Bangladesh on T20 WC: তুমুল 'চাপে' বাংলাদেশ? ভারতে খেলার প্রশ্নে ফুঁসে উঠল ঢাকা! উপদেষ্টা বললেন…
আসিফ নজরুল বলেন,' অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।'
একটা সময় শোনা যাচ্ছিল, বাংলাদেশের পাশে থাকতে পাকিস্তানও নাকি ভারতে আয়োজিত টি২০ বিশ্বকাপ খেলবে না, এবার শোনা যাচ্ছে তারা টুর্নামেন্ট বয়কট করছে না। ওদিকে, টি২০ বিশ্বকাপে যে গ্রুপের সঙ্গে বাংলাদেশ নিজের গ্রুপ পাল্টে নিতে চেয়েছিল, সেই আয়ারল্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশায় জল ঢেলে দিয়েছে! এমন এক পরিস্থিতিতে রীতিমতো ব্যাকফুটে মহম্মদ ইউনুসের বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তারা আগেই আইসিসিকে জানিয়েছে তারা নিরাপত্তার কারণে ভারতে টি২০ বিশ্বকাপ ২০২৬ খেলতে আসবে না। এরপর ফের এই বিষয়ে মুখ খুলে, ‘চাপ’ প্রসঙ্গ তুলে এক মন্তব্য করেন বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুল।

আইসিসি টি২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে ৭ ফেব্রুয়ারি ২০২৬-এ। তার আগে আজ ২০ জানুয়ারি, বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়েছেন, কোনও রকমের চাপ দিয়ে ভারতে বাংলাদেশকে খেলানো যাবে না এই টুর্নামেন্টে। তারা নিজের দাবিতে এখনও অনড় রয়েছেন। এদিন আসিফ নজরুল বলেন,' অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।' এর আগে, এএফপির খবর অনুসারে, জানা যায়, বাংলাদেশ যদি এই বিশ্বকাপে না খেলে, তাহলে ব়্যাঙ্কিং এর দিক থেকে উপরের দিকে থাকা পরবর্তী দেশ স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে বাংলাদেশের জায়গায়। এই বিষয়ে আসিফ নজরুল বলছেন,'আমার জানামতে, আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি।' এর আগে, শোনা গিয়েছিল, বাংলাদেশকে ২১ জানুয়ারি পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার এক ডেডলাইন দিয়েছে আইসিসি। তবে সেরকম কোনও ডেডলাইন বিসিবি পায়নি বলে স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে, আজ ২০ জানুয়ারি, মহম্মদ ইউনুস সরকারের উপদেষ্টা আসিফ নজরুল সাফ বলছেন, বাংলাদেশ তার আগের সিদ্ধান্তে অনড় থেকে ২০২৬ টি২০ ক্রিকেট বিশ্বকাপ কোনও মতেই ভারতে খেলতে আসবে না।
ভারতে খেলার প্রসঙ্গে ফুঁসে উঠে আসিফ নজরুল বলেন,'যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।' তাঁর যুক্তি, ‘পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পাল্টেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’
এদিকে, বিবিসির তথ্য বলছে, স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনও কথাই হয়নি। অন্যদিকে, বাংলাদেশের দাবি তারা ভারতের সহআয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে যেতে রাজি। সেই কারণেই তারা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করার কথা তোলে,যাতে তারা শ্রীলঙ্কায় খেলতে পারে, ভারতে নয়। তবে এই সবের মাঝে এখন জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি কোন সিদ্ধান্ত নেয়, বাংলাদেশের আর্জি ঘিরে, সেদিকে তাকিয়ে ক্রিকেটমহল।
E-Paper











