রক্তাক্ত ইউনূস-গড়! ভোটের দিন ঘোষণার পরই অশান্ত বাংলাদেশ, গুলিবিদ্ধ সম্ভাব্য প্রার্থী
বৃহস্পতিবারই বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রক্তাক্ত বাংলাদেশ। বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদের উপর গণভোট। আর এই ঘোষণার পর একদিন কাটতে না কাটতেই জনবহুল এলাকায় গুলিবিদ্ধ হলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আর এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে।

সূত্রের খবর, শুক্রবার দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, মোটরসাইকেলে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে কে বা কারা হামলা করল, তা এখনও অজ্ঞাত। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলি বলেন, ওসমান হাদির হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। দুষ্কৃতীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। শরিফ ওসমান হাদি নামে যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তিনি ঢাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী। তিনি স্বতন্ত্র্য হিসেবে লড়াই করবেন। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণাই শুধু বাকি। এই অবস্থায় শুক্রবার নমাজ সেরে রিকশায় বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়েন হাদি।
হামলার সময় হাদির পিছনের রিকশায় ছিলেন প্রত্যক্ষদর্শী মহম্মদ রাফি। তিনি জানান, 'জুম্মার নমাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। রিকশায় ছিলাম। বিজয়নগর আসতেই একটা মোটরসাইকেলে করে দু'জন এসে হাদি ভাইয়ের উপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পিছনের রিকশায় ছিলাম। সব দেখেছি। কিন্তু কারা এমনটা করল, জানি না।' অন্যদিকে, শরিফ ওসমান হাদির দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে এই হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।
এদিকে, বৃহস্পতিবারই বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। বাংলাদেশ জাতীয় সংসদে মোট আসন সংখ্যা ৩০০। এবারের জাতীয় সংসদ নির্বাচনের দুটি গুরুত্বপূর্ণ দিকের একটি হল, আওয়ামী লিগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিষয়টি হল জুলাই সনদের উপর গণভোট। বাংলাদেশে অতীতের তিনবার গণভোট সংঘটিত হলেও এই প্রথম জাতীয় সংসদের সঙ্গে একত্রে তা অনুষ্ঠিত হতে চলেছে। এই ঘোষণার পর ২৪ ঘণ্টাও কাটেনি। তারমধ্যে রাজনৈতিক অশান্তি শুরু, রক্তাক্ত পরিস্থিতি।












