। এর আগে রাজনৈতিক কারণে ২০০৩ বিশ্বকাপে কেনিয়ায় যায়নি বেশ কিছু দল। সেই সময় ওয়াকওভার হিসেবে গণ্য করা হয়েছিল সেই ম্যাচগুলিকে। পয়েন্ট পেয়েছিল কেনিয়া।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে আইসিসি টি২০ বিশ্বকাপ। ৮ মার্চ টুর্মামেন্টের ফাইনাল। টুর্নামেন্টে গ্রুপ সি- আছে বাংলাদেশ। তাদের গ্রুপ পরবের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায়, একটি মুম্বইতে। বিশ্বকাপ শুরুর দিনই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার কথা বাংলাদেশের। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ইডেনেই ম্যাচ খেলার কথা বাংলাদেশের। আর নেপালের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি মুম্বইতে খেলার কথা বাংলাদেশের।
News/News/Bangladesh In ICC T20 WC Latest Update: বাংলাদেশকে টি২০ বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলবে ICC? বদলে খেলতে পারে কোন দেশ?