ফুকেটে গা ঢাকা! গোয়া অগ্নিকাণ্ডে নয়া মোড়, অভিশপ্ত নাইটক্লাবের ২ মালিককে ফেরাতে ইন্টারপোলের...
গোটা ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
শনিবার গভীর রাতে লেলিহান অগ্নিশিখা গিলে খায় উত্তর গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় এক জনপ্রিয় নাইটক্লাব। দাউদাউ করতে জ্বলতে থাকে গোটা নাইটক্লাব। বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আর এই অগ্নিকাণ্ডের পর পরই দেশ ছেড়ে থাইল্যান্ডে পালান নাইটক্লাবের দুই মালিক সৌরভ এবং গৌরব লুথরা ওরফে ‘লিথরা ব্রাদার্স।' সূত্রের খবর, এই আবহেই নাইটক্লাবের কর্তাদের বিরুদ্ধে জারি হতে পারে ব্লু কর্নার নোটিস। তবে এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও কিছু জানায়নি প্রশাসন।

ব্লু কর্নার নোটিস কী?
ব্লু কর্নার নোটিস ইন্টারপোল বা আন্তর্জাতিক পুলিশ বাহিনীর অন্তর্গত। সাধারণভাবে কোনও অভিযুক্ত যদি দেশছাড়া হন, তখন অন্যান্য দেশের প্রশাসন ও সরকারকে সেই অভিযুক্ত সম্পর্কে অবগত করতে এই ইন্টারপোলের ব্লু কর্নার নোটিস জারি করা হয়। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, গোয়ার ওই ক্লাবের দুই মালিক, যথাক্রমে গৌরব লুথরা এবং সৌরভ লুথরার বিরুদ্ধে সম্ভবত এই নোটিস জারি করা হতে পারে। পাশাপাশি, এদের আরেক সঙ্গী অজয় গুপ্তর বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটে শনিবার রাতে। গোয়ার বাগা সমুদ্র সৈকতের কাছে স্থিতু আরপোরায় নাইটক্লাব। স্থানীয় এবং আগত পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়তা রয়েছে এই ক্লাবের। ঘটনার দিন ১২টার সময় আচমকা আগুন লেগে যায় ক্লাবের অন্দরে। সাড়ে ১২টা নাগাদ খবর পৌঁছয় দমকলের কাছে। আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমবন্ধ ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ২৫ জনের। যার মধ্যে মোট ২০ জন ক্লাবেরই কর্মী।
নাইটক্লাবে অগ্নিকাণ্ড ও পরবর্তী পদক্ষেপ
গোয়া পুলিশের তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের পর পরই নাইটক্লাবের দুই মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। আর এরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের খোঁজে দিল্লির বাড়িতে পুলিশের একটি দল পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়েও তাঁদের হদিস মেলেনি। এরপরই আইনের প্রাসঙ্গিক ধারা অনুসারে তাঁদের বাড়িতে একটি নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। জারি করা হয় লুকআউট নোটিশও। কিন্তু মুম্বইয়ের ব্যুরো অফ ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করার পরই আসল বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দুই মালিকই বিমানে করে ফুকেটে পালিয়েছেন। সেখানেই আপাতত গা ঢাকা দিয়েছে তাঁরা। ইতিমধ্যেই ওই ক্লাবটির জেনারেল ম্যানেজার-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
সৌরভ লুথরার প্রতিক্রিয়া
এরইমধ্যে আচমকা সোমবার নাইটক্লাবের মালিক ও চেয়ারম্যান সৌরভ লুথরা ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে জানান, এই মর্মান্তিক ঘটনায় কর্তৃপক্ষ 'ভীষণভাবে স্তব্ধ ও মর্মাহত', নিহতদের পরিবারের প্রতি তাদের আন্তরিক সমবেদনা। তিনি আশ্বস্ত করেছেন, নৈশক্লাব কর্তৃপক্ষের তরফে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য ও সমর্থন করা হবে। লুথরা আরও জানান, এই দুর্ঘটনাজনিত শোক ও মানসিক আঘাতের সময় ক্লাব কর্তৃপক্ষ নিহতদের পরিবার ও আহতদের পাশে অটুটভাবে রয়েছে।












