Bihar Next CM Updates: মুখ্যমন্ত্রীর গদি ছেড়ে রাজ্যসভায় যেতে পারেন নীতীশ, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারেন?

বিহারে এনডিএ-তে একদা 'ছোট ভাই' বিজেপি এখন 'দাদা'। এই আবহে নীতীশ কুমার নাকি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে রাজ্যসভায় যেতে পারেন।

Published on: Mar 05, 2026 7:26 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মুখ্যমন্ত্রিত্ব ত্যাগ করে রাজ্যসভায় যেতে পারেন নীতীশ কুমার। গত বছরের নভেম্বরে বিহারের বিধানসভা ভোটে বিশাল জয় পেয়েছিল এনডিএ। এরপর নানা জল্পনার মাঝেও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতীশ কুমার। তবে তাঁর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে পটনার রাজনৈতিক করিডোরে। এরই সঙ্গে বিহারের রাজনৈতিক সমীকরণেও বদল এসেছে। বিহারে এনডিএ-তে একদা 'ছোট ভাই' বিজেপি এখন 'দাদা'। এই আবহে নীতীশ কুমার নাকি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে রাজ্যসভায় যেতে পারেন।

নীতীশ কুমার নাকি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে রাজ্যসভায় যেতে পারেন।
নীতীশ কুমার নাকি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে রাজ্যসভায় যেতে পারেন।

বুধবার গভীর রাত পর্যন্ত নাটকীয় ঘটনাবলীর সাক্ষী থেকে পটনা। এই আবহে বিহার শীঘ্রই নতুন মুখ্যমন্ত্রী পেতে পারে বলে জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লাইভ হিন্দুস্তানের খবর অনুযায়ী, রাজ্যসভায় মনোনয়ন জমা দিতে পারেন নীতীশ কুমার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার পটনায় আসবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সেদিন রাজ্যসভার মনোনয়ন পেশ করবেন। ধারণা করা হচ্ছে, এই সময়ে নীতীশ কুমারও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন। সূত্রের খবর, নীতীশ ইতিমধ্যেই মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বুধবার গভীর রাতে জেডিইউ নেতা ও নীতীশের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে তাঁকে পদত্যাগ করতে বাধা দেওয়ার চেষ্টা করেন। জেডিইউ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী বলেন, 'নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়ার কথা বলা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।' নীতীশ কুমারের সম্ভাব্য পদত্যাগের পর সবচেয়ে বড় প্রশ্ন হল, বিহারের দায়িত্বে এবার কে আসবেন?

নানা রিপোর্ট অনুযায়ী, বিহারে এবার বিজেপির থেকে কেউ একজন মুখ্যমন্ত্রী হতে পারেন। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে অনেকের নাম উঠে আসছে। এই দৌড়ে দুই উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহার নাম উঠে আসছে। এছাড়া বিজেপি বিধায়ক সঞ্জীব চৌরাসিয়ার নাম নিয়েও আলোচনা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই দৌড়ে 'ডার্ক হর্স' হিসাবে আছেন। একই সঙ্গে জেডিইউর বিজয় কুমার চৌধুরী ও নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারের নাম নিয়েও আলোচনা চলছে।

রিপোর্ট অনুযায়ী, নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে নিয়ে বড় মন্তব্য করলেন জেডিইউ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী। তিনি বলেন, দলীয় কর্মীরা চাইছেন যাতে নিশান্ত রাজনীতিতে যোগদান করেন এবং তিনি শীঘ্রই তাঁর রাজনৈতিক ইনিংস শুরু করতে পারেন। এর আগে নিশান্তকে রাজ্যসভায় পাঠানো হবে বলে আলোচনা চলছিল। তবে এখন নীতীশ কুমার রাজ্যসভায় যেতে পারেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আকস্মিক সিদ্ধান্তের পিছনে সবচেয়ে বড় কারণ হল নীতীশ কুমারের স্বাস্থ্যের অবনতি। বেশ কিছুদিন ধরেই একটা ধারণা ছিল যে, বিহার সরকার সম্পূর্ণরূপে আমলাতন্ত্রের ওপর নির্ভর করছে। এই আবহে নীতীশ যদি রাজ্যসভায় যান, তাহলে বিহারের রাজনীতিতে একটি বড় যুগের অবসান হতে চলেছে এবং নতুন সমীকরণের সূচনা হবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More